২০১৫: বিশ্ব যঁাদের দিকে তাকিয়ে

২০১৫ সাল, নতুন বছর সবে শুরু হয়েছে। নতুন বছর তারুণ্যের উদ্যোগ আর উদ্ভাবনে চমকিত হবে। ২০১৫ সালের বিশ্ব কাঁপাতে পারেন যাঁরা তাদের মধ্যে ক’জনের গল্প থাকছে আজ।

মার্ক জাকারবার্গ
মার্ক জাকারবার্গ

নতুন রূপে জাকারবার্গ
ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ যে এ বছরও আলোচনার শীর্ষে থাকবেন, তা আর বলার অপেক্ষা রাখে না। বয়স ৩০ পেরোনের আগেই বিশ্বের অন্যতম শীর্ষ ধনীর তকমা জুটেছে তাঁর নামের আগে। হোয়াটস অ্যাপ, ইন্সটাগ্রাম আর অকুলাস ভিআরের মতো প্রযুক্তি স্টার্ট-আপ অধিগ্রহণের মাধ্যমে আলোচিত তিনি। এবার তাঁর নতুন উদ্যোগ ইন্টারনেট ডট অর্গ (internet.org)। ইন্টারনেটকে কম খরচের মধ্যে আনা, অল্প ডেটা ব্যবহার করে ওয়েবসাইট, অ্যাপ ও স্মার্টফোনের বিকাশকে আরও সহজলভ্য করতেই এই উদ্যোগ তঁার। ২০১৫ সালে এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে বড় আকারে ইন্টারনেট ডট অর্গের কাজ ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন মার্ক।

এমা ওয়াটসন

সাম্যের জন্য এমা
শিশুতোষ সিনেমা সিরিজ হ্যারি পটার-এ অভিনয়ের জন্য সারা বিশ্বে জনপ্রিয় ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন। তবে এমা আর এখন ছোটটি নন। এমা ওয়াটসন ২০১৪ সালের শেষ ভাগে লিঙ্গভিত্তিক সমতার জন্য ‘হি ফর সি’ নামে সামাজিক আন্দোলনের জন্য আলোচিত হন। নারী অধিকার ও লিঙ্গভিত্তিক সমতা অর্জনের আন্দোলনের জন্য ২০১৫ সালের পুরোটা সময় পর্দার বাইরে বেশ ব্যস্ত থাকবেন তিনি। তিনি এখন কাজ করছেন জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা ইউএন উইমেনের শুভেচ্ছাদূত হিসেবে।

মেগান এলিসন

মেগানের জয়যাত্রা
মেগান এলিসন, ২৮ বছর বয়সী মার্কিন সিনেমা প্রযোজক ও অভিনেত্রী। জিরো ডার্ক থার্টি, আমেরিকান হাসল সিনেমা নির্মাণের জন্য তিনি আলোচিত। মাত্র ২৮ বছর বয়সেই ২০১৪ সালের টাইমস ম্যাগাজিনের সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তার ঠাই হয়। হলিউডের অন্নপূর্ণা পিকচার্সের প্রতিষ্ঠাতা তিনি। ২০১৫ সালে তার প্রযোজনা প্রতিষ্ঠানের অর্থায়নে টার্মিনেটর সিরিজের টার্মিনেটর জেনেসিস মুক্তি পাবে। ২০১৪ সালে প্রথম নারী হিসেবে অস্কারে একই বছরে সেরা সিনেমার জন্য তার দুটি সিনেমা হার ও অ্যামেরিকান হাসল মনোনীত হয়।

এলন মাস্ক

মহাকাশ িনয়ে এলন মাস্ক
স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণী এলন মাস্ক। তিনি বেসরকারি মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স ও মোটরযান নির্মাতা প্রতিষ্ঠান টেসলা মটরসের প্রধান নির্বাহী। ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত মাস্কের আয় ছিল ৭.৯ বিলিয়ন মার্কিন ডলার। ২০১৫ সালে মাস্ক ইলেকট্রিক গাড়ি মডেল এক্স পূর্ণাঙ্গভাবে বাজারে আনবেন। সহজে ইন্টারনেট সুবিধা দিতে গত বছর থেকে মহাকাশে ৭০০ কৃত্রিম উপগ্রহ পাঠানোর পরিকল্পনা করেন মাস্ক। এ ছাড়াও নতুন বছরে ৬০ হাজারেরও বেশি গাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি।
সূত্র: টাইম ম্যাগাজিন, আইএনসি ডট কম