'হ্যারি পটার' লেখিকার ছদ্মনাম ফাঁস!

‘হ্যারি পটার’-এর রচয়িতা জনপ্রিয় ব্রিটিশ লেখিকা জে কে রাউলিং
‘হ্যারি পটার’-এর রচয়িতা জনপ্রিয় ব্রিটিশ লেখিকা জে কে রাউলিং

দুনিয়াজোড়া তুমুল জনপ্রিয়তা পাওয়া কিশোর উপন্যাস ‘হ্যারি পটার’-এর লেখিকা জে কে রাওলিংয়ের ছদ্মনাম ফাঁস করে দেওয়ায় এক হাজার পাউন্ড জরিমানা এবং উকিল নোটিশ পেয়েছেন এক ব্রিটিশ আইনজীবী। রয়টার্স এ খবর জানিয়েছে।
ক্রিস গোসাজ নামের ওই আইনজীবী তাঁর স্ত্রীর ঘনিষ্ঠ বান্ধবী জুডিথ ক্যালিগ্যারির কাছে প্রকাশনা জগতে দুনিয়ার সবচেয়ে ‘গোপন’ খবরগুলোর একটি ফাঁস করে দেন। জুডিথ খবরটি টুইট করে এক সাংবাদিককে জানালে গণমাধ্যমে প্রকাশ পেয়ে যায় রাওলিংয়ের ছদ্মনাম।  
ব্রিটেনে সম্প্রতি ‘রবার্ট গ্যালব্রেইথ’ নামে এক লেখকের প্রথম উপন্যাস ‘দ্য কাক্কুস কলিং’ প্রকাশের পরপরই এ ঘটনা ঘটে। বইটির প্রচ্ছদসহ এর সব প্রচার ও বিজ্ঞাপনে লেখক রবার্ট গ্যালব্রেইথকে মিলিটারি পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। 
কিন্তু লন্ডনের রাসেলস সলিসিটার্স নামের আইনি সহায়তা প্রতিষ্ঠানের আইনজীবী ক্রিস গোসাজের এ কাজের ফলে সারা দুনিয়ায় প্রকাশ হয়ে যায়, যে ‘হ্যারি পটার’-এর লেখিকাই আসলে রবার্ট গ্যালব্রেইথ ছদ্মনামে এ উপন্যাসটি লিখেছেন।
এ ঘটনায় ক্ষিপ্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাওলিং। এরই প্রতিক্রিয়ায় গত সপ্তাহে আইনি প্রতিষ্ঠানটি তাদের ব্যবসায়িক অংশীদার ক্রিসকে এক হাজার পাউন্ড জরিমানা করে এবং একজন খদ্দেরের গোপনীয় তথ্য তৃতীয় পক্ষের কাছে ফাঁস করে দেওয়ায় উকিল নোটিশ দেয়। 
এদিকে এ ছদ্মনাম প্রকাশের পরপরই হু হু করে ‘দ্য কাক্কুস কলিং’ উপন্যাসটির বিক্রি বেড়ে যায় এবং কয়েক দিনের মধ্যেই তা বিক্রয় তালিকার শীর্ষে উঠে আসে। গত বছরের এপ্রিল মাসে প্রকাশিত উপন্যাসটি অনেক ভালো সমালোচনা পেলেও এর বিক্রি খুব বেশি ছিল না।    
কিন্তু রাসেলস সলিসিটার্সই রাওলিংয়ের প্রতিনিধিত্বকারী আইনি প্রতিষ্ঠান হওয়ায় প্রশ্ন উঠেছে যে এ ছদ্মনাম প্রকাশ কোনোভাবে বইটির বিক্রি বাড়ানোর কৌশল কি না। এ বিষয়ে যোগাযোগ করে প্রতিষ্ঠানটির কাউকে পাওয়া যায়নি।

এদিকে লেখিকা রাওলিং জানিয়েছেন, কোনো হই-হুল্লোড় ছাড়া একটি বই প্রকাশ এবং ভিন্ন নামে লেখা বইটি পাঠকেরা কীভাবে নিচ্ছেন তা দেখতে পাওয়াটা ‘খুবই চমত্কার’। অনেক সময় প্রকাশকেরা বইটি প্রকাশে অস্বীকৃতিও জানাতে পারেন এবং ‘হ্যারি পটার’-এর প্রথম প্রকাশের আগেও এমনটা হয়েছিল বলে জানান তিনি।

উপন্যাসটির প্রকাশক লিটল ব্রাউন। এ সংস্থাটিই গত বছর রাওলিংয়ের প্রথম প্রাপ্তবয়স্কদের উপন্যাস ‘দ্য ক্যাজুয়াল ভ্যাকান্সি’ প্রকাশ করে। এক মডেলের হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে নামা এক যুদ্ধ-ফেরত সেনা কর্মকর্তার গল্পকে ঘিরে আবর্তিত হয়েছে ‘দ্য কাক্কুস কলিং’ উপন্যাসটির কাহিনি।