তরুণ সাইফুল ইসলাম চাকরি করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। বাকি সময় কাটান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাতনামা, অসহায় রোগীদের সেবা করে। যার কেউ নেই, তার পাশেই তিনি দাঁড়ান। তাঁকে বাড়ি ফিরিয়ে দিয়েই সাইফুলের শান্তি। ১৭ বছরে প্রায় ৪৫০ জন মানুষ বাড়ি ফিরে গেছেন সাইফুলের সহায়তায়। দরদি এই তরুণকে নিয়ে ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করে ‘ছুটির দিনে’। এখন কেমন চলছে তাঁর কাজ?

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে পড়তাম। পাশেই ছিল ফেনী হাসপাতাল। প্রায়ই সেখানে যেতাম, দেখতাম, কত অসহায় রোগী কষ্ট পাচ্ছেন। একসময় অজান্তেই তাঁদের পাশে গিয়ে দাঁড়ানো শুরু করি। প্রথম প্রথম রক্ত জোগাড় করে দিতাম, পরে নিয়মিত সেবায় লেগে গেলাম। ব্যাপারটি মাথায় আরও বেশি ঢুকে যায় ২০০৭ সালে টাকার অভাবে বাবা যখন প্রায় বিনা চিকিৎসায় মারা যান। তখন প্রতিজ্ঞা করি, যত সামান্য আয়ই করি না কেন, অসহায় রোগীদের পেছনে খরচ করব। সেই থেকে শুরু।
২০১৩ সালে চট্টগ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে যুক্ত হই। চাকরির পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজে গিয়ে অজ্ঞাত রোগীদের নিয়ে কাজ করি। অজ্ঞাত রোগী বলতে গরিব ও অসহায় রোগী নয়। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে, মলম পার্টির খপ্পরে পড়ে রাস্তায় পড়ে থাকা রোগী। এসব রোগীর সেবার পাশাপাশি চিকিৎসা–সুবিধা বাড়ানোর জন্য কর্তৃপক্ষের সঙ্গে কাজ করতাম।
আমার উদ্যোগ নিয়ে বিভিন্ন সময় পত্রিকাতে খবরও প্রকাশিত হতো। তবে ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর ঘটে বিরাট এক ঘটনা। ‘ছুটির দিনে’ সেদিন আমাকে নিয়ে ‘অন্য রকম একজন’ শিরোনামে একটা প্রতিবেদন প্রকাশ করে। খবরটা পড়ে দেশ-বিদেশ থেকে শত শত মানুষ ভালোবাসা জানাতে থাকেন। অনেকে পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করে। খবরটা পড়ে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক আমাকে পুরস্কৃত করেন।
এরপর প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর প্রামাণ্যচিত্রে অজ্ঞাত রোগীদের নিয়ে আমার কাজের গল্পও তুলে ধরা হয়, যা আরও অনেকের কাছে পৌঁছে যায়। আমাকে বাহবা জানান অনেক মানুষ। আমার কাজের পরিধি বাড়তেই থাকে। প্রায় ৯০০ অজ্ঞাতনামা রোগীর সেবা দিতে পেরেছি। তার মধ্যে ৪৫০ জনকে পরিচয় শনাক্ত করে পরিবারের স্বজনের কাছে তুলেও দিয়েছি।
অজ্ঞাতনামা রোগীদের জন্য একটা হাসপাতাল বানানোর ইচ্ছা আমার ছিল। সেই স্বপ্নও পূরণ হতে চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মানুষ হাসপাতাল নির্মাণের জন্য জমি দান করেছেন। আশা করি, শিগগিরই হাসপাতাল নির্মাণকাজেও হাত দিতে পারব।
‘ছুটির দিনে’র প্রতিবেদনের পর একটি অ্যাম্বুলেন্সও পেয়েছি। চট্টগ্রাম মেডিকেল কলেজে অজ্ঞাতনামা রোগীদের জন্য ‘ইমার্জেন্সি মেডিসিন কর্নার’, পরিচর্যার জন্য চারজন ‘কেয়ার গিভার’ নিয়োগ, অজ্ঞাতনামা রোগীদের জন্য বিশেষ পোশাকের ব্যবস্থাসহ একটি বেসরকারি হাসপাতালে অজ্ঞাতনামা রোগীদের চেকআপের ব্যবস্থা করতে পেরেছি।
‘ছুটির দিনে’র প্রতিবেদনের কারণে আমার কাজ অনেক দূর এগিয়েছে। অজ্ঞাত রোগীদের বিষয়টি কথা এখন প্রায় মানুষই জানে। স্বপ্ন দেখি প্রতিটি হাসপাতালে অজ্ঞাতনামা রোগীদের বিশেষ সেবার ব্যবস্থা থাকবে। এখন বিভিন্ন সংগঠন হাসপাতালে হাসপাতালে অজ্ঞাত রোগীদের নিয়ে কাজ করছে। দেখে আমার অনেক ভালো লাগে। ‘ছুটির দিনে’র প্রতিবেদনের কারণেই সম্ভব হয়েছে এই পরিবর্তন।