ফোক হাই স্কুলের বড় আকর্ষণ আবাসিক জীবন
ফোক হাই স্কুলের বড় আকর্ষণ আবাসিক জীবন

পরীক্ষা নেই, নম্বর নেই, তবু এই ‘আবাসিক স্কুলে’ আছে নানা কিছু শেখার সুযোগ

ভাবুন তো, এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হলেন, যেখানে পরীক্ষার চিন্তা নেই। ভালো নম্বর পাওয়ার প্রতিযোগিতা নেই, ফেল করার ভয়ও নেই। নিজের পছন্দের বিষয় নিয়ে পড়ছেন। সহপাঠীদের সঙ্গে থাকছেন, গাইছেন, খেলাধুলা করছেন। কখনো দল বেঁধে কোনো সমস্যার সমাধান খুঁজছেন, কখনো নতুন কিছু তৈরি করছেন। অথচ এসবের জন্য মিলবে না কোনো ডিগ্রিও!

ডেনমার্কে এমন শিক্ষাপ্রতিষ্ঠান সত্যিই আছে। এদের বলে ‘ফোক হাই স্কুল’। ডেনিশ ভাষায় ‘হায়েস্কুলে’। মূলত প্রাপ্তবয়স্কদের জন্য গড়ে ওঠা এসব আবাসিক প্রতিষ্ঠানের উদ্দেশ্য শুধু পেশাগত দক্ষতা বাড়ানো নয়; নিজের আগ্রহ খুঁজে পাওয়া, নতুন কিছু শেখা এবং অন্যদের সঙ্গে মিলেমিশে চলার অভিজ্ঞতা অর্জন।

ডেনমার্কে এ ধরনের প্রায় ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। আছে ২৫০টির বেশি বিষয়ে শেখার সুযোগ।

যেখানে ফেল করার ভয় নেই

ফোক হাই স্কুলে ভর্তির জন্য সাধারণত নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না। নেই প্রচলিত স্কুল-কলেজের মতো নির্ধারিত পাঠ্যক্রম, নম্বর কিংবা চূড়ান্ত পরীক্ষা। প্রতিটি প্রতিষ্ঠান নিজস্ব শিক্ষাদর্শ অনুযায়ী বিষয় ও পাঠদানের পদ্ধতি ঠিক করে।

কেউ সংগীত, সাহিত্য বা দর্শন পড়তে পারেন। কেউ বেছে নেন খেলাধুলা, ফটোগ্রাফি, চলচ্চিত্র, রাজনীতি কিংবা পরিবেশবিষয়ক কাজ। বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি, নকশা, থিয়েটার ও নৃত্যের মতো বিষয়ও আছে। অনেক প্রতিষ্ঠানে একাধিক বিষয় বেছে নেওয়ার সুযোগ থাকে।

কোর্সের মেয়াদও একেক রকম। স্বল্পমেয়াদি কোর্স কয়েক দিনের হতে পারে। দীর্ঘমেয়াদি কোর্স সাধারণত কয়েক মাস চলে। চার সপ্তাহের বেশি সময়ের কোর্স শেষে সাধারণত অংশগ্রহণের সনদ দেওয়া হয়। তবে জানিয়ে রাখি, এটা কিন্তু কোনো ‘একাডেমিক ডিগ্রি’ নয়।

ক্লাসের বাইরেও শেখা

ফোক হাই স্কুলের বড় আকর্ষণ আবাসিক জীবন। শিক্ষার্থীরা একই প্রতিষ্ঠানে থাকেন, একসঙ্গে খাবার খান, পড়াশোনা করেন, অবসর কাটান। ফলে শেখার সুযোগ শুধু ক্লাসরুমে সীমাবদ্ধ থাকে না।

অনেক প্রতিষ্ঠানে দিনের শুরু হয় সম্মিলিত গান দিয়ে। কোথাও শিক্ষার্থীরা রান্না কিংবা পরিচ্ছন্নতার কাজেও অংশ নেন। দলগত কাজ, আলোচনা ও দৈনন্দিন দায়িত্ব ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে সহযোগিতা ও সহনশীলতার চর্চা হয়। শিক্ষকদের সঙ্গেও শিক্ষার্থীদের সম্পর্ক শুধু পাঠদান আর পাঠ গ্রহণের মধ্যে সীমাবদ্ধ থাকে না।

যে ভাবনা থেকে শুরু

এই শিক্ষাধারার ইতিহাস প্রায় ২০০ বছরের পুরোনো। এর সঙ্গে জড়িয়ে আছে ডেনমার্কের দার্শনিক, লেখক ও শিক্ষাচিন্তাবিদ নিকোলাই ফ্রেডেরিক সেভেরিন গ্রন্ডটিগের নাম।

গ্রন্ডটিগ মনে করতেন, শিক্ষা শুধু উচ্চশিক্ষার সুযোগ পাওয়া মানুষের জন্য নয়। সাধারণ মানুষেরও ইতিহাস, সংস্কৃতি ও সমাজ সম্পর্কে জানার সুযোগ থাকা উচিত। শিক্ষার উদ্দেশ্য কেবল ‘চাকরিজীবী’ তৈরি করা নয়, সচেতন নাগরিক গড়ে তোলা।

১৮৩০-এর দশকে তিনি ফোক হাইস্কুলের ধারণা তুলে ধরেন। তাঁর চিন্তা থেকে অনুপ্রাণিত হয়ে ১৮৪৪ সালে শ্লেসভিগ অঞ্চলের রোডিংয়ে প্রথম ডেনিশ ফোক হাইস্কুল প্রতিষ্ঠিত হয়। এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ডেনিশ শিক্ষাবিদ ক্রিস্টিয়ান ফ্লোরের। পরে ১৮৫১ সালে আরেক শিক্ষাবিদ ক্রিস্টেন কোল্ড আরও একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। আবাসিক শিক্ষার এই ধারাকে জনপ্রিয় করতে তাঁরও বড় অবদান আছে।

১৮৬৪ সালের যুদ্ধে ডেনমার্কের পরাজয়ের পর ফোক হাইস্কুল আন্দোলন বিস্তৃত হয়। জাতীয় পরিচয়, সংস্কৃতি ও সামাজিক সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রেও প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

কারা পড়তে পারেন

সাধারণ ফোক হাই স্কুলে ভর্তির ন্যূনতম বয়স সাড়ে ১৭ বছর। তবে ভর্তির ক্ষেত্রে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। দীর্ঘমেয়াদি কোর্সে সাধারণত ২০ থেকে ২৪ বছর বয়সীদের উপস্থিতি বেশি। অনেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে কিংবা পড়াশোনা থেকে সাময়িক বিরতি নিয়ে এখানে আসেন। স্বল্পমেয়াদি কোর্সে প্রবীণদের অংশগ্রহণও উল্লেখযোগ্য।

প্রতিষ্ঠানগুলোর ধরনেও বৈচিত্র্য আছে। কোথাও খেলাধুলা, কোথাও শিল্পকলা, কোথাও সংগীত কিংবা ধর্মীয় শিক্ষার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কাজে লাগে?

ফোক হাই স্কুলের কোর্স কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বা ক্রেডিটের সমতুল্য নয়। শুধু এখানে পড়াশোনা করলেই উচ্চশিক্ষায় ভর্তির যোগ্যতা অর্জিত হয় না।

তবে ডেনমার্কের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ‘কোটা ২’ পদ্ধতিতে কোনো কোনো প্রতিষ্ঠানে শিক্ষাগত ফলাফলের পাশাপাশি প্রাসঙ্গিক অভিজ্ঞতা ও দক্ষতাও বিবেচনা করা হয়। সে ক্ষেত্রে ফোক হাইস্কুলে কাটানো সময় কাজে আসতে পারে। বিষয়টি নির্ভর করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও কোর্সের ভর্তি-নীতির ওপর।

পরীক্ষা, নম্বর কিংবা ডিগ্রির গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। তবে শেখার সব অর্জন কি মার্কশিটে ধরা পড়ে? নতুন মানুষের সঙ্গে পরিচয়, অন্যের দৃষ্টিভঙ্গি বোঝা কিংবা নিজের অজানা সামর্থ্য আবিষ্কারেরও তো মূল্য আছে। এআইয়ের যুগে এসব নিশ্চয়ই আরও বেশি মূল্যবান।