
আপনারই এক বন্ধু হয়তো স্নাতক করেই চাকরিতে ঢুকে গেছে, আরেক বন্ধু একটি ইন্টার্নশিপ জোগাড় করতেই হয়তো হিমশিম খাচ্ছে। প্রতিযোগিতামূলক কর্মজীবনে অনেক সময় শুধু দক্ষতা থাকলেই হয় না। একই যোগ্যতা নিয়ে অনেক মানুষ কাজ করছেন, কিন্তু সবার মধ্যে কেউ কেউ দ্রুত পরিচিতি পান, নতুন সুযোগ পান, নেতৃত্বের জায়গায় পৌঁছে যান, আবার অনেকে পিছিয়ে থাকেন। এর একটি গুরুত্বপূর্ণ কারণ, ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের অভাব।
ব্র্যান্ড বলতে আমরা সাধারণত কোনো পণ্য বা প্রতিষ্ঠানের পরিচিতিকে বুঝি, যার কারণে তা সমাদৃত হয় মানুষের কাছে। যেমন একটি নির্দিষ্ট ব্র্যান্ডের নাম শুনলে আমাদের মনে এর পণ্যের গুণগত মান, বৈশিষ্ট্য সম্পর্কে ইতিবাচক অনুভূতি তৈরি হয়। একইভাবে একজন মানুষের ক্ষেত্রেও তার নিজস্বতা একটি ‘ব্র্যান্ড’ হয়ে উঠতে পারে, যা তার ব্যক্তিত্ব, দক্ষতা, মূল্যবোধ ও কাজের ধরনকে অন্যদের কাছে তুলে ধরে। এটিই হলো ব্যক্তিগত ব্র্যান্ডিং বা পারসোনাল ব্র্যান্ডিং। সহজভাবে বললে, ব্যক্তিগত ব্র্যান্ডিং হলো নিজের দক্ষতা, মূল্যবোধ, বিশেষত্ব ও স্বকীয়তাকে সচেতনভাবে প্রকাশ করার একটি কৌশল।
ব্যক্তিগত ব্র্যান্ডিং শুধু পরিচিতি বাড়ায় না, কর্মজীবনে নতুন সম্ভাবনার দরজাও খুলে দেয়। প্রথমত, বিশেষ দক্ষতার জন্য এটি আপনাকে অন্যদের কাছে পরিচিত করে তোলে। নতুন প্রকল্প, চাকরির সুযোগ বা পদোন্নতির ক্ষেত্রে মানুষ আপনাকে মনে রাখেন। দ্বিতীয়ত, এটি আপনাকে এমন মানুষদের সঙ্গে যুক্ত করে, যাঁদের সঙ্গে আপনার আগ্রহ ও লক্ষ্য মিলে যায়। এ ছাড়া ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের কিছু অভ্যন্তরীণ সুবিধাও আছে। যেমন আত্মবিশ্বাস বৃদ্ধি, লক্ষ্য ও মূল্যবোধ সম্পর্কে পরিষ্কার হওয়া, নিজের সক্ষমতা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া ইত্যাদি।
১. নিজের উদ্দেশ্য নির্ধারণ করুন
ব্যক্তিগত ব্র্যান্ড তৈরির প্রথম ধাপ হলো নিজের লক্ষ্য, মূল্যবোধ ও উদ্দেশ্য বোঝা। নিজেকে কয়েকটি প্রশ্ন করা যেতে পারে—
• আমি কোন বিষয়ে আগ্রহী?
• মানুষ আমাকে কোনো দক্ষতার জন্য চিনুক বলে আমি চাই?
• আমার কাজ বা দক্ষতা অন্যদের কীভাবে উপকার করে?
এই প্রশ্নগুলোর উত্তর থেকেই তৈরি হয় আপনার ব্যক্তিগত মূল্য বা ভ্যালু প্রপজিশন। অর্থাৎ বোঝা যায়, চাকরির বাজারে আপনার মূল্য ঠিক কতটা।
২. নিজের বর্তমান অবস্থান মূল্যায়ন করুন
আপনার বর্তমান পরিচিতি কী এবং মানুষ আপনাকে কীভাবে দেখে, এ বিষয়টি নিয়ে চিন্তা করুন।এখানে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ—আপনার শিক্ষা ও অর্জন, আপনার যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের দক্ষতা, জীবনের অভিজ্ঞতা থেকে পাওয়া দক্ষতা। এগুলোর বিশ্লেষণ থেকে বোঝা যায়, আপনি বর্তমানে কোন অবস্থানে আছেন এবং কোথায় যেতে চান।
৩. টেল ইয়োর স্টোরি বা নিজের গল্প তৈরি করুন
মানুষ তথ্য নয়; বরং গল্পই মনে রাখে। তাই নিজের অভিজ্ঞতা, সাফল্য, এমনকি ব্যর্থতার গল্পও আপনার ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের অংশ হতে পারে। উদাহরণস্বরূপ, কোনো ঝুঁকি নিয়ে সফল হওয়ার অভিজ্ঞতা বা একটি নতুন ধারণা বাস্তবায়নের গল্প আপনাকে অন্যদের কাছে আলাদা করে তুলবে।
৪. নিজের ব্র্যান্ডকে প্রকাশ করুন
এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ব্যক্তিগত ব্র্যান্ড শুধু ভাবনার মধ্যে থাকলে চলবে না, এটি প্রকাশ করতে হবে। এর জন্য কর্মক্ষেত্রে আচরণ ও কাজের মাধ্যমে, সামাজিক যোগাযোগমাধ্যমে, পেশাগত নেটওয়ার্কে যেভাবে পারুন নিজের দক্ষতা ও যোগ্যতা তুলে ধরার চর্চা করতে হবে। তবে মনে রাখতে হবে, বাড়াবাড়ি করা যাবে না।
৫. নেটওয়ার্ককে কাজে লাগান
ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করতে শুধু নিজের প্রচেষ্টা নয়, অন্য মানুষের সমর্থনও গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে চার ধরনের মানুষ গুরুত্বপূর্ণ হতে পারে।
ক. গেটকিপারস: তাঁরা আপনার লক্ষ্য পূরণে সিদ্ধান্তমূলক ভূমিকা রাখেন, যেমন আপনার বস।
খ. ইনফ্লুয়েন্সারস: তাঁরা আপনার পরিচিতি বাড়াতে সাহায্য করতে পারেন, যেমন আপনার সহকর্মী।
গ. মোর্টাস: তাঁরা আপনাকে সমর্থন করেন, যেমন আপনার বন্ধু বা সহকর্মী।
ঘ. কমিউনিটি: যাঁদের সঙ্গে আপনার আগ্রহ ও লক্ষ্য মিলে যায়।
৬. নিয়মিত পর্যালোচনা করুন
ব্যক্তিগত ব্র্যান্ড একবার তৈরি করলেই শেষ, বিষয়টি কিন্তু এমন নয়। সময়ের সঙ্গে সঙ্গে এটির পরিবর্তন ও উন্নয়ন প্রয়োজন। সহকর্মী, বন্ধু বা মেন্টরদের কাছ থেকে মতামত নিয়ে নিজের ব্র্যান্ডকে আরও শক্তিশালী করা যায়। নতুন নতুন দক্ষতা আপনার ব্যক্তিগত ব্র্যান্ডকে আরও ঝকঝকে ও শাণিত করে।
বর্তমান বিশ্বের প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে শুধু দক্ষতা অর্জনই যথেষ্ট নয়, নিজেকে সঠিকভাবে উপস্থাপনও গুরুত্বপূর্ণ। একটি শক্তিশালী ব্যক্তিগত ব্র্যান্ড আপনাকে শুধু পরিচিতিই দেয় না; বরং আপনাকে সঠিক সময়ে সঠিক সুযোগ ও মানুষের সঙ্গে যুক্ত করে। তাই নিজের মূল্য বুঝে, সচেতনভাবে সেটি প্রকাশ করতে পারলেই পারসোনাল ব্র্যান্ডিং হয়ে উঠতে পারে আপনার পেশাগত জীবনে সফলতার অন্যতম হাতিয়ার।