ঢাকায় সালমান খানের ফ্যাশন ব্র্যান্ড

ঢাকায় চালু হচ্ছে বিয়িং হিউম্যান ব্র্যান্ড
ছবি: বিয়িং হিউম্যানের ফেসবুক থেকে

বাংলাদেশে আসছে সালমান খানের ফ্যাশন ব্র্যান্ড বিয়িং হিউম্যান ক্লদিং। ঢাকার বনানীতে চালু হচ্ছে তাদের শোরুম। বাংলাদেশে এটাই হবে তাদের প্রথম দোকান। বলিউড অভিনেতার একটি ভিডিও বার্তা শেয়ার করে খবরটি জানিয়েছে বিয়িং হিউম্যান বাংলাদেশের ফেসবুক পেজ।

ভিডিও বার্তায় সালমান খান বলেন, ‘হাই বাংলাদেশ। ঢাকার প্রাণকেন্দ্রে আপনাদের জন্য চমক নিয়ে আসছে বিয়িং হিউম্যান ক্লদিং লাইন। প্রথমবারের মতো ১৫ সেপ্টেম্বর দুপুরে বনানীর ১০ নম্বর সড়কে উদ্বোধন হচ্ছে দোকানটি।’ সবাইকে সেই আয়োজনে শামিল হতেও বলেছেন এই অভিনেতা।

বিশ্বের ৭৫টি দেশে শাখা আছে ব্র্যান্ডটির

খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশে সালমান খানের এই ব্র্যান্ডের ম্যানেজিং পার্টনার এমএসআর গ্রুপ। প্রতিষ্ঠানটির অন্যতম অংশীদার রেহান রহমান বলেন, বাংলাদেশে প্রথমবার চালু হচ্ছে বিয়িং হিউম্যানের শাখা। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন সালমান খানের ভাই অভিনেতা সোহেল খান, তাঁর বোনের ছেলে আয়ান অগ্নিহোত্রী ও বিয়িং হিউম্যান ক্লদিংয়ের প্রধান পরিচালন কর্মকর্তা সঞ্জীব রাও।

বিং হিউম্যান ক্লদিং ব্র্যান্ডের পোশাকে নিয়মিত দেখা যায় সালমান খানকে

২০১২ সালে প্রতিষ্ঠিত হয় বিয়িং হিউম্যান ক্লদিং। বিশ্বের ১৫টি দেশে ব্র্যান্ডটির ৭৫টি বিশেষ শোরুম রয়েছে, এ ছাড়া প্রায় ৫০০ দোকানে মেলে বিয়িং হিউম্যানের ফ্যাশন পণ্য। ব্র্যান্ডটি থেকে পাওয়া লভ্যাংশ সালমান খান ফাউন্ডেশনে চলে যায়। ভারতের সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনা ও স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে এ ফাউন্ডেশন।