স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানসংশ্লিষ্ট বিষয়ে পড়েননি। কিন্তু তাঁর ভালো লাগা বা কাজ এই বিজ্ঞান ঘিরেই। কীভাবে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ জন্মাল? কীভাবে নিজেকে তৈরি করলেন? পড়ুন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তথ্য প্রযুক্তি ও ব্যবস্থাপনা বিভাগের বিসিআইসি কলেজের (ব্যবসা শিক্ষা) শিক্ষার্থী আরিফুল ইসলাম–এর ঘটনা

আমার প্রোগ্রামিং শেখার যাত্রাটা খুব বেশি দিনের নয়। করোনাকালে যখন অনেকটা অবসর পেয়েছি, তখনই নতুন কিছু করার চেষ্টা করছিলাম। যেহেতু আগে থেকেই গ্রাফিকস ডিজাইনিং কিছুটা পারতাম, তাই প্রথমে মনে হলো, থ্রিডি মডেলিং এবং ডিজাইনিং শিখব। কিন্তু আমার কম্পিউটারটি এই কাজের জন্য যথেষ্ট ছিল না। তাই আমি এমন কিছু খুঁজছিলাম, যা আমার কম্পিউটার দিয়েই করা সম্ভব। সেখান থেকেই প্রোগ্রামিং শেখার শুরু।
যাত্রাটা সহজ ছিল না। ছোটবেলা থেকে যদি বিজ্ঞান নিয়ে পড়তাম, তাহলে হয়তো জড়তা কিছুটা কম থাকত। যখন পাইথনের মাধ্যমে ডেটা সায়েন্স পড়তে যাই, তখন অনেক গাণিতিক বিষয় জানা ছিল না বলে অনেক কিছুই বুঝতাম না। আবার যখন ইউনিটি নিয়ে কাজ করি, তখন পদার্থবিজ্ঞানের অনেক বিষয় জানতে হলো। এগুলো সবই আমি নতুন করে শিখেছি। শুরুটা করেছিলাম ওয়েব ডেভেলপার হিসেবে। তারপর ডেটা সায়েন্স শেখার জন্য প্রোগ্রামিংয়ের নানা কিছু নিয়ে পড়ালেখা করে উপলব্ধি করলাম, আমার সফটওয়্যারকেন্দ্রিক কাজে বেশি আগ্রহ। বর্তমান আমি ফুল স্ট্যাক, অটোমেশন ও কম্পিটেটিভ প্রোগ্রামিং নিয়ে কাজ করছি।
সি, সি++, সি#, জাভাস্ক্রিপ্ট, টাইপস্ক্রিপ্ট, পাইথন, ডার্ট, ব্যাশ ল্যাঙ্গুয়েজসহ আরও অনেক কিছু নিয়েই কাজ করেছি। যদিও শুরুটা করেছিলাম কোডউইথহ্যারির জাভাস্ক্রিপ্ট দিয়ে। কিন্তু একটা প্ল্যাটফর্ম থেকে তো সবকিছু শেখা যায় না। আমি একই জিনিস বিভিন্ন জায়গা থেকে শেখার চেষ্টা করেছি, তাতে আমার জন্য বুঝতে সহজ হয়েছে।