বর্ষায় ছাদবাগানের যত্ন নেবেন যেভাবে

বর্ষার টানা বৃষ্টি ছাদবাগানের গাছপালাকে যেমন সতেজ করে তোলে, তেমনি অতিবৃষ্টি ডেকে আনতে পারে নানা ধরনের সমস্যা। তাই এ সময় একটু বাড়তি যত্ন আর সঠিক পরিচর্যাই পারে আপনার শখের ছাদবাগানকে সুস্থ ও সবুজ রাখতে।

এ সময় একটু বাড়তি যত্ন আর সঠিক পরিচর্যাই আপনার শখের ছাদবাগানকে সুস্থ ও সবুজ রাখতে পারে। মডেল: আরিন, স্থান কৃতজ্ঞতা: রিয়াজুল জব্বার
ছবি: সাবিনা ইয়াসমিন

বর্ষার বৃষ্টি যখন মাত্রা ছাড়িয়ে অতিবৃষ্টিতে রূপ নেয় তখন আপনার যত্নে গড়ে তোলা ছাদবাগানটির একটু বাড়তি যত্ন না নিলেই নয়। বর্ষার পানি পেয়ে প্রকৃতি যেমন নতুন রূপ নেয়, তেমনি অতিরিক্ত পানি, স্যাঁতসেঁতে আবহাওয়া আর মেঘের আড়ালে হারানো সূর্যের আলোর অভাবে এ সময় গাছের রোগবালাই, পোকামাকড়ের আক্রমণ ও ছত্রাকের সংক্রমণের মাত্রাটাও কিছুটা বাড়ে।

বর্ষায় ছাদবাগানের সঠিক পরিচর্যা ও নতুন চারা রোপণের বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন ঢাকার আসাদ গেটে অবস্থিত ফলবীথি হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মো. রুহিদ হাসান। তাঁর দেওয়া দরকারি পরামর্শ ও প্রয়োজনীয় সতর্কবার্তা নিয়ে আমাদের আজকের আয়োজন:

১. চারা রোপণের মোক্ষম সময়

সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শটাই থাকলো শুরুতে। উদ্যানতত্ত্ববিদ মো. রুহিদ হাসান জানান, বর্ষাকালে নিয়মিত বৃষ্টির ফলে মাটিতে পর্যাপ্ত রস থাকায় এখনই চারা রোপণের উপযুক্ত সময়। তাই আপনার ছাদবাগানে নতুন চারা রোপণের পরিকল্পনা থাকলে এখনই উদ্যোগ নেওয়ার সেরা সময়।

নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য গাছটিকে অন্তত ৪-৫ দিন ছায়ার মধ্যে (সেমি-শেড) রাখুন

২. মেলা থেকে গাছ কেনা ও রোপণের বিশেষ সতর্কতা

বৃক্ষমেলা থেকে সুন্দর একটি গাছ কিনে এনেই সরাসরি ছাদে বা কড়া রোদে বসিয়ে দেবেন না। নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য গাছটিকে অন্তত ৪-৫ দিন ছায়ার মধ্যে (সেমি-শেড) রাখুন। এরপর যে টবে রোপণ করবেন সেই টবের নিচে এক প্রস্থ লেয়ারের ইটের খোয়া বা বালু দিয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করে তবেই চারা রোপণ করতে হবে। ভারী বৃষ্টির দিনে নতুন গাছ রোপণ না করে, আকাশ কিছুটা পরিষ্কার হয়ে এলে তবেই রোপণ করা ভালো।

৩. পানি নিষ্কাশন ও সেচ সতর্কতা

টবে বা ড্রামে কোনোভাবেই পানি জমতে দেওয়া যাবে না, নিখুঁত ড্রেনেজ বা পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। মাটিতে ভেজা ভাব থাকলে গাছে নতুন করে পানি দেওয়ার প্রয়োজন নেই।অনেক সময় বৃষ্টি হওয়ার পরেও আমরা প্রতিদিনের স্বভাববশত না বুঝেই আবার পানি দিয়ে ফেলি, যার ফলে অতিরিক্ত পানি গাছের শিকড় পচিয়ে দিতে পারে- এতে গাছ মারাও যেতে পারে। ফলে এ বিষয়ে যথেষ্ট সতর্ক থাকতে হবে।

এই সময়ে ডাল ছাঁটাইয়ের ফলে গাছের যে ক্ষতি বা ক্ষত হয়, গাছ তা খুব দ্রুত পূরণ করে নিতে পারে

৪. রোগাক্রান্ত ডালপালা ছাঁটাই (প্রুনিং)

গাছের মরা, পচা বা রোগাক্রান্ত পাতা ও ডালপালা দ্রুত বিদায় করতে হবে বাগান থেকে। বর্ষাকালের একটি বড় সুবিধা হলো, এই সময়ে ডাল ছাঁটাইয়ের ফলে গাছের যে ক্ষতি বা ক্ষত হয়, গাছ তা খুব দ্রুত পূরণ করে নিতে পারে। তবে ডাল কাটার অংশটিতে ছত্রাকের সংক্রমণ ঠেকাতে সামান্য হলুদ গুঁড়ো বা ছত্রাকনাশক লাগিয়ে দেওয়া ভালো।

৫. পোকা-মাকড় ও ছত্রাক দমন

স্যাঁতসেঁতে আবহাওয়ায় রোগ-পোকার আক্রমণ স্বাভাবিকভাবেই বেড়ে যায়। তাই নিয়মিত বাগান পর্যবেক্ষণ করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। উদ্যানতত্ত্ববিদ রুহিদ হাসানে পরামর্শ -বর্ষাকালে ছাদবাগানের মরিচ চাষের ক্ষেত্রে মাকড়ের আক্রমণের হাত থেকে রক্ষা করতে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এবং নিয়মিত মাকড়নাশক ও ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে।

৬. সার প্রয়োগের সঠিক নিয়ম

গাছের বৃদ্ধি ও পুষ্টির জন্য প্রয়োজনমতো জৈব বা সুষম সার ব্যবহার করতে হবে। তবে সার দেওয়ার সঠিক সময়টাও জানা জরুরি। যেকোনো ফল গাছসহ অন্যান্য অধিকাংশ গাছে সার প্রয়োগের উপযুক্ত সময় হলো বর্ষার আগে একবার এবং বর্ষার পরে আরেকবার। তাই গাছের সারা বছরের চাহিদার অনুপাতে যেই পরিমাণ সার প্রয়োজন হয় সেই সারকে সমান দুই ভাগে ভাগ করে এক ভাগ বর্ষার শুরুতে এবং বাকি অর্ধেক ভাগ বর্ষার পরে প্রয়োগ করতে হবে।

বর্ষাকালে নিয়মিত বৃষ্টির ফলে মাটিতে পর্যাপ্ত রস থাকায় এখনই চারা রোপণের উপযুক্ত সময়

৭. ঝড়-বৃষ্টিতে খুঁটি ও বাড়তি সুরক্ষা

বর্ষার ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসের আশঙ্কা থাকলে প্রয়োজন বাড়তি সতর্কতা- গাছ যেন উপড়ে না যায় বা হেলে না পড়ে, সেজন্য বড় ও লম্বা গাছগুলোতে অবশ্যই শক্ত খুঁটি দিতে হবে। লতানো গাছের মাচা শক্ত বাঁধনে বাধা আছে কি না দেখতে হবে। হালকা ছোট টবগুলো ঝড়ের আগে নিরাপদ স্থানে বা দেয়ালের পাশে সরিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

৮. ডেঙ্গু প্রতিরোধে বিশেষ সতর্কতা

ছাদবাগানকে সুন্দর রাখার পাশাপাশি আমাদের একটি বড় সামাজিক দায়িত্বও রয়েছে। উদ্যানতত্ত্ববিদ মো. রুহিদ হাসান জোর দিয়ে মনে করিয়ে দেন, ছাদের বা টবের কোথাও যেন পানি জমে না থাকে—এই বিষয়ে শতভাগ সতর্ক থাকতে হবে। টবের নিচের ট্রে বা ভাঙা পাত্রে জমে থাকা স্বচ্ছ পানি এডিস মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়। তাই নিয়মিত ছাদ পরিষ্কার রাখলে বাগান যেমন সুরক্ষিত থাকে, তেমনি ডেঙ্গু প্রতিরোধেও তা যথেষ্ট ভূমিকা রাখে। একটুখানি বাড়তি নজরদারি আর সঠিক পরিচর্যা পেলেই আপনার ছাদবাগানটি এই বর্ষায় হয়ে উঠবে আরও সবুজ, সতেজ আর ফুল ও ফলের সম্ভারে ভরপুর।