বাড়িতে কাপড়ের ন্যাকড়া থেকে শুরু করে বৈদ্যুতিক যন্ত্রপাতি পর্যন্ত কত কীই–না আমাদের ব্যবহার করতে হয়। দৈনন্দিন ব্যবহারের কিছু যন্ত্রপাতি আর বস্তু নিয়মিত পরিষ্কার না করলে হঠাৎই একদিন ঘটতে পারে অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ দুর্ঘটনা। আসুন, জেনে নিই অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে আমাদের কী কী নিয়মিত পরিষ্কার করা উচিত।

টোস্টার
অনেক বাড়িতেই পাউরুটি টোস্ট করার জন্য টোস্টার ব্যবহার করা হয়। টোস্টার নিয়মিত পরিষ্কার না করলে সেটা থেকেও আগুনের সূত্রপাত হতে পারে। পাউরুটির গুঁড়া টোস্টারের তলায় জমা হতে থাকে। বারবার ব্যবহারের ফলে এই গুঁড়াগুলোও গরম হতে পারে এবং টোস্টার থেকে ধোঁয়া বের হতে শুরু করে। পনির বা মাখনজাতীয় পদার্থ টোস্টারের হিটিং প্যানেলে গলে যাওয়ার কারণেও এমনটি ঘটে থাকে। হিট সোর্সে কিছু লেগে থাকলে সেটা আরও বিপজ্জনক। কারণ, সেগুলো থেকে টোস্টারের তলায় জমে থাকা পাউরুটির গুঁড়ার চেয়েও দ্রুত ধোঁয়া বের হবে। এ কারণে প্রতিবার ব্যবহারের পর পাউরুটির গুঁড়া পরিষ্কার করতে হবে। সেই সঙ্গে এটাও নিশ্চিত করতে হবে, টোস্টারের হিটিং সোর্সে যেন কোনো কিছু লেগে না থাকে।
ইঁদুর ও পোকামাকড়
অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণগুলো নিয়ে ভাবতে গেলে আমাদের মাথায় কখনোই ইঁদুর কিংবা অন্যান্য কীটপতঙ্গের কথা মনে আসে না। কিন্তু আসল কথা হলো, আপনি যদি বাসায় পোকামাকড় নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা না নেন, তাহলে সেগুলোর কারণেও মারাত্মক অগ্নিকাণ্ড ঘটতে পারে। যেমন ইঁদুর আপনার ঘরের ভেতর খড় কিংবা কাগজের মতো দাহ্য পদার্থ দিয়ে বাসা বাঁধতে পারে এবং আপনি হঠাৎ করেই দুর্ঘটনায় পড়তে পারেন। চিলেকোঠায় কাঠবিড়ালি ঢুকেও একই ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। কোনো ফাঁকা জায়গা দিয়ে বাসার ভেতরে ঢুকে বৈদ্যুতিক তার খেয়ে ফেলে ঘটাতে পারে মারাত্মক অগ্নিকাণ্ড।
রুম হিটার
দীর্ঘদিন ব্যবহারের ফলে আপনার বাড়ির হিটারগুলোয় ময়লা জমতে থাকে। নিয়মিত ঘরবাড়ির ধুলা পরিষ্কার না করলে হিটারে ময়লা জমে আগুন ধরে যেতে পারে। হিটার কিংবা ইলেকট্রিক সকেটে স্পার্ক সৃষ্টি হলে ধুলাবালু সহজেই জ্বলে ওঠে এবং পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।
বাথরুমের এক্সহস্ট ফ্যান
আপনার বাড়িতে যদি কোনো পুরোনো, ময়লা ও ধূলিমলিন এক্সহস্ট ফ্যান থাকে, সেই ফ্যানের মোটর ওভারহিটিংয়ের কারণে আগুন ধরে যেতে পারে। আধুনিক এক্সহস্ট ফ্যানগুলোয় থার্মাল প্রটেকশনসহ মোটর ব্যবহার করা হয়। কিন্তু পুরোনো এক্সহস্ট ফ্যানগুলোয় এ ব্যবস্থা থাকে না।
এয়ারকন্ডিশনার
এয়ারকন্ডিশনার (এসি) ব্যবহার করা হয় ঘর ঠান্ডা করার জন্য। কিন্তু এই এসি যদি পেশাদার মিস্ত্রি দিয়ে নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা না হয়, তাহলে এসি থেকেও ঘটতে পারে মারাত্মক অগ্নিকাণ্ড। বেশির ভাগ ক্ষেত্রে এসব দুর্ঘটনার জন্য দায়ী থাকে এসির ওয়্যারিং। দীর্ঘদিন ব্যবহারের কারণে ক্ষয় হয়ে কিংবা আরও বিভিন্ন কারণে এসির তার ছিঁড়ে যেতে পারে। তার পুরোপুরি ছিঁড়ে গেলে সেটি কিছুটা কম ঝুঁকিপূর্ণ। কিন্তু তার যদি আংশিকভাবে ছেঁড়া থাকে, তাহলে তারের রোধ আরও বেড়ে যাবে। এ কারণে তারের মধ্য দিয়ে আরও বেশি ওয়াটের বিদ্যুৎ প্রবাহিত হবে। ওভারহিটিংয়ের কারণে এভাবে এসি থেকে বৈদ্যুতিক অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
অনেকে মাঝখান থেকে ক্ষয়ে যাওয়া তার মাস্কিং টেপ দিয়ে জোড়া লাগিয়ে কাজ চালিয়ে নিতে চান। এটা আরও বিপজ্জনক। কারণ, তার থেকে যে তাপ উৎপন্ন হয়, তাতে টেপ গলে যায় এবং টেপে আগুনও ধরে যেতে পারে। বেশি ব্যবহারের সময়গুলোতে প্রতি তিন মাসে একবার এসি পরিষ্কারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
কিচেন হুড
কিচেন হুডে চুলা থেকে নির্গত ধোঁয়া আর তেল-চর্বি ক্রমাগত জমতে থাকে। এই জমে থাকা ধোঁয়া আর তেল থেকে আগুনের সূত্রপাত এড়াতে চাইলে কিচেন হুডের ফিল্টার অন্তত মাসে একবার পরিষ্কার করতে হবে। এ কাজের জন্য সামান্য গরম পানি, বেকিং সোডা ও সাবান ব্যবহার করা যায়।
আধোয়া ন্যাকড়া
কখনো কখনো বাড়িতে আগুনের সূত্রপাত হয়ে থাকে গ্যারেজ বা বেজমেন্টে পড়ে থাকা তেল চিটচিটে আধোয়া ন্যাকড়া থেকেও! নির্দিষ্ট কিছু তেলজাতীয় পদার্থ সুতির কাপড়ের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে নিজে থেকেই জ্বলে উঠতে পারে। এ কারণে দাগ মোছার কাজে ব্যবহৃত ন্যাকড়া ভালোভাবে মুখ বন্ধ করা টিনের কৌটায় রাখতে হবে এবং নিয়মিত ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিতে হবে।
হেয়ার ড্রায়ার
প্রতিদিন ব্যবহারের ফলে আপনার হেয়ার ড্রায়ারে চুল ও ময়লা জমে যায়। এটি হয়ে উঠতে পারে মারাত্মক ক্ষতিকর। যদি হেয়ার ড্রায়ার থেকে চুলের পোড়া গন্ধ আসে, যদি সেটি ব্যবহার করতে গিয়ে আপনার ইলেকট্রিক শক লাগে বা আপনার হাত পুড়ে যায়, তাহলে বুঝবেন হেয়ার ড্রায়ারটি পরিষ্কার করা প্রয়োজন। এমনকি ড্রায়ারটি ফেলে দিয়ে নতুন আরেকটি কিনতেও হতে পারে। এ ছাড়া হেয়ার ড্রায়ারের পাওয়ার কর্ড অতিরিক্ত গরম হয়ে গলে যেতে পারে। এর থেকে আগুন লাগা কিংবা বিস্ফোরণের মতো ঘটনাও ঘটতে পারে।
লনমোয়ার
সাধারণত লনমোয়ার ব্যবহারের পর আমরা অনেক সময় সেটা গ্যারেজেই ফেলে রাখি। লনমোয়ার সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার না করলেও ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। লনমোয়ারের ডেকে শুকনা ঘাস, ইট, মাটি ইত্যাদির ছোট ছোট ভগ্নাংশ খুব সহজেই জমা হয়ে যায়। খুব বেশি গরমের সময় এই জমে যাওয়া ময়লাগুলোয় আগুন ধরে যেতে পারে। তাই প্রতিবার ব্যবহারের পর লনমোয়ার পরিষ্কার করতে হবে।
সূত্র: রিডার্স ডাইজেস্ট