অস্বস্তি কাটাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি জনপ্রিয় হয়েছে একটি কৌশল, যার নাম ‘ইনভিজিবল গেস্ট’ বা ‘অদৃশ্য অতিথি’ তত্ত্ব। কৌশলটি মনে করিয়ে দেয়, কোনো সামাজিক আয়োজনে গেলে ধরে নেওয়ার প্রয়োজন নেই যে সবাই আপনাকে লক্ষ করছে।

কোনো দাওয়াতে গিয়ে পরিচিত মানুষের বাইরে অনেক অপরিচিত মুখ দেখলেন। কার সঙ্গে কথা বলবেন, কী বলবেন, আপনাকে দেখে অন্যরা কী ভাবছেন—এসব চিন্তা ঘুরপাক খেতে শুরু করল মাথায়।
কথা বলতে গিয়ে একটু আটকে গেলেন, কিংবা কিছু একটা বলে মনে হলো, কথাটা ঠিক হলো তো? এমন অভিজ্ঞতা অনেকেরই আছে। অথচ আশপাশের মানুষ হয়তো নিজেদের কথাবার্তা আর ব্যস্ততা নিয়েই মগ্ন। এই অস্বস্তি কাটাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি জনপ্রিয় হয়েছে একটি কৌশল, যার নাম ‘ইনভিজিবল গেস্ট’ বা ‘অদৃশ্য অতিথি’ তত্ত্ব।
কৌশলটি মনে করিয়ে দেয়, কোনো সামাজিক আয়োজনে গেলে ধরে নেওয়ার প্রয়োজন নেই যে সবাই আপনাকে লক্ষ করছে। বরং ভাবতে পারেন, সেখানে আসা প্রত্যেকেই যেন নিজের সঙ্গে একজন অদৃশ্য অতিথি নিয়ে এসেছেন। সেই অতিথি আর কেউ নয়, নিজের চিন্তা, দুশ্চিন্তা আর ব্যস্ততা।
কোনো অনুষ্ঠানে গেলে আমরা অনেক সময় নিজেদের আচরণ নিয়ে অতিরিক্ত সচেতন হয়ে পড়ি। মনে হয়, অন্যরা আমাদের কথা, পোশাক, অঙ্গভঙ্গি কিংবা ছোটখাটো ভুল লক্ষ করছেন।
মনোবিজ্ঞানে এই প্রবণতার সঙ্গে ‘স্পটলাইট ইফেক্ট’ বা নিজেকে অন্যের মনোযোগের কেন্দ্রে ভাবার প্রবণতার মিল আছে।
বাস্তবে অন্যরা আমাদের যতটা খুঁটিয়ে দেখছেন বলে মনে হয়, অনেক সময় তা সত্যি নয়। তাঁরাও নিজেদের কথা, অনুভূতি ও ভাবনা নিয়ে ব্যস্ত থাকেন।
‘অদৃশ্য অতিথি’ কৌশলটি কাজে লাগাতে হলে পরেরবার কোনো দাওয়াত বা সামাজিক আয়োজনে গিয়ে নিজেকে মনে করিয়ে দিন, সেখানে থাকা অন্যদেরও নিজস্ব চিন্তা ও দুশ্চিন্তা আছে।
আপনি একটু থেমে কথা বললে, কারও নাম ভুলে গেলে কিংবা মুহূর্তের জন্য অস্বস্তিতে পড়লে, সবাই যে তা লক্ষ করছেন বা পরে মনে রাখবেন, এমন নয়।
এভাবে ভাবলে নিজের প্রতিটি কথা ও আচরণ নিখুঁত করার চাপ কিছুটা কমতে পারে। তবে এটি কোনো বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত স্বতন্ত্র মনস্তাত্ত্বিক তত্ত্ব নয়। একে বরং সামাজিক অস্বস্তি সামলানোর একটি সহজ কৌশল হিসেবে দেখাই ভালো।
১. অযথা দুশ্চিন্তা কমাতে
অন্যরা কী ভাবছেন, তা নিয়ে বেশি চিন্তা করলে সাধারণ কথাবার্তাও কঠিন মনে হতে পারে। নিজের প্রতিটি কথা ঠিক হচ্ছে কি না, দেখতে কেমন লাগছে কিংবা কোনো ভুল হচ্ছে কি না—এসব ভাবতে গিয়ে স্বাভাবিকভাবে কথা বলাই কঠিন হয়ে পড়ে। সবাই আপনাকে লক্ষ করছেন না, এই কথাটি মনে রাখলে নিজের ওপর থেকে কিছুটা চাপ কমানো সম্ভব।
২. নিজের মতো করে মিশতে
অন্যের চোখে কেমন দেখাচ্ছেন, তা নিয়ে অতিরিক্ত ভাবলে কথোপকথনে মনোযোগ দেওয়া কঠিন হয়। বরং নিজের অস্বস্তিকে স্বাভাবিক বলে মেনে নিয়ে সামনের মানুষটির কথা শোনায় মনোযোগ দিলে আলাপ জমতে পারে। সব সময় কী বলবেন বা কীভাবে বলবেন, তা হিসাব করে চলার প্রয়োজনও কমে।
৩. ছোটখাটো ভুলকে সহজভাবে নিতে
কথা বলতে গিয়ে ভুল শব্দ ব্যবহার করা, সামান্য হোঁচট খাওয়া কিংবা কিছুক্ষণ চুপ করে থাকা—এসব আমাদের জীবনে স্বাভাবিক। এমন কিছু ঘটলেই যে অন্যরা আপনাকে নিয়ে নেতিবাচক ধারণা পোষণ করবেন, তা নয়। নিজের ভুলকে বড় করে না দেখে কথোপকথনে ফিরে আসার চেষ্টা করাই বেশি কাজে দেয়।
সামাজিক আয়োজনে অস্বস্তি হলে নিজেকে জোর করে খুব মিশুক করে তোলার প্রয়োজন নেই। একটু সময় নিয়ে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, পরিচিত কারও সঙ্গে কথা শুরু করা কিংবা একজনের সঙ্গে স্বাভাবিক আলাপ করাও যথেষ্ট হতে পারে।
‘অদৃশ্য অতিথি’ কৌশলটির মূল কথা হলো, অন্যরা আপনাকে কীভাবে দেখছেন, তা নিয়ে অতিরিক্ত ব্যস্ত না থেকে নিজের অভিজ্ঞতায় মনোযোগ দেওয়া। সবাইকে মুগ্ধ করতে হবে না, প্রতিটি কথাও নিখুঁত হতে হবে না। কখনো কখনো এই ছোট্ট বিষয়টি মনে করিয়ে দেওয়াই সামাজিক পরিবেশে একটু স্বস্তিতে থাকতে সাহায্য করতে পারে।
সূত্র: ক্যানডিডলি