মোংলায় নিজের বাড়িতে বাদল ফরাজি
মোংলায় নিজের বাড়িতে বাদল ফরাজি

কারাগারেই মাধ্যমিক থেকে স্নাতক, তাঁর জীবন নিয়ে লেখা হয়েছে উপন্যাস

ভারতে বেড়াতে গিয়ে নামের মিলের কারণে দিল্লিতে একটি হত্যা মামলায় ফেঁসে যান বাংলাদেশের বাদল ফরাজি। তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন দেশটির আদালত। প্রায় ১০ বছর ভারতের কারাগারে থাকার পর ২০১৮ সালে বন্দিবিনিময় চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে আনে বাংলাদেশ। এরপর বাংলাদেশের কারাগারে কেটে গেছে আরও প্রায় ৮ বছর। শুভানুধ্যায়ীদের চেষ্টায় ১৮ বছর পর চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পেয়ে ২৪ নভেম্বর নিজের বাড়ি বাগেরহাটের মোংলায় ফিরেছেন বাদল। সেদিন তাঁর বাড়িতে গিয়েছিলেন বাদলের জীবনের গল্প নিয়ে লেখা উপন্যাস বাদলের কারাবাস-এর লেখক রাহিতুল ইসলাম

লোহার শিকের এক পাশে বাদল ফরাজি, অন্য পাশে আমরা। আমরা মানে বাদলের বোন আকলিমা বেগম, সাংবাদিক মিজানুর রহমান আর আমি। আমরা যে তাঁর সঙ্গে দেখা করতে আসব, বাদল তা জানতেন না। তখন তিনি কারাগারের ভেতরে ক্রিকেট খেলছিলেন। পরনে ছিল একটি শার্ট, প্যান্টের পা গোটানো। কারারক্ষীরা ডেকে আনার পর আমাদের দেখে কিছুটা বিস্মিত।

বাদল ফরাজির গল্প প্রথম জেনেছিলাম মিজানুর রহমানের কাছে। তাঁকে নিয়ে উপন্যাস লেখার সিদ্ধান্ত নেওয়ার পর খোঁজখবর করতে গিয়ে দেখি, বাংলাদেশ ও ভারত—দুই দেশেই আলোচিত বাদল ফরাজির কারাবাসের ঘটনা। তাঁকে মুক্ত করার দাবিতে দুই দেশেই মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। প্রথম আলোও তাঁকে নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করেছে। রোজিনা ইসলামের করা বাদলবিষয়ক প্রতিবেদনগুলো পড়ি। এরপর যোগাযোগ করি বাদলের বোনের সঙ্গে। তাঁর কাছ থেকে বাদলের জীবনের নানা ঘটনা, মামলা ও কারাবাসের বিস্তারিত শুনি।

২০০৮ সালের জুলাইয়ে তাজমহল দেখতে বেনাপোল হয়ে ভারতে ঢোকেন বাদল ফরাজি। এর পরপরই একটি হত্যা মামলার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাঁকে আটক করে। দিল্লিতে নিজ বাসায় খুন হন ৭১ বছর বয়সী নির্মলা মাদান। এ ঘটনায় তাঁর গৃহকর্মী বাদল সিংকে খুঁজছিল পুলিশ। ওই হত্যা মামলায় বাদল ফরাজিকেই ‘বাদল সিং’ হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। পরিবার ও মানবাধিকারকর্মীদের দাবি, ইংরেজি বা হিন্দি না জানায় নিজের পরিচয় ও অবস্থান বোঝাতে পারেননি বাদল। এরপর দিল্লির তিহার কারাগারে কাটে তাঁর প্রায় ১০ বছর। কারাগারে থেকেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক করেন। সেখানে বিভিন্ন কাজের সঙ্গেও যুক্ত ছিলেন।

বাদল ফরাজিকে নিয়ে প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত বই বাদলের কারাবাস

বাদলের মামলার নথিপত্রও সংগ্রহ করি। কারা কর্তৃপক্ষের অনুমোদিত সাপ্তাহিক ফোনে ২০২২ সাল থেকে কয়েক দফা কথা হয়েছে বাদলের সঙ্গে। ২০১৮ সালে ভারত থেকে বাংলাদেশে পাঠানোর পর প্রথমে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবং পরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। এই কারাগারেই ২০২৫ সালের সেই দিনেই প্রথম তাঁকে সামনাসামনি দেখা। বেশি কথা বলার উপায় নেই। প্রয়োজনীয় কয়েকটি তথ্য জেনে নেওয়ার পর বাদলকে জিজ্ঞেস করি, যে তাজমহল দেখতে গিয়ে তাঁকে কারাগারে যেতে হলো, মুক্তি পেলে আবার সেখানে যাওয়ার ইচ্ছা আছে কি না।

প্রশ্ন শুনে বাদলের চোখ ছলছল করে ওঠে। তিনি বলেন, ‘আমি তাজমহল দেখতে গিয়ে অন্ধকার জেলে ঢুকে গেছি। এখান থেকেই বের হতে পারছি না, তাজমহল কীভাবে দেখব!’

বন্দিবিনিময় চুক্তির আওতায় বাংলাদেশে ফেরার আগে ভারতেও আদালতে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তিনি আবার তাজমহল দেখতে যাবেন কি না। বাদল সেদিন বলেছিলেন, ‘হ্যাঁ, আমি আবার আসব। যদি আমার সুযোগ হয়, আমি যাব।’

বাদলকে সান্ত্বনা দিতে কিছু না ভেবেই একসময় বলেছিলাম, ‘আপনাকে আপনার মায়ের কাছে আমি পৌঁছে দেব।’

কিন্তু বাদল তখন এতটাই ভেঙে পড়েছিলেন যে আশার কথাও তাঁকে সান্ত্বনা দিতে পারছিল না। মলিন হেসে শুধু বলেছিলেন, ‘দেখেন, কী হয়...।’

এ বছর বাদলকে নিয়ে লেখা উপন্যাস বাদলের কারাবাস: ভুল বিচারে ১৮ বছর—ভারত থেকে বাংলাদেশ প্রথমা থেকে প্রকাশের পর আবার তাঁর বোন সঙ্গে নিয়ে কারাগারে যান। কারাগারের নিয়ম মেনে বই জমা দেন। পরীক্ষা-নিরীক্ষার পর সেটি বাদলের হাতে পৌঁছে দেওয়া হয়। বইটি পড়ে তিনি আমাকে সরকারি ফোন থেকে কল দিয়ে জানান, ‘প্রচ্ছদের ছবিসহ সব তথ্য আপনি গভীরভাবে তুলে ধরেছেন।’

সেদিনের সেই কথোপকথন মনে পড়ছিল। এক তাজমহল দেখতে গিয়ে যে মানুষকে দীর্ঘদিন কারাগারে কাটাতে হয়েছে, তাঁর তাজমহল দেখার ইচ্ছাটি তখনো বেঁচে আছে। কথার শেষে বলেছিলেন, ‘যদি কোনো দিন সুযোগ হয়...যাব।’

সেই ‘যাব’ শব্দটি আজও আমার কানে বাজে। মনে মনে চেয়েছিলাম, একদিন যেন সত্যিই মায়ের কাছে ফিরতে পারেন বাদল। আবার যেন দাঁড়াতে পারেন তাজমহলের সামনে।

১৬ নভেম্বর সেই পথ কিছুটা খুলল। বাদলের বোনের আবেদনের প্রেক্ষিতে চার সপ্তাহের প্যারোল মঞ্জুর করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্যারোলের এই পথ তৈরি করতে ভূমিকা রেখেছেন ভারতে বাদলের আইনজীবী সার্থক ম্যাগন। এর পর থেকেই অপেক্ষা করছিলাম। ২৩ নভেম্বর খবর এল পরদিনই বাদলকে কারাগার থেকে বের করা হবে।

মাসহ পরিবারের সদস্যদের সঙ্গে বাদল ফরাজি

‘মা আসেনি?’

২৪ নভেম্বর সকালে ঢাকা থেকে রওনা হলাম। সঙ্গে প্রচেষ্টা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পাভেল বাবু। বাংলাদেশে বাদলের মুক্তির চেষ্টা ও আন্দোলনে যুক্ত ছিল প্রচেষ্টা ফাউন্ডেশন এবং কয়েকজন সাংবাদিক ও আইনজীবী। ভারতে যুক্ত ছিলেন মানবাধিকারকর্মী রাহুল কাপুরসহ অনেকে। আমাদের গন্তব্য বাগেরহাটের মোংলা। সেখানেই বাদলের বাড়ি।

মোংলার কাছাকাছি পৌঁছে শুনি বাদলকে সরাসরি বাড়িতে আনবে না। প্রথমে বাগেরহাট জেলা কারাগারে নেবে, তারপর আনুষ্ঠানিকতা শেষে পুলিশি নিরাপত্তায় বাড়িতে পৌঁছে দেবে। গাড়ি ঘুরিয়ে বাগেরহাট কারাগারে ছুটলাম অগত্যা।

বেলা ২টা। কয়েক ঘণ্টা অপেক্ষার পর কারাগারের বাইরের এক হোটেলে খেতে বসেছি। এক লোকমা ভাত মুখে দিয়েছি কি দিইনি, আমাদের গাড়িচালক এসে খবর দিলেন,
 ‘গাড়ি আসছে।’ 

হাত না ধুয়েই কারাগারের দিকে ছুটলাম। একটা প্রিজন ভ্যান ভেতরে ঢোকার অপেক্ষায়। কাছাকাছি যেতেই ভেতর থেকে ভেসে এল, ‘রাহিতুল ভাই!’

ভ্যানে বাদলকে দেখা গেল। তাঁর চোখে কি পানি? বললেন, ‘ভাই, মা আসেনি?’

১৮ বছর পর কারাগারের ফটক পেরোতে যাচ্ছেন একজন মানুষ। আর তাঁর প্রথম খোঁজ, মা কোথায়। কারাগারে দেখা হলে বলে রেখেছিলেন, মুক্তি পেলে সোজা মায়ের কাছে যাবেন। তাঁর কথাটা শুনে আমার চোখেও পানি এসে গেল।

বললাম, ‘আপনাকে আমরা মায়ের কাছেই নিয়ে যাব। তাই আসতে নিষেধ করেছি।’

তারপর আবার অপেক্ষা। দপ্তরে দপ্তরে চিঠি চালাচালি। একপর্যায়ে তো সেদিনও মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়ে গেল। নানা জায়গায় খবর নিলাম। দুপুর গড়িয়ে বিকেলে এল পুলিশের গাড়ি। নিশ্চিত হলাম, আজই বাদল বাড়ি ফিরছেন। গেটের বাইরে সারি সারি ক্যামেরার স্ট্যান্ড দাঁড় করিয়ে অপেক্ষায় সাংবাদিকেরা। সন্ধ্যায় হঠাৎ হর্ন বাজাতে বাজাতে বেরিয়ে গেল বাদলকে বহনকারী পুলিশের গাড়ি। আমরা গাড়ির পিছু নিলাম, কিন্তু ধরতে পারলাম না।

বাড়ি ফেরার পর বাদল ফরাজিকে নিজ হাতে তুলে খাওয়ান মা শেফালী বেগম

১৮ বছর পর নিজের ঘরে

মোংলা বন্দরে গাড়ি রেখে ট্রলারে পশুর নদ পার হলাম। ঘাটে দাঁড়িয়ে আছেন বাদলের মা শেফালী বেগম আর বোন আকলিমা বেগম। বাদল তখনো পৌঁছাননি। আকলিমা জানালেন, তাঁদের থানায় যেতে বলেছে পুলিশ। বললাম, ‘চলুন, যাই।’

থানার সিঁড়ি বেয়ে দোতলায় উঠলেন বাদলের অসুস্থ মা। খবর এল, পুলিশের গাড়ি নদীর ওপারে আটকে আছে। জোয়ার-ভাটার কারণে ফেরি ছাড়তে দেরি হচ্ছে। বাদলের মা কাঁদছেন। বারবার জানতে চাইছেন, ছেলে কখন আসবে। পাশে বসে মাকে সান্ত্বনা দিচ্ছেন মেয়ে। ১৮ বছর যিনি অপেক্ষা করেছেন, তাঁর কাছে এই কয়েক মিনিটই যেন সবচেয়ে দীর্ঘ।

অবশেষে থানার ফটকে এসে থামল বাদলদের গাড়ি। নিচে নামতেই বাদল এসে জড়িয়ে ধরলেন। তারপর সিঁড়ি বেয়ে ওপরে উঠেই গিয়ে মায়ের পা জড়িয়ে ধরলেন বাদল। থানার প্রতিটি মানুষের চোখ ভিজে গেল।

প্যারোলের শর্তগুলো বাদলকে বুঝিয়ে দেওয়া হলো। আইনি পরিভাষায় প্যারোল হলো নির্দিষ্ট শর্তে কোনো বন্দীকে সাময়িক মুক্তি দেওয়ার সুযোগ। বাদল ফরাজি প্যারোলে মুক্ত থাকাকালে কোনো রাজনৈতিক আলোচনা করতে পারবেন না, গণমাধ্যমের সঙ্গে কথা বলা বা সাক্ষাৎকার দেওয়ার সুযোগও নেই। নির্ধারিত সময় শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তায় তাঁকে আবার কারাগারে ফিরতে হবে।

থানা থেকে আমরা আগেই বাদলের বাড়িতে চলে এলাম। বাদলকে নিয়ে আসবে পুলিশ। গ্রামের মানুষ আর সাংবাদিকদের ভিড়ে রাস্তা তখন ভরে গেছে।

বাদল এলেন। পুলিশ তাঁকে মায়ের হাতে তুলে দিল। মা, বোন, আত্মীয়স্বজন— সবাই তখন উঠানে। ১৮ বছর পর নিজের ঘরে বাদল ফরাজি। ঘুরে ঘুরে ঘরটা দেখলেন। একে একে সবার সঙ্গে দেখা হলো। তাঁর চোখমুখ বলছিল, এখনো যেন বিশ্বাস হচ্ছে না, এসব সত্যি।

রাত গভীর হলো। বাইরে পুলিশ, ঘরের ভেতরে আমরা, বাদলের মা আর বোন। ধীরে ধীরে বাইরের ভিড় কমল। বাদল আসার খুশিতে রান্না হয়েছে শাকভাজি, ট্যাংরা মাছ, গরুর মাংস ও ডিমভুনা। বাদলের সঙ্গে, তাঁর ঘরে রাতের খাবার খেলাম। সেই অনুভূতি শব্দে বোঝানো যাবে না।

ভোর সাড়ে ৪টায় বাদলের কাছ থেকে বিদায় নিলাম। পেছনে রেখে এলাম এক মাকে, যাঁর ঘরে ১৮ বছর পর ফিরেছে ছেলে।

মনে মনে বলি, বাদলের এই ফেরা চিরস্থায়ী হোক। মুক্ত জীবনে মায়ের সঙ্গে থাকুক।