প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অনুষ্ঠিত হয়ে গেল পাঠক উৎসব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা আয়োজনে মুখর ছিল বাংলা একাডেমির প্রাঙ্গণ। অন্তত ২০ হাজার পাঠক নিবন্ধন করেছেন এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। এর বাইরেও অনেকে এসেছেন কুপন হাতে করে। ছিলেন বিশেষ অতিথিরা আর প্রথম আলোর পরিবারবর্গ। শিশুদের জন্য ছিল নানা আয়োজন। বেশ কয়েকজন শিশু বাউন্স হাইজে লাফাচ্ছে তো লাফাচ্ছে। পাশে অভিভাবকেরা নিশ্চিন্তে গল্প করছেন। এদিকে কয়েকটি শিশু ট্রেনে চড়ছে। ‘টান’ আর ‘দুই দিনের দুনিয়া’র বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা রেখেছিল চরকি। অনেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে গেম খেলে জিতেছেন চরকির ফ্রি সাবস্ক্রিপশন। কেউবা আবার নেইল আর্ট করিয়েছেন। অনেকে স্কিন টেস্টও করিয়েছেন। এক পাশে ফ্যাশন শো করে ভিড় জমিয়ে দিয়েছে ‘হালফ্যাশন’। লম্বা লাইন ধরে ছিল খাবারের বুথ। অনেকেই পছন্দমতো খাবার নিয়ে বসেছেন বাংলা একাডেমির পুকুরপাড়ে। মোদ্দাকথা, আয়োজনের কোনো কমতি নেই। পাঠকেরাও তুমুল উৎসাহ-উদ্দীপনায় উপভোগ করেছেন সেগুলো। ছবিতে দেখে নেওয়া যাক সেসব।
