
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) ২৫ থেকে ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হলো ‘রিসার্চ উইক ২০২৬’। শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকেরা যেন নিজেদের উদ্ভাবনী চিন্তা ও বৈজ্ঞানিক গবেষণার ফল উপস্থাপনের সুযোগ পান, সেটিই ছিল এ আয়োজনের উদ্দেশ্য। বিইউবিটি প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মো. মাইনুল হক ভূঁইয়া।
সপ্তাহব্যাপী এই আয়োজনে ছিল গবেষণাধর্মী পোস্টার উপস্থাপন, কর্মশালা, আলোচনা, স্টুডেন্ট রিসার্চ আইডিয়া কম্পিটিশনসহ বেশ কয়েকটি পর্ব। বিভিন্ন পর্বে উপস্থিত ছিলেন অভিজ্ঞ শিক্ষক, গবেষক ও পেশাজীবীরা। সমাপনী অনুষ্ঠানে মোট ৩৬টি পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে ‘রিসার্চ অ্যাওয়ার্ড’ পেয়েছেন ১৮ জন শিক্ষক, ‘রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন ১৪ জন ও ‘আউটস্ট্যান্ডিং রিসার্চ অ্যাওয়ার্ড’ পেয়েছেন ৪ জন। এ ছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার দেওয়া হয়েছে। আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে নেতৃত্ব দেন বিইউবিটির উপাচার্য এ বি এম শওকত আলী ও বিইউবিটি রিসার্চ গ্র্যাজুয়েট স্কুলের ডিন মুহাম্মদ আমিনুর রহমান।