শূন্য ভীতি কাটানোর জন্য কী করা উচিত?

পাঠকের কাছ থেকে মনোজগৎ, ব্যক্তিজীবন ও সন্তান পালনের মতো সমস্যা নিয়ে ‘পাঠকের প্রশ্ন’ বিভাগে নানা রকমের প্রশ্ন এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম নির্বাচিত একটি প্রশ্নের উত্তর দিয়েছেন এবার।

প্রশ্ন: আমি একজন পুরুষ, বয়স ২৬ বছর। ছোটবেলায় গাছে চড়তাম, আস্তে আস্তে বাদ দিয়েছি। কারণ, কয়েক বছর ধরে আমার ভেতরে শূন্য ভীতি (জিরো ফোবিয়া) ভয়াবহ আকার ধারণ করেছে। এখন ছাদে উঠতেও ভীষণ ভয় লাগে, গা কাঁপে, মাথার ভেতর অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়। বহুতল ভবনে কোনো রুমের ভেতরে থাকলেও পড়ে যাওয়া বা ভেঙে পড়ার ভয় কাজ করে। সিঁড়ি দিয়ে ভয় নিয়ে উঠতে পারলেও নামতে গিয়ে লেজেগোবরে করে ফেলি। কয়েক বছর আগে এক বন্ধুর সঙ্গে ছোট একটা রেলব্রিজের মাঝামাঝি যাওয়ার পর সামনে বা পেছনে কোনো দিকেই যেতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার হাত–পা ভারী হয়ে গেছে। প্রচুর ঘামতে থাকি। বন্ধুর সাহায্যে সেবার কোনোমতে উতরে যাই। তারপর থেকে আর রেললাইনেও যাই না। এই ভীতি কাটানোর জন্য আমার কী করা উচিত?

নাম প্রকাশে অনিচ্ছুক

মেহতাব খানম

উত্তর: তোমার মানসিক অসুবিধাটিকে বলে অ্যাক্রোফোবিয়া। এটি একটি দুশ্চিন্তাজনিত মানসিক অসুস্থতা। এটির কারণে যে উপসর্গগুলো হয়, তার প্রায় সবই তোমার ক্ষেত্রে ঘটেছে। এ ছাড়া যেকোনো উঁচু জায়গায় ওঠার ভয়, মই ব্যবহার করে কোথাও উঠতে গেলে পড়ে যাওয়ার ভয় হতে পারে। কিছু শারীরিক উপসর্গও দেখা দেয়, তোমার যেমন প্রচুর ঘাম হচ্ছিল, হাত–পা ভারী হয়ে গেছিল। এগুলো ছাড়াও বুকে ব্যথা হওয়া, ওপর থেকে নিচের দিকে তাকালে হৃৎস্পন্দন বেড়ে যাওয়া, গা কাঁপতে থাকা এবং চোখে ঝাপসা দেখার মতো বিষয়ও ঘটে থাকে। এ সমস্যায় পড়া ব্যক্তিরা তখন ওপরে ওঠা বা পায়ের নিচে যে শূন্য জায়গা রয়েছে, সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করে। এতে তাদের প্রতিদিনের কার্যকলাপ ব্যাহত হয়। আবেগের তীব্রতা এতটাই বেশি হয় যে তারা ভয় পাওয়ার মতো বাস্তব পরিস্থিতি থাকলেও নিজের অজান্তেই কিছু আঁকড়ে ধরার চেষ্টা করে। নিজের মধ্যে ভারসাম্য রক্ষার যে স্বাভাবিক ক্ষমতা রয়েছে, সেটির ওপরও বিশ্বাস হারিয়ে ফেলে তারা। এই ভীতির পেছনে যে জোরালো কোনো যুক্তি নেই, সেটি ভুলে গিয়ে বিশ্বাস করতে থাকে, আসলেই সে পড়ে যাবে এবং ভয়ানকভাবে আহত হবে। তবে স্বস্তির ব্যাপার হচ্ছে, তাদের এতে প্যানিক অ্যাটাকের মতো ভয়ংকর উপসর্গ হয় না। এদের সত্যিকার অর্থে তেমন কোনো বড় বিপদে পড়ার আশঙ্কাও কম থাকে।

তবে এ অসুস্থতার কারণে তোমার যে কতটা অসহায় লাগছে, খুব সহজেই তা অনুমান করা যায়। মুশকিল হচ্ছে, মানসিক অসুস্থতাগুলো যেহেতু কোনো রক্তপরীক্ষা বা মস্তিষ্কের এমআরআইয়ের মতো পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা যায় না, তাই অনেকে এদের ভুল বোঝেন। বলতে থাকেন, ইচ্ছে করলে সহজেই এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারত। এ কারণে ভুক্তভোগীরা আরও বেশি মুষড়ে পড়ে। যেকোনো ধরনের ফোবিয়ার পেছনে একটি ইতিহাস থাকে। হয়তোবা খুব ছোটবেলায় কেউ তাকে ভয় দেখিয়েছে বা পড়ে গেলে কী কী হতে পারে, এই কথাগুলো বলে তাকে অতিরিক্ত সাবধান করেছেন বাবা-মা। হয়তো বাস্তব কোনো অভিজ্ঞতা অতীতে ঘটেছে এবং তা থেকে প্রচণ্ড ভীতির সৃষ্টি হয়েছিল। যেমন তোমার ক্ষেত্রে গাছে চড়ার সময় কখনো ভয় পেয়েছিলে কি না, ভেবে দেখতে পারো। এরপর ব্রিজে ওঠার পর তোমার যে অভিজ্ঞতা হয়েছে, সেটির অনুভূতিও মস্তিষ্কে থেকে যাওয়ার কথা।

অ্যাক্রোফেবিয়ার মতো আরও কয়েক ধরনের ফোবিয়া অনেকের মধ্যেই রয়েছে। তবে তোমার যে ধরনটি হয়েছে, তা কিন্তু কম-বেশি অনেকের মধ্যেই রয়েছে। ওপর থেকে নিচের দিকে তাকালে অনেকেরই ভয় লাগে। তবে সেই ভয়টি অসুস্থতার পর্যায়ে না গেলে হলো। তোমার যেহেতু এটি বাড়াবাড়ি ধরনের হচ্ছে, তোমাকে দেরি না করে চিকিৎসা নিতে হবে। এ ক্ষেত্রে ওষুধ সেবন ও সাইকোথেরাপি—দুটোরই সাহায্য নিতে হবে। ওষুধের সহায়তার জন্য তুমি কোনো মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতে পারো। ঢাকায় থাকলে ঢাকা মেডিকেলের সাইকিয়াট্রি আউটডোর বা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটেও যেতে পারো। সেখানে সাইকোথেরাপি দেওয়ার ব্যবস্থাও রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের চারতলা ও পাঁচতলার দুটো সেন্টারেও কম খরচে সাইকোথেরাপি সেবা গ্রহণ করতে পারো। নিয়মিত দুই ধরনের সেবা কিছুদিন যদি গ্রহণ করো, তাহলে আশা করছি এই ফোরিয়ার কষ্ট থেকে বেরিয়ে আসতে সক্ষম হবে।