শীতলক্ষ্যার হারিয়ে যাওয়া শুশুকদের গল্প

একসময় শীতলক্ষ্যা নদীতে একটু অপেক্ষা করলেই দেখা মিলত শুশুকের। কখনো লম্বা ঠোঁট তুলে পানির ওপর ভেসে উঠত, কখনো মায়ের পাশে ছোট্ট বাচ্চা। সেই নদী, সেই শুশুক আর শৈশবে মায়ের মুখে শোনা এক গল্প আজও ভুলতে পারেননি বন্য প্রাণী সংরক্ষক সরওয়ার পাঠান। শুশুকের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক, প্রাণীটিকে বাঁচানোর চেষ্টা এবং বদলে যাওয়া শীতলক্ষ্যার কথা লিখেছেন তিনি

১৮৯৪ সালের বইয়ের অলংকরণে শুশুক
শুশুক

শৈশবে মা আমাকে ‘হুম মাছ’-এর গল্প শুনিয়ে ঘুম পাড়াতেন।

অনেক দিন আগের কথা। এক জেলের বউ তাঁর শিশুসন্তানকে নদীর ঘাটে রেখে গোসল করছিলেন। হঠাৎ শিশুটি পানিতে পড়ে জোয়ারের স্রোতে হারিয়ে যায়। মা সন্তানকে খুঁজতে নদীর গভীরে ডুব দেন। কিন্তু আর ফিরে আসেন না।

সেই মা নাকি আজও নদীর তলদেশে হারানো সন্তানকে খুঁজে বেড়ান। মাঝেমধ্যে ‘হুস’ করে পানির ওপর ভেসে ওঠেন, আবার ডুবে যান।

শোকাচ্ছন্ন গলায় বলা মায়ের সেই গল্প আমাকে নিয়ে যেত পানির নিচের এক কল্পনার জগতে।

আমাদের গ্রামের বৃদ্ধ জেলে মনমোহন বর্মণও ছোটবেলায় আমাকে এমন একটি গল্প শুনিয়েছিলেন। তাঁর মুখের ভাষায়, ‘হুম মাছ আসলে এক জেলের বউয়ের গাঙ্গে ডুইব্বা যাওয়া সন্তান। মায়ের সন্ধানে আইজও হুস কইরা জলের ওপর ভাইস্যা উঠে, আবার ডুইব্বা যায়। আমরা তারে শিশু কইয়া ডাকি। আহা! তার মনে কত কষ্ট!’

গল্পগুলো সত্যি কি না, তখন তা নিয়ে ভাবিনি। কিন্তু আমার শিশুমনে গভীর দাগ কেটেছিল। প্রাণীগুলোর জন্য ভীষণ মায়া হতো।

প্রায়ই নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়ে থাকতাম তাদের দেখব বলে। তখন শুশুকের দেখা পেতে খুব বেশি অপেক্ষা করতে হতো না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেই দেখতাম, লম্বা ঠোঁটটা পানির ওপর তুলে শরীর বাঁকিয়ে আবার ডুবে যাচ্ছে।

মনে হতো এই বুঝি মায়ের গল্পের সেই হুম মাছ!

হুম মাছ আদতে কী

কোথাও এর নাম হুম মাছ, কোথাও শিশু, আদতে প্রাণীটির নাম শুশুক; একে গাঙ্গেয় ডলফিনও বলা হয়

আমাদের এলাকার মানুষ যাকে হুম মাছ বা শিশু বলত, সেই প্রাণীটির পরিচিত নাম শুশুক। একে গাঙ্গেয় ডলফিনও বলা হয়। ইংরেজি নাম গ্যাঞ্জিস রিভার ডলফিন, বৈজ্ঞানিক নাম Platanista gangetica।

নামের সঙ্গে মাছ শব্দটি জড়িয়ে থাকলেও শুশুক আদতে মাছ নয়; এটি স্তন্যপায়ী প্রাণী। অর্থাৎ মানুষের মতোই ফুসফুস দিয়ে বাতাস থেকে অক্সিজেন নেয়, বাচ্চা প্রসব করে এবং বাচ্চাকে দুধ খাওয়ায়।

শুশুকের দেহ ধূসর বা বাদামি রঙের। মাথার সামনে লম্বা ও সরু ঠোঁটের মতো অংশ আছে। চোয়ালে অনেক দাঁত। পূর্ণবয়স্ক স্ত্রী শুশুক সাধারণত পুরুষের চেয়ে আকারে বড় হয়।

প্রাণীটির চোখে দেখার ক্ষমতা খুবই সীমিত। কিন্তু তাই বলে পানির নিচে চলাফেরা করতে অসুবিধা হয় না। শুশুক শব্দতরঙ্গ ছড়িয়ে তার প্রতিধ্বনি থেকে আশপাশের বস্তু ও শিকারের অবস্থান বুঝতে পারে। এই পদ্ধতির নাম ‘ইকোলোকেশন’।

ছোট ও মাঝারি আকারের মাছ এবং চিংড়িসহ বিভিন্ন জলজ প্রাণী শুশুকের খাবার।

নদীতে দীর্ঘদিন মাছ ধরে আসা প্রবীণ জেলেদের কাছে শুশুকের নানা গল্প শুনেছি। তাঁদের কেউ কেউ বলতেন, শুশুকের তাড়া খেয়ে কখনো বড় মাছ অগভীর পানিতে উঠে আসত। তখন সেই মাছ ধরা মানুষের জন্য সহজ হয়ে যেত।

মা শুশুক আর তার বাচ্চা

মায়ের সঙ্গে শুশুক শিশু

শুশুককে সাধারণত একা কিংবা জোড়ায় চলাফেরা করতে দেখা যায়। কখনো কয়েকটি শুশুক কাছাকাছিও থাকে। তবে মা ও বাচ্চাকে একসঙ্গে দেখা সবচেয়ে পরিচিত দৃশ্যগুলোর একটি।

স্ত্রী শুশুক সাধারণত একবারে একটি বাচ্চা প্রসব করে। বাচ্চা জন্মের পর মায়ের দুধ খেয়ে বড় হয় এবং দীর্ঘ সময় মায়ের ওপর নির্ভরশীল থাকে।

শৈশব-কৈশোরে আমার দেখা সুন্দরতম দৃশ্যগুলোর একটি ছিল মা শুশুকের সঙ্গে তার বাচ্চার ঘুরে বেড়ানো।

প্রথমে ছোট্ট বাচ্চাটি পানির ওপর ভেসে উঠত। তারপর মা। একটু পর আবার বাচ্চা, আবার মা। দুজনের পাশাপাশি ভেসে ওঠা আর ডুবে যাওয়ার সেই দৃশ্য কতবার যে মুগ্ধ হয়ে দেখেছি!

আজও চোখ বন্ধ করলে সেই ছবিটি দেখতে পাই।

শীতলক্ষ্যার সেই দিনগুলো

২০০৪ সালে শীতলক্ষ্যা

একসময় বাংলাদেশের অনেক নদীতেই শুশুকের দেখা মিলত। শীতলক্ষ্যা ছিল তাদের পরিচিত বিচরণক্ষেত্রগুলোর একটি।

নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জের মধ্য দিয়ে বয়ে যাওয়া এই নদীর সঙ্গে আমার শৈশবের অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে।

তখন নদীতে মাছ ছিল প্রচুর। জেলেরা জাল পেতে মাছ ধরতেন। নদীতে যাত্রীবাহী লঞ্চ চলত, তবে আজকের মতো এত যান্ত্রিক নৌযানের ভিড় ছিল না।

পান্না, বাবলা, চৌধুরীসহ কয়েকটি লঞ্চের নাম এখনো মনে আছে। কখনো লঞ্চের পাখার আঘাতে শুশুক মারা যাওয়ার খবর পাওয়া যেত। কিন্তু পরবর্তী সময়ে মাছ ধরার জালের ব্যবহার এবং নদীর পরিবেশ বদলে যাওয়ার সঙ্গে বিপদ আরও বাড়তে থাকে।

বিশেষ করে কারেন্ট জাল শুশুকের জন্য বড় বিপদ হয়ে দাঁড়ায়।

পানির নিচে চলাফেরা করলেও শ্বাস নিতে শুশুককে ওপরে উঠতে হয়। জালে আটকা পড়ে ওপরে উঠতে না পারলে প্রাণীটি ডুবে মারা যেতে পারে।

আমার পর্যবেক্ষণে, ১৯৯৫ থেকে ২০০৫ সালের মধ্যে শীতলক্ষ্যায় জালে আটকা পড়ে অনেক শুশুকের মৃত্যু হয়েছিল। জেলেদের কাছ থেকেও প্রায়ই এমন খবর পেতাম।

২০০২ সালে কারেন্ট জাল নিষিদ্ধ করা হলেও বাস্তবে এর ব্যবহার বন্ধ হতে সময় লেগেছে।

শুশুকের তেলের খোঁজে

মৃত শুশুকের দেহ থেকে তেল সংগ্রহ করে তা বাতব্যথা কিংবা মৃগীরোগের ওষুধ বলে বিক্রি করা হতো

শুশুকের আরেকটি বিপদ ছিল তার দেহ থেকে তেল সংগ্রহের জন্য শিকার।

একসময় কিছু কবিরাজ মৃত শুশুকের খোঁজ করতেন। কেউ কেউ জেলেদের আগাম টাকাও দিয়ে রাখতেন। আবার রাতের অন্ধকারে টেঁটা বা কোচ দিয়ে শুশুক শিকার করত কিছু মানুষ।

মৃত শুশুকের দেহ থেকে তেল সংগ্রহ করে তা বাতব্যথা কিংবা মৃগীরোগের ওষুধ বলে বিক্রি করা হতো। কিন্তু এসব রোগের চিকিৎসায় শুশুকের তেল কার্যকর, এমন নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই।

নিরীহ একটি প্রাণীকে এভাবে মেরে ফেলার ঘটনা আমাকে ভীষণ কষ্ট দিত।

শুশুক বাঁচানোর চেষ্টা

যমুনায় জেলেদের জালে ধরা পড়েছে ১ জোড়া শুশুক। কুঠিবয়ড়া, ভূঞাপুর, টাঙ্গাইল, ২৯ সেপ্টেম্বর

২০০১ সালে গ্রামের কয়েকজন যুবককে নিয়ে শীতলক্ষ্যার শুশুক সংরক্ষণে কাজ শুরু করি। প্রথমে জেলেদের সঙ্গে কথা বলতাম। বোঝানোর চেষ্টা করতাম, শুশুক মাছ নয়; এটি একটি স্তন্যপায়ী প্রাণী। জালে আটকা পড়লে তাকে দ্রুত শ্বাস নেওয়ার সুযোগ দিতে হবে।

জেলেদের অনুরোধ করতাম, জীবিত শুশুক আটকা পড়লে যেন জাল ঢিলা করে বা প্রয়োজনে কেটে তাকে মুক্ত করার ব্যবস্থা করেন। প্রাণীটিকে যেন লেজ বা পাখনা ধরে টানাটানি না করেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, শুশুকের মাথার ওপরের শ্বাসছিদ্র যেন পানির ওপরে থাকে। কারণ, পানির নিচে আটকে থাকলে সে শ্বাস নিতে পারে না।

পাশাপাশি শুশুক শিকার বন্ধে স্থানীয় মানুষকে সচেতন করার চেষ্টা চলত। হাটবাজারে শুশুকের তেল বিক্রির বিরুদ্ধেও প্রচারণা চালিয়েছিলাম।

তখন আমাদের হাতে বড় কোনো প্রকল্প ছিল না। ছিল শুধু নদী আর তার প্রাণীদের প্রতি ভালোবাসা।

জালে আটকা পড়া ছোট্ট শুশুক

শুশুক সংরক্ষণের কাজ করতে গিয়ে একটি ঘটনা আজও বিশেষভাবে মনে পড়ে। একদিন খবর পেলাম, চরসিন্দুর গুদারাঘাটের কাছে জেলেদের জালে একটি শুশুক আটকা পড়েছে।

দ্রুত সেখানে ছুটে গেলাম। গিয়ে দেখি কয়েক মাস বয়সী একটি শুশুকের বাচ্চা জালে আটকে আছে। জাল থেকে মুক্ত করে যখন তাকে কোলে তুললাম, তখন তার মুখ দিয়ে সাদা দুধের মতো তরল গড়িয়ে পড়ছিল। আমার মনে হয়েছিল, কিছুক্ষণ আগেই হয়তো সে মায়ের দুধ খেয়েছে।

২০০১ সালে কারেন্ট জালে আটকে মারা যাওয়া শুশুকের বাচ্চা

সেদিন একটি প্রশ্ন মাথায় এসেছিল। শুশুকের বাচ্চা পানির নিচে মায়ের দুধ খায় কীভাবে? পরে প্রাণীবিশেষজ্ঞ বন্ধু ড. মনিরুল হাসানের কাছ থেকে এ বিষয়ে জানতে পারি।

স্ত্রী শুশুকের স্তন শরীরের নিচের দিকে বিশেষ ভাঁজের মধ্যে থাকে। বাচ্চা মায়ের শরীরের কাছে এসে দুধ পান করে। পানির নিচে বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য মা শুশুকের শরীরে বিশেষ শারীরবৃত্তীয় ব্যবস্থা আছে।

সেদিনের ছোট্ট শুশুকটির কথা আজও ভুলতে পারিনি।

দূষিত নদীতে বেঁচে থাকার লড়াই

শিল্পবর্জ্য ছাড়াও নদীদূষণের বড় উৎস নৌযান। প্রতিদিন হাজার হাজার জাহাজ, স্টিমার, লঞ্চ, ইঞ্জিনচালিত নৌকা থেকে নিঃসৃত জ্বালানি, তেল ও দূষিত তরল বর্জ্য পরিশোধন ছাড়াই ফেলা হচ্ছে নদীতে। শীতলক্ষ্যা, সুলতানা কামাল সেতু, ডেমরা, ঢাকা, ২৬ সেপ্টেম্বর

শীতলক্ষ্যার শুশুক নিয়ে কাজ করতে গিয়ে নদীদূষণের ভয়াবহতাও কাছ থেকে দেখেছি।

পলাশ উপজেলার দুটি ইউরিয়া সার কারখানা থেকে একসময় নদীতে তরল বর্জ্য পড়ার ঘটনা ঘটত। বিশেষ করে রাতে এমন বর্জ্য ছাড়ার অভিযোগ ছিল।

কখনো নদীর পানিতে অসংখ্য মৃত মাছ ও অন্যান্য জলজ প্রাণী ভেসে উঠতে দেখেছি।

একটি বিষয় আমাকে তখন অবাক করেছিল। এসব ঘটনার পর মাছের মৃতদেহ দেখলেও শুশুকের মৃতদেহ চোখে পড়েনি। শুশুক বাতাস থেকে শ্বাস নেয় বলেই হয়তো এমনটা ঘটছে, প্রথমে এমন ধারণা হয়েছিল আমার।

পরে বুঝেছি বিষয়টি এত সরল নয়। শুশুক ফুসফুস দিয়ে শ্বাস নিলেও দূষিত পানি তার জন্য নিরাপদ নয়। বিষাক্ত রাসায়নিকের সরাসরি প্রভাব, খাবারের অভাব এবং বাসস্থানের অবনতি তার জীবন বিপন্ন করতে পারে।

একটি নদী শুধু পানির ধারা নয়। মাছ, জলজ উদ্ভিদ, ক্ষুদ্র প্রাণীসহ অসংখ্য জীবের ওপর নির্ভর করে তার পরিবেশ। এই সম্পর্কের একটি অংশ নষ্ট হলে অন্য অংশগুলোও বিপদে পড়ে।

শব্দের ভিড়ে হারিয়ে যাচ্ছে শুশুক

সেই শান্ত শীতলক্ষ্যা আজ অনেক বদলে গেছে। নদীর বুকে এখন অসংখ্য ইঞ্জিনচালিত নৌকা, লঞ্চ ও মালবাহী জাহাজ চলাচল করে। পানির নিচেও ছড়িয়ে পড়ে ইঞ্জিন ও যন্ত্রের শব্দ। এই শব্দ শুশুকের জন্য বিশেষ সমস্যা তৈরি করতে পারে।

শুশুক চোখের চেয়ে শব্দের ওপর অনেক বেশি নির্ভরশীল। শব্দতরঙ্গের প্রতিধ্বনি শুনেই সে মাছ খুঁজে পায়, বাধা এড়িয়ে চলে এবং আশপাশের পরিবেশ সম্পর্কে ধারণা নেয়।

অতিরিক্ত যান্ত্রিক শব্দ এই প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে পারে। এর সঙ্গে আছে নৌযানের ধাক্কা, মাছ ধরার জালে আটকে পড়া এবং নদীর বাসস্থান নষ্ট হওয়ার ঝুঁকি।

আমার দেখা শীতলক্ষ্যায় শুশুকের উপস্থিতি আগের তুলনায় অনেক কমে গেছে। একসময় নদীর পাড়ে দাঁড়ালেই যাদের দেখা পেতাম, এখন তাদের খুঁজে পাওয়া কঠিন।

আগে কখনো শুশুককে জালে আটকে থাকা মাছ ছিনিয়ে নিতে দেখিনি। কিন্তু পরবর্তী সময়ে এমন ঘটনার কথা শুনেছি, নিজেও দেখেছি। আমার মনে হয়েছে, নদীতে মাছ কমে যাওয়ার সঙ্গে এই আচরণের সম্পর্ক থাকতে পারে। তবে এর কারণ নিশ্চিত করতে বৈজ্ঞানিক পর্যবেক্ষণ প্রয়োজন।

শুশুককে নদীর সুস্থতার একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে বিবেচনা করা হয়

আবার কি ফিরবে শুশুক

শুশুককে নদীর সুস্থতার একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে বিবেচনা করা হয়। কারণ, প্রাণীটির বেঁচে থাকার জন্য উপযুক্ত নদীর পরিবেশ, পর্যাপ্ত খাবার এবং নিরাপদ বিচরণক্ষেত্র প্রয়োজন।

শীতলক্ষ্যার দূষণ, মাছের সংকট, জালের বিপদ এবং নৌযানের চাপ শুশুকের জীবনকে কঠিন করে তুলেছে।

একসময় যে নদীর পাড়ে দাঁড়িয়ে মা ও বাচ্চা শুশুকের পাশাপাশি ভেসে ওঠা দেখতাম, সেই দৃশ্য এখন আর সহজে চোখে পড়ে না।

তবু আশা ছাড়তে চাই না। নদীতে শিল্পবর্জ্য ও অন্যান্য দূষণ বন্ধ করা, মাছের আবাসস্থল রক্ষা করা, ক্ষতিকর জালের ব্যবহার নিয়ন্ত্রণ এবং নৌযান চলাচলের ঝুঁকি কমানো গেলে শুশুকের জন্য আবার নিরাপদ পরিবেশ তৈরি করা সম্ভব।

হয়তো একদিন শীতলক্ষ্যার বুকে আবার মা শুশুকের পাশে ছোট্ট বাচ্চাকে ভেসে উঠতে দেখব। নদীপাড়ের মায়েরা আবার তাঁদের সন্তানদের হুম মাছের গল্প শুনিয়ে ঘুম পাড়াবেন। আমি সেই দিনের অপেক্ষায় আছি।