বিচিত্র দিবস

আজ বাইসাইকেলে চেপে কর্মস্থলে যাওয়ার দিন

‘কি চমৎকার, কি স্বাধীনতা, কি আনন্দ! দূরত্বের সমস্ত বাধাকে এই বাহনটা যেন তীক্ষ্ণ সুদর্শনচক্রের মতো অতি অনায়াসেই কাটিয়া দিয়া চলিয়া যায়।’

কোন বাহনটা?

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘পণরক্ষা’ যাঁরা পড়েছেন, তাঁরা কিন্তু ঠিকই বুঝেছেন। দুই চাকার বাইসাইকেলের কথাই বলা হচ্ছে। এ এক দারুণ বাহন। তবে কেবল মামুলি বাহন নয়, যেন অজস্র স্মৃতির টুংটাং আওয়াজ। ছোটবেলায় সাইকেলের প্যাডেলে পা রাখতেই নিজেকে মনে হতো পথের রাজা। হাওয়ার মতো উড়তে উড়তে স্কুলে যাওয়া বা টিউশন পড়তে যাওয়ার সেসব দিনে, এই দ্বিচক্রযান ছিল সার্বক্ষণিক বন্ধু। বুকে বই জড়ানো স্কুলগামী অনিন্দ্যকিশোরীর চোখে চোখ পড়তেই হুড়মুড়িয়ে সাইকেলসমেত রাস্তার বাইরে পড়ে যাওয়া-কতজনের জীবনে যে এ গল্প আছে, তার কি কোনো হিসাব আছে! আনন্দ-স্মৃতির পাশাপাশি আছে হাহাকারের গল্পও। বাবার সেই পুরোনো সাইকেলের ঘণ্টির শব্দ আজও তো যখন-তখন শুনতে পাই!

যানজটের শহরে অন্তত একটি দিন কিন্তু সাইকেলে চেপে কর্মস্থলে যেতেই পারেন

পরিবেশবান্ধব এই বাহন কেবল স্বাধীনতা বা স্মৃতির বাহক নয়, এর অসংখ্য সুবিধা ও উপকারিতাও রয়েছে। নিয়মিত সাইকেল চালনা দারুণ ব্যায়াম। কমিয়ে দেয় যানজটের যন্ত্রণা। বাঁচিয়ে দেয় পরিবহন খরচ ও গুরুত্বপূর্ণ সময়। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে, প্রতিবাদ-সচেতনতায় সাইক্লিং একটি শক্তিশালী মাধ্যম।

আজ ৬ আগস্ট, সাইকেলে করে কর্মস্থলে যাওয়ার দিন। ১৯৫৬ সালে ‘লিগ অব আমেরিকান বাইসাইক্লিস্ট’ এই দিবসের প্রচলন করেন বলে মনে করা হয়। তবে সাইকেল টু ওয়ার্ক ডে ডটওআরজির তথ্যমতে, ২০১৩ সালে যুক্তরাজ্যে দিনটির সূচনা হয়। এরপর বিশ্বজুড়ে এটি জনপ্রিয় হতে থাকে। এই যানজটের শহরে অন্তত একটি দিন কিন্তু সাইকেলে চেপে কর্মস্থলে যেতেই পারেন।

ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে