মিস ইউনিভার্সের ৭১তম আসরের চূড়ান্ত পর্ব বসেছিল গতকাল শনিবার। যুক্তরাষ্ট্রের নিউ অরলিনস মরিয়াল কনভেনশন সেন্টারে সেরার মুকুট পরেন আর’বনি গ্যাব্রিয়েল। কিন্তু ঠিক কোন প্রশ্নের উত্তর দিয়ে সেরাদের সেরার মুকুট নিজের করে নিলেন তিনি?
মিস ইউনিভার্সের ৭১তম আসরের চূড়ান্ত পর্ব বসেছিল যুক্তরাষ্ট্রের নিউ অরলিনসে। সেখানে ৮৪ দেশের সেরা সুন্দরীদের মধ্য থেকে সেরার মুকুট পরেন যুক্তরাষ্ট্রের আর’বনি গ্যাব্রিয়েল। তাঁর মাথায় সেরার মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী ভারতের হারনাজ সান্ধু। দ্বিতীয় স্থানে ছিলেন মিস ভেনিজুয়েলা আমান্ডা দুদামেল ও তৃতীয় স্থানে ছিলেন মিস ডোমিনিকান রিপাবলিক আন্দ্রিনা মার্টিনেজ।
১০ বছর পর কোনো মার্কিন নারীর মাথায় উঠল মিস ইউনিভার্সের মুকুট। সর্বশেষ ২০১২ সালে মিস ইউনিভার্স জিতেছিলেন মিস ইউএসএ অলিভিয়া কুলপো।
মিস ইউনিভার্স শুধু সৌন্দর্যের লড়াই নয়, সেই সঙ্গে বুদ্ধিমত্তার লড়াইও। সেই লড়াইয়ে জিততে উপস্থিত বুদ্ধির সঙ্গে প্রয়োজন প্রত্যুৎপন্নমতিতা। মিস ইউনিভার্সের লড়াইয়ে শেষ প্রশ্ন হিসেবে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে দায়িত্ব দেওয়া হলে মিস ইউনিভার্সকে কীভাবে একটি প্রগতিশীল সংস্থা হিসেবে গড়ে তুলবেন?
উত্তরে আর’বনি গ্যাব্রিয়েল বলেন, ‘এটাকে আমি বদলের হোতা হয়ে ওঠার কাজে ব্যবহার করব। অনুরাগী একজন ডিজাইনার হিসেবে ১৩ বছর ধরে আমি ফ্যাশন নিয়ে কাজ করছি। ফ্যাশনকে আমি ভালো কাজে ব্যবহার করি। পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়ে পোশাক বানিয়ে আমি দূষণের মাত্রা কমিয়ে আনছি। মানব পাচার, গার্হস্থ্য নির্যাতনের শিকার নারীদের নিয়ে সেলাইয়ের প্রশিক্ষণ দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘এসব আমি বলছি, কারণ অন্যের ওপর বিনিয়োগ করাটা ভীষণ জরুরি। আমাদের সম্প্রদায়ের ওপর বিনিয়োগ করুন, আপনার অনন্য প্রতিভা ইতিবাচক পরিবর্তনের কাজে লাগান। আমাদের সবার মধ্যে কোনো না কোনো প্রতিভা আছে। এগুলো আমরা যখন অন্য লোকদের জীবনে রোপণ করি, তখন আমরা তাদের বদলে ফেলি এবং এটিকে আমরা পরিবর্তনের বাহন হিসেবে ব্যবহার করি।’
এখানেই থেমে থাকেননি গ্যাব্রিয়েল। বরং প্রতিযোগীদের বয়সসীমা নিয়েও কথা বলেছেন। ‘আমার বয়স এখন ২৮ বছর। আর এটাই প্রতিযোগিতায় অংশগ্রহণের সর্বোচ্চ সীমা। আমার পছন্দের একটি উদ্ধৃতি হচ্ছে, “এখন না হলে কখন?” কারণ একজন নারী হিসেবে আমার মনে হয়, বয়স দিয়ে আমাদের সংজ্ঞায়িত করা যায় না।’
ফিলিপিনো বংশোদ্ভূত আর’বনি গ্যাব্রিয়েল ফ্যাশন ডিজাইনে পড়াশোনা শেষ করে ‘ম্যাগপাই ও পিকক’ নামক অলাভজনক সেলাই প্রশিক্ষণ সংস্থায় কাজ করছেন। 'আর’বনি নোলা' নামক পোশাক কোম্পানির মালিক তিনি। সবকিছু সামলেও ১০ বছর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছেন মিস ইউনিভার্সের সম্মান।