চলতি এপ্রিল মাসেই যদি এই এক ডজন অভ্যাস গড়ে তোলেন, বছর শেষে আপনি হবেন ভিন্ন এক মানুষ
চলতি এপ্রিল মাসেই যদি এই এক ডজন অভ্যাস গড়ে তোলেন, বছর শেষে আপনি হবেন ভিন্ন এক মানুষ

এপ্রিলেই শুরু করুন এসব অভ্যাস, বছর শেষে আপনি হবেন ভিন্ন এক মানুষ

জীবন বদলাতে সব সময় বড় কোনো সিদ্ধান্ত লাগে না; লাগে ছোট কিন্তু ধারাবাহিক কিছু অভ্যাস। আমরা প্রায়ই ভাবি, সফলতা বা উন্নতি হঠাৎ করেই আসে। কিন্তু বাস্তবে প্রতিদিনের কিছু সচেতন সিদ্ধান্তই আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে। চলতি এপ্রিল মাসেই যদি এই এক ডজন অভ্যাস গড়ে তোলেন, বছর শেষে আপনি হবেন ভিন্ন এক মানুষ।

১. নিজের ওপর বিনিয়োগ করুন

প্রথমেই নিজের দক্ষতায় বিনিয়োগ করুন। যে স্কিল আপনাকে আয় এনে দিতে পারে। ড্রাইভিং শিখতে পারেন, শিখতে পারেন নতুন একটি ভাষা। ইংরেজির দক্ষতা বাড়ানোর ওপরও জোর দিতে পারেন। সেলাই বা রান্নাও শিখতে পারেন।

২. সকালটা সবচেয়ে গুরুত্বপূর্ণ

ঘুম থেকে ওঠার পরের সময়টা নষ্ট হতে দেবেন না। নিজের বিছানা গোছানোর মাধ্যমে দিন শুরু করুন। দিনটা সুন্দরভাবে কাটানোর জন্য তৈরি হয়ে নিন। সকালের সূর্যালোক গ্রহণ করুন। মোবাইল ফোনটা ঘরে রেখে বাইরে থেকে হেঁটে আসুন।

৩. টাটকা, স্বাস্থ্যকর খাবার

সকালে প্রোটিন ও ফ্যাট দিয়ে দিন শুরু করুন। দুপুরে কার্বোহাইড্রেট নিন। এতে রক্তের সুগার লেভেল স্থিতিশীল থাকে। প্রত্যেক বেলায় নতুন নতুন খাবারের পরিকল্পনা না করে সাপ্তাহিক খাবারের পরিকল্পনা করুন। সপ্তাহে একবার বাইরে খেতেই পারেন। তবে ঘরে তৈরি টাটকা ও মৌসুমি খাবার খান।

৪. কৃতজ্ঞতার চর্চা করুন

কৃতজ্ঞতা আপনার মানসিক অবস্থা ও শক্তি বদলে দিতে পারে। যেকোনো পরিস্থিতিতে আপনার যা আছে, তার জন্য কৃতজ্ঞতার চর্চা করুন। এটি আপনাকে মানসিকভাবে শক্তিশালী ও ইতিবাচক মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।

৫. পর্যাপ্ত ঘুমান ও শরীরের যত্ন নিন

সারা দিনে পর্যাপ্ত পানি খান, বিশেষ করে সকালে। প্রতিদিন অন্তত ১৫ মিনিট শরীরচর্চা করুন। নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন। ভালো ঘুম আপনার সারা দিনের এনার্জি নির্ধারণ করে।

প্রতিদিন অন্তত ১৫ মিনিট শরীরচর্চা করুন

৬. কঠিন কাজ আগে করুন

দিনের সবচেয়ে কঠিন কাজটি দুপুরের আগেই শেষ করুন। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে। বাকি দিনটা সহজ হয়ে যাবে। আলসেমি লাগবে না।

৭. পারফেকশনের পেছনে না ছুটে শুরু করে দিন

কাজটি সুন্দরভাবে শেষ করতে পারবেন কি না, সফল হবেন কি না, কী হবে না হবে—এত না ভেবে কাজটা শুরু করে দিন। কাজ নিজস্ব গতি ও ছন্দে এগোবে। আপনাকে সঙ্গে নিয়ে একটা জায়গায় পৌঁছাবে। এত না ভেবে স্রেফ শুরু করে দিন। অ্যাকশন নিন। অতিরিক্ত ভাবা এনার্জি নষ্ট করে। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস গড়ে তুলুন।

৮. ডিজিটাল অভ্যাস নিয়ন্ত্রণ করুন

স্ক্রিন টাইম ট্র্যাক করুন। অপ্রয়োজনীয় স্ক্রল কমান। মনে রাখবেন, আপনি যা মাপতে পারেন না, তা নিয়ন্ত্রণও করতে পারবেন না।

পরিবর্তন শুরু হয় ছোট পদক্ষেপ থেকে—আজ একটি অভ্যাস দিয়ে শুরু করুন, কাল আরও একটি যোগ করুন

৯. সপ্তাহে একটা কঠিন কাজ

যেসব কাজ কোনো এক অজানা কারণে, অজানা আলস্যে শুরু করা হয়ে ওঠে না, প্রতি সপ্তাহে এমন একটা কাজ করুন। এতে আপনি প্রতিনিয়ত নিজের কমফোর্ট জোন ছাড়তে পারবেন। আপনার ভয় একটু একটু করে কমবে। আত্মবিশ্বাস ও সক্ষমতা বাড়বে।

১০. সিইও আওয়ার

আপনার জীবনের সিইও আপনি নিজেই। প্রতি সপ্তাহে ‘সিইও আওয়ার’ রাখুন। সেই সময়ে ঠিক করুন, সামনের সপ্তাহে আপনি কোন গুরুত্বপূর্ণ কাজগুলো করতে চান।

১১. সম্পর্কে গভীরতা আনুন

সম্পর্কে ‘কোয়ান্টিটি’ কমিয়ে ‘কোয়ালিটি’ আনুন। অনেক মানুষের সঙ্গে হালকা সম্পর্কের বদলে কয়েকজনের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলুন। এতে আপনার মানসিক তৃপ্তি বাড়বে। অপ্রয়োজনীয় সম্পর্কগুলোয় দেয়াল তুলুন। আপনার মানসিক পরিবেশ পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর, ইতিবাচক রাখুন।

শেষ কথা

এসব অভ্যাস এক দিনে আপনার জীবন বদলে দেবে না। কিন্তু প্রতিদিন একটু একটু করে আপনাকে আপনার সেরা ভার্সনের দিকে নিয়ে যাবে। পরিবর্তন শুরু হয় ছোট পদক্ষেপ থেকে—আজ একটি অভ্যাস দিয়ে শুরু করুন, কাল আরও একটি যোগ করুন। এই ধারাবাহিকতাই আপনাকে সফলতার ও একটি সুন্দর জীবনের পথে এগিয়ে নেবে।

সূত্র: কি ফর সাকসেস