
শীত পেরিয়ে গরম হাওয়া বইতে শুরু করেছে। এই সময়ে দরকার পড়বে আরামদায়ক পোশাক। তাই পুরোপুরি গরম পড়ার আগেই গরমের চলতি ধারার পোশাকের এক ঝলক দেখাল ফ্যাশন হাউস লা রিভ। ১৭ ফেব্রুয়ারি লা রিভের নতুন শাখার উদ্বোধন এবং বসন্ত ও গ্রীষ্মের পোশাক নিয়ে একটি বিশেষ ফ্যাশন শোর আয়োজন করে মোহাম্মদপুরের রিং রোডের হিরা টাওয়ারে। ফ্যাশন শোর বেশ কয়েকটি কিউতে নারী, শিশু ও ছেলেদের নানা ধরনের পোশাক তুলে ধরেন মডেলরা। এর মধ্যে কামিজ, থ্রিপিস, টপ, শার্ট, টি-শার্ট, থ্রি কোয়ার্টার প্যান্ট, পাঞ্জাবি, ফতুয়া, ফ্রক ইত্যাদি দেখা যায়। অনুষ্ঠানে শো স্টপার হিসেবে উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী নীরব ও নাজিফা তুশি।
লা রিভের প্রধান পরিচলন কর্মকর্তা মুন্নুজান নার্গিস বলেন, ‘গরম ও বসন্তের পোশাকে আমরা মানুষের আরামটাকেই প্রাধান্য দিয়েছি। নরম সুতি কাপড়ে তৈরি করা হয়েছে পোশাকগুলো।’