কানে একাধিক দুল পরার ফ্যাশন নতুন নয়। কিছুটা নতুনত্ব নিয়ে তরুণীদের মধ্যে বারে বারেই দেখা যায় এই ধারা। এখন ছোট-বড় নানা ধরনের দুল একসঙ্গে পরছেন তাঁরা। পোশাকের ধরন ও রুচির সঙ্গে মিল রেখে অনেকেই বেছে নিচ্ছেন এই সাজ।
গয়নার ব্র্যান্ড সিক্স ইয়ার্ডস স্টোরির স্বত্বাধিকারী জেরিন তাসনিম খান বলেন, ‘একাধিক কানের দুলের প্রচলন অনেক পুরোনো। তবে আজকাল এটি নতুনভাবে জনপ্রিয়তা পেয়েছে।’
জমকালো পোশাকের সঙ্গে কানের লতি ও হেলিক্সে (কানের সবচেয়ে বাইরের বাঁকানো অংশ) মিলিয়ে একই নকশার দুল পরা যেতে পারে। এর সঙ্গে কানের মাঝের অংশে পরতে পারেন তুলনামূলক ছোট দুই-তিনটি দুল।
পশ্চিমা পোশাকের সঙ্গে একাধিক দুল পরতে চাইলে বেছে নিতে পারেন হুপ, ড্রপ, স্টাড ও কাফ। কয়েকটি দুলের মধ্যে একটি বা দুটি পুঁতি বা পাথরের হতে পারে।
নিজের পছন্দ অনুযায়ী একের পর এক দুল সাজিয়ে নিন। এ ক্ষেত্রে সবচেয়ে লম্বা দুলটি কানের লতিতে পরলে দেখতে ভালো লাগে।
অ্যাসিমেট্রিক (অসামঞ্জস্যপূর্ণ) লুক পেতে চাইলে দুই কানে দুই ধরনের দুলও পরতে পারেন।
একাধিক দুল পরতে চাইলে কানে একাধিক ছিদ্র থাকতেই হবে, এমন কিন্তু নয়।
জেরিন তাসনিম খান জানান, অনেকেই একাধিকবার কান ফোঁড়াতে চান না বা ভয় পান। কিন্তু কয়েকটি দুল পরার ফ্যাশন তাঁদেরও পছন্দ। তাঁদের জন্য বিকল্প হিসেবে রয়েছে ক্লিপ-অন দুল। এসব দুলের সাহায্যে কানে ছিদ্র ছাড়াই একাধিক দুল পরা সম্ভব।
এ ছাড়া কানের ওপরের অংশে পরতে পারেন ইয়ার কাফ।
কানে একাধিক ছিদ্র করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে।
আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের নাক, কান ও গলা বিভাগের অধ্যাপক ডা. এম আলমগীর চৌধুরী বলেন—
কানের লতি ছাড়া অন্য কোথাও প্রয়োজনের অতিরিক্ত ছিদ্র না করাই ভালো।
যদি কেউ ছিদ্র করাতেই চান, তাহলে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তির মাধ্যমে করাতে হবে।
কানের নরম অস্থিতে ছিদ্র করা উচিত নয়। এতে সংক্রমণ হতে পারে।
এমনকি পেরিকন্ড্রাইটিসের মতো জটিলতা দেখা দিলে কানের আকৃতিও পরিবর্তিত হয়ে যেতে পারে।
কান ফোঁড়ানোর সময় ব্যবহৃত যন্ত্র জীবাণুমুক্ত কি না, তা নিশ্চিত করতে হবে।
আঠারো বছরের কম বয়সীদের একাধিকবার কান ফোঁড়ানোও নিরুৎসাহিত করেন তিনি।