ভারতীয় তারকাদের ইনস্টাগ্রাম আজ অমিতাভ বচ্চনে মুখর। বলিউডের এই শাহেনশাহ গতকাল মনের তারুণ্য ধরে রেখেই বয়সের ক্যালেন্ডারে পা দিলেন আশিতে। ৫৩ বছর ধরে তিনি বলিউডের ‘টাইমলেস’ ফ্যাশন আইকন। সাড়ে চার যুগ ধরে প্রতিবার ‘পারফেক্ট’ পোশাকে দেখা দেওয়া চাট্টিখানি কথা নয়। অমিতাভ বচ্চন সেটিই করে আসছেন। জেনে নেওয়া যাক ফ্যাশনের সঙ্গে অমিতাভের যোগসাজশ নিয়ে কিছু কথা।

১. বেল বটম আর ফ্লেয়ারড প্যান্ট
ষাটের দশকে হিপি মুভমেন্টে যোগ দেন অমিতাভ বচ্চন। জনপরিসরে দেখা দেন বেল বটম আর ছড়ানো (ফ্লেয়ারড) প্যান্টে। অমিতাভ বচ্চনের মাধ্যমেই এসব প্যান্ট ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রায় এক যুগ স্থায়ী হয় বেল বটম আর ছড়ানো প্যান্টের জনপ্রিয়তা। প্রায় প্রত্যেক ভারতীয় ঝুঁকেছিলেন এমন ফ্যাশনের প্রতি।
২. জ্যাকেটে লাইট
অমিতাভ বচ্চনের সবচেয়ে আলোচিত পোশাকগুলোর একটি হলো ১৯৮১ সালে ইয়ারানা সিনেমার ‘সারা জামানা হাসিনো কি দিওয়ানা’ গানে অমিতাভের লাইটওয়ালা জ্যাকেট। সেই প্রথম ভারতীয় কোনো তারকার পরনে এমন জ্যাকেট উঠল, যেখান থেকে আলো ঠিকরে পড়ে। এর আগে কোনো ভারতীয় তারকা এমন দুঃসাহস দেখাননি। অবশ্য অমিতাভ বচ্চনের পরে অনেকেই লাইটওয়ালা জ্যাকেটে দেখা দিয়েছেন। কিন্তু অন্য অনেক কিছুর মতো সাহস করে শুরু করেছেন অমিতাভ।
৩. উজ্জ্বল রং
একসময় ফ্যাশনে এমন ধারণা প্রচলিত ছিল যে তরুণেরা উজ্জ্বল ও চকচকে রঙের পোশাক পরবেন। আর বয়স্করা পরবেন হালকা, চোখে লাগে না এমন সব রঙের পোশাক। কিন্তু আপনি যদি আশি বছরের অমিতাভের আলমারিতে হানা দেন, দেখবেন সেখানে শোভা পাচ্ছে নিয়ন, হট পিঙ্ক, হলুদ, বেগুনি এ রকম সব চোখধাঁধানো রঙের পোশাক। কে বলেছে, বয়স বাড়লে এসব রঙের দিকে হাত বাড়ানো যাবে না?
৪. প্রিন্টেড স্যুট
অমিতাভ বচ্চন এমনসব প্রিন্টের স্যুটে দেখা দেন, যেগুলো ২০–২৫ বছরের তরুণও গায়ে চাপানোর আগে দুবার ভাববে। কিন্তু অমিতাভ বচ্চন এই বয়সেও দিব্যি সেগুলো ‘ক্যারি’ করেন। আর এভাবেই তিনি প্রথা ভেঙে ক্রমশ নিজের ফ্যাশন দিয়ে বাকিদের প্রভাবিত করেছেন। হয়ে উঠেছেন ফ্যাশন আইকন।
৫. হুডিপ্রেমী
অমিতাভ বচ্চনের মতন হুডিপ্রেমী খুব কমই আছেন। এয়ারপোর্ট লুক থেকে শুরু করে শুটিংয়ের সকালে, অমিতাভ বচ্চনের অন্যতম স্বচ্ছন্দের পোশাক হুডি। হডি মাথায় চাপালে নাকি তাঁর সেটে অন্য সবকিছু থেকে মনোযোগ সরিয়ে চিত্রনাট্যে মনোযোগ দিতে সুবিধা হয়।
৬. চশমা, মাফলার আর টাই
অমিতাভ বচ্চনের যে কতগুলো চশমা কে জানে! আর এর সবই স্টাইলিশ, মানানসই। সেই সঙ্গে অমিতাভের মাফলার আর টাই সংগ্রহেরও বাতিক আছে। একবার ইতালি ঘুরতে গিয়ে অমিতাভ বচ্চন এক লাগেজ ভর্তি করে এনেছিলেন টাই। সেগুলো দেখতে যেমন অনন্য, বাঁধার স্টাইলও অভিনব।
৭. কুর্তা, পায়জামা, শাল
বাঙালিয়ানার সঙ্গে অমিতাভের যোগসাজশ বহু পুরোনো। জীবনসঙ্গীও যে বাঙালি! এভাবেই হয়তো অমিতাভের প্রিয় পোশাকের তালিকায় স্থান পেয়েছে কুর্তা, পায়জামা আর শাল। ধর্মীয় বা ঘরোয়া অনুষ্ঠানে অমিতাভ প্রায়ই এই বেশেই দেখা দেন।