তানজিয়া জামান মিথিলার ব্যাগগুলো কোন ব্র্যান্ডের, দাম কেমন

ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে দুই দিন আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন মিস ইউনিভার্স বাংলাদেশ খেতাবজয়ী অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। তাঁর সাজপোশাক বরাবরই নজর কাড়ে। দেশ–বিদেশের জনপ্রিয় ব্র্যান্ডের পোশাকের পাশাপাশি এই অভিনেত্রীর ব্যাগের সংগ্রহও চোখে পড়ার মতো। এখানে রইল তানজিয়া জামান মিথিলার ব্যাগের সংগ্রহ থেকে কয়েকটি

মিথিলার এই ব্যাগ ফরাসি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড লুই ভুইতোঁর। মোট দুটি আকারে লুই ভুইতোঁ ব্যাগটি বাজারে আনে। তাদের ক্যাপুসিনস সিরিজের এই ব্যাগের দাম বাংলাদেশি টাকায় সাড়ে ৮ লাখ। তবে বিলাসবহুল ব্যাগের ক্ষেত্রে অনেক সময় রিসেল ভ্যালু কম অথবা বেশিও হতে পারে। বিভিন্ন দেশে বিলাসবহুল পণ্যের সেকেন্ড হ্যান্ড মার্কেটও আছে, যেখান থেকে অনেক সময় কম দামে ব্যাগ, পোশাক ও জুয়েলারি কেনা যায়
ছবি: মিথিলার ইনস্টাগ্রাম আইডি ও লুই ভুইতোঁর ওয়েবসাইট থেকে
চকচকে রুপালি রঙের এই মেটালিক স্টেটমেন্ট ক্লচ ব্যাগটি ভাস্কর্যের অনুপ্রেরণায় তৈরি। তবে এটি কোন ব্র্যান্ডের, সেটি নির্দিষ্ট করে বলা কঠিন। সাধারণত বিলাসবহুল ব্র্যান্ডের মধ্যে এ ধরনের ব্যাগ তৈরি করে থাকে জেডব্লিউ অ্যান্ডারসন, ভিভিয়েন ওয়েস্টউডের মতো প্রতিষ্ঠান। আবার থাইল্যান্ড, মালয়েশিয়া বা দুবাইয়ে এ ধরনের ব্যাগের প্রচুর দোকান দেখা যায়। নিচের ছবিতে থাকা ব্যাগটি জেডব্লিউ অ্যান্ডারসন ব্র্যান্ডের, যেটার সঙ্গে মিথিলার ব্যাগের নকশায় হুবহু মিল না থাকলেও দুটির ধরণ একই রকম
কালো স্লিভলেস মিডি ড্রেসের সঙ্গে মিথিলার হাতে দেখা যাচ্ছে ওয়াইন কালারের একটি ব্যাগ। হুবহু এই ব্যাগ বাজারে আনে বিখ্যাত ব্র্যান্ড গুচি। ‘গুচি জ্যাকি ১৯৬১ মিডিয়াম’ সিরিজের এই ব্যাগের দাম ৩ হাজার ৯৫০ ডলার, বাংলাদেশি টাকায় যা ৪ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা
শাড়ির সঙ্গে মিথিলার হাতে এখানে যে ছোট হ্যান্ডব্যাগটি দেখা যাচ্ছে, সেটির সঙ্গে বিখ্যাত ফরাসি ব্র্যান্ড ক্রিস্টিয়ান ডিওরের একটি ডিজাইনের মিল খুঁজে পাওয়া যাচ্ছে। ডিওরের ‘লেডি ডিওর মিনি ব্যাগ’ সিরিজে এই ব্যাগের দাম দেখাচ্ছে ৩ হাজার ৮০০ থেকে সাড়ে ৮ হাজার ডলার, বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৪ লাখ থেকে সাড়ে ৬ লাখ টাকার কাছাকাছি
সান্ধ্য গাউন লুকে মিথিলার হাতে দেখা যাচ্ছে ক্রিস্টাল বিডেড মিনি ফ্ল্যাপ ব্যাগ। পোশাকের সঙ্গে ব্যাগটি যেন যোগ্য সংগত। ব্যাগটির একটি হাতে ধরার অংশ (টপ হ্যান্ডেল) ছাড়াও একটি মিনি ফ্ল্যাপ কভার আছে। এ ধরনের ব্যাগগুলো বিভিন্ন বুটিক শপেই বেশি তৈরি হয়ে থাকে। তবে মিথিলার ব্যাগটি কোথা থেকে সংগ্রহ করা, তা বোঝা যাচ্ছে না। দেশের কোনো প্রতিষ্ঠান এটি তৈরি করলে ৫ হাজার থেকে ২০ হাজারের মধ্যে দাম হতে পারে
এই ব্যাগে চামড়ার পাশাপাশি বেতের ব্যবহার চোখে পড়ছে। হাতলের অংশটিও তৈরি হয়েছে বেত দিয়ে। সাধারণত ছুটি কাটাতে সমুদ্রের পাড়ে এ ধরনের ফ্যাশনেবল ব্যাগ ব্যবহারের চল আছে। মিথিলার এই ছবিও তোলা থাইল্যান্ডের একটি রিসোর্টে। এই ব্যাগগুলো সাধারণত স্থানীয়ভাবে বুটিকশপে বেশি তৈরি হতে দেখা যায়
মিথিলার এই ব্যাগ বিখ্যাত ফরাসি ব্র্যান্ড কোকো শ্যানেলের আইকনিক একটি ব্যাগ বলেই মনে হচ্ছে। এই মডেলের শ্যানেলের ব্যাগটি ক্রেতারা চেনেন ‘শ্যানেল ক্ল্যাসিক ফ্ল্যাপ ব্যাগ’ নামে। শ্যানেলের সিগনেচার ডায়মন্ড কুইল্টিং নকশায় তৈরি ব্যাগটির দাম ১২ থেকে সাড়ে ১৩ লাখ টাকা। তবে রিসেল মার্কেটে ব্যাগটি ৭ লাখের বেশিতে বিক্রি হওয়ার তথ্য পাওয়া যায়
গোলাপি পোশাকের সঙ্গে মিথিলার হাতে থাকা পাউচ স্টাইলের ইভনিং ক্লাচটি ঝলমল করছে সোনালি রঙে। সোনালি সুতা বা মেটালিক ফাইবার দিয়ে এ ধরনের ব্যাগ তৈরি করা হয়। রিসোর্ট লুক বা বিচ ওয়্যার ছাড়াও পার্টিতে এই ব্যাগ মানানসই। জারা বা ম্যাঙ্গোর মতো ব্র্যান্ডে এ ধরনের ব্যাগ চোখে পড়ে। সেখানে এসবের দাম ৮ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে
শ্যানেলের এই ট্রায়াঙ্গুলার ফ্ল্যাপ শোল্ডার ব্যাগটি সম্প্রতি বেশ জনপ্রিয়তা পেয়েছে বিশ্বজুড়ে। নেভি ব্লু ডেনিমে তৈরি ব্যাগটি তরুণীদের মধ্যে বেশি সাড়া ফেলেছে। ব্যাগটির দাম সাড়ে ৬ লাখ থেকে সাড়ে ৮ লাখ টাকার মধ্যে। তবে রিসেল মার্কেটে কিছুটা কমবেশি হতে পারে
এটিও একটি বিখ্যাত ফরাসি ব্র্যান্ড ইভ সাঁ লরাঁ (ওয়াইএসএল)। চামড়া তৈরি ক্ল্যাসিক রেকট্যাঙ্গুলার ফ্ল্যাপ শেপের এই ব্যাগের দাম ২ থেকে সাড়ে ৩ লাখ টাকার মধ্যে

খেয়াল করুন: ছবির ব্যাগগুলোর ব্র্যান্ড ও দাম অনলাইনে যাচাই করা হয়েছে। মিথিলার সঙ্গে কথা বলে তথ্য নিশ্চিত করা হয়নি।