চার বছর পরপর আসে বিশ্বকাপ ফুটবল। যখন সে দেশ বা যেসব দেশ আয়োজন করে, সেসব দেশের সংস্কৃতি আর সংস্কৃতির নানা উপাদান নিয়েও চলে আলোচনা। দেশের গণ্ডি পেরিয়ে সেগুলো অনেক সময় ছড়িয়ে পড়ে নানা দেশে। এই যেমন ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের আয়োজন করে। সেখানকার ফুটবল মাঠের গ্যালারি থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ভুভুজেলা। এমনই জনপ্রিয়তা পায় যে এক যুগ পর ২০২২ সালে দাঁড়িয়ে বাংলাদেশে রাত-বিরাতে ব্রাজিল বা আর্জেন্টিনার খেলা থাকলে ভুভুজেলার শব্দে ঘুমানো দায় হয়ে ওঠে।
এ বছর নানা দিক থেকেই অনন্য বিশ্বকাপ ফুটবল। এই প্রথম মধ্যপ্রাচ্যের কোনো দেশ হিসেবে কাতার বিশ্বকাপ আয়োজন করল। আর এবার মাঠ ও মাঠের বাইরে বিশ্বকাপের ফ্যাশন হিসেবে আলোচনায় কেফিয়ে বা ডেজার্ট স্কার্ফ। অনেকে আবার বলেন ঘুটরা। এর সঙ্গে অনেকে পরছেন থোব। কাতার বিশ্বকাপে নানা কিছু ছাড়িয়ে আলোচনায় উঠে আসছে আরব পুরুষের এই বিশেষ পোশাক। ছবিতে দেখে নেওয়া যাক আর জেনে নেওয়া যাক এবারের বিশ্বকাপের এই বিশেষ ফ্যাশন নিয়ে।
