বাগ্‌দানে কী ছিল পরিণীতির পরনে

আংটি বদলের আয়োজনে দুজনেই ছিলেন সফেদ
ছবি: পরিণীতির ইনস্টাগ্রাম থেকে নেওয়া

দীর্ঘদিন প্রেমের পর আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে গতকাল বাগ্‌দান সেরে নিয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। আংটি বদলের সেই আয়োজনে দুজনেই ছিলেন সফেদ।

এই ছবি পরিণীতি তুলে দিয়েছেন ইনস্টাগ্রামে

পরিণীতি চোপড়া পরেছিলেন জনপ্রিয় ডিজাইনার মনিশ মালহোত্রার নকশা করা পোশাক। আর বরের পরনে ছিল তাঁর মামার নকশা করা আচকান (হাঁটু পর্যন্ত দৈর্ঘ্যের বিশেষ জ্যাকেট)।

বাগ্‌দানের অনুষ্ঠানে ছিল ভজন গানের আসর

মুক্তা ও পুঁতির কাজ করা রোজ পিংক কুর্তা পরেছিলেন পরিণীতি চোপড়া, সঙ্গে ফ্লেয়ার পায়জামা। এই কুর্তার সঙ্গে ছিল সূক্ষ্ম কাশ্মীরি হাতের কাজ করা ওড়না। অল্পবিস্তর যে গয়না পরেছিলেন সেটাও মনিশ মালহোত্রার আনকাট জুয়েলারি সংগ্রহ থেকে নেওয়া। কপালে কুন্দনের ছোট্ট টিকলি আর কানের দুল ও একহাতে বড় আংটি পরেছিলেন তিনি। অন্য হাতে ছিল হিরে বসানো বাগ্‌দানের আংটি।

ভারতের পাঞ্জাবের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে রাজ্যসভায় নির্বাচিত রাঘব পরেছিলেন সাদা শেরওয়ানি


অন্যদিকে ভারতের পাঞ্জাবের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে রাজ্যসভায় নির্বাচিত রাঘব পরেছিলেন সাদা শেরওয়ানি। শোনা যাচ্ছে, রাঘবের পোশাকটি তৈরি করেছেন তাঁর ব্যক্তিগত পোশাক নকশাকার মামা পবন সচদেবা।

দিল্লির কাপূরথলা হাউসে বাগ্‌দান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের কাছের মানুষেরা। পরিণীতি ও রাঘব দুজনেই পড়েছেন যুক্তরাজ্যে। পরিণীতি ইংল্যান্ডের ম্যানচেস্টার বিজনেস স্কুলের ছাত্রী ছিলেন আর রাঘব চাড্ডার পড়াশোনা ইংল্যান্ডের লন্ডন স্কুল অব ইকোনমিকস-এ। ঘনিষ্ঠজনদের বরাতে জানা যায়, বিদেশে থাকতেই বন্ধুত্ব থেকে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ধাপে ধাপে সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে সেই প্রেমই আইনি স্বীকৃতি পেতে যাচ্ছে।

বন্ধুত্ব থেকে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে

বাগ্‌দানের অনুষ্ঠানে ছিল ভজন গানের আসর। পরিণীতির কাজিন আরেক অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার পোস্ট করা ছবিতে সেটা দেখা গেছে। অনুষ্ঠানের আরও একাধিক ছবি পোস্ট করেছেন বাগ্‌দান উপলক্ষে আমেরিকা থেকে ভারতে উড়ে আসা এই হলিউড–বলিউড অভিনেত্রী।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, পিংক ভিলা, হিন্দুস্তান টাইমস ও মনিশ মালহোত্রার অফিশিয়াল ফেসবুক পেজ।