কেউ মঞ্চে দাঁড়িয়ে তাৎক্ষণিক বক্তৃতা দিচ্ছেন, কেউবা হাজির হয়েছেন সাহিত্যের বিখ্যাত চরিত্রের সাজে। একই সঙ্গে চলছিল আলোচনা, পোস্টার প্রদর্শনী আর নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার প্রস্তুতি। এত সব আয়োজনের মধ্য দিয়ে ২৩ ও ২৪ সেপ্টেম্বর হয়ে গেল ‘ইংলিশ কার্নিভ্যাল ২০২৬’। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ইংরেজি বিভাগের ১৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনের এই আয়োজনের থিম ছিল ‘ওয়ার্ডস ফর দ্য প্ল্যানেট, অ্যাকশনস ফর টুমরো’।
আয়োজনের উদ্বোধন করেন ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া। সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক তাকাদ আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক বিজয় লাল বসু। তিনি ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণার বিভিন্ন পদ্ধতি ও গবেষণার চর্চা নিয়ে আলোচনা করেন।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। শিক্ষা, প্রযুক্তি ও পরিবেশ থেকে শুরু করে নানা সমসাময়িক বিষয় তুলে ধরেন প্রতিযোগীরা। প্রথম হন সামায়তা রহমান, দ্বিতীয় আলিফ আমিনা ও তৃতীয় সুবাইতা তাসনিম।
উদ্বোধনী দিনের বিকেলে মিলনায়তনে শিক্ষার্থীদের জন্য ছিল ডেড পোয়েটস সোসাইটি সিনেমার প্রদর্শনী। সাহিত্য শুধু বইয়ের পাতাতে নয়; বরং চলচ্চিত্রের মাধ্যমেও জীবন্ত হয়ে উঠতে পারে, উদাহরণ রবিন উইলিয়ামসের বিখ্যাত এই সিনেমা। এ ছাড়া ছিল আলোকচিত্র প্রদর্শনী। যেখানে উঠে এসেছে প্রকৃতি ও নগরজীবনের নানা গল্প। সেরা চিত্রগ্রাহক হিসেবে পুরস্কার পান মাহফুজুর রহমান, কাজী মেহের জান্নাত ও রিয়ানুর ইসলাম। এস এম রোকনুজ্জামান পান সম্মানজনক স্বীকৃতি।
উৎসবের সবচেয়ে বড় আয়োজন ‘কসপ্লে কম্পিটিশন’। ইংরেজি সাহিত্যের বিভিন্ন চরিত্র সেজে এসেছিলেন শিক্ষার্থীরা। ‘ক্যাসান্ড্রা’ চরিত্রে আফরিন নূর প্রথম, দ্য রেপ অব দ্য লক–এর ‘বেলিন্ডা’ চরিত্রে শার্লি জাহান দ্বিতীয় এবং দ্য মার্চেন্ট অব ভেনিস–এর ‘পোর্শিয়া’ চরিত্রে সায়ীমা জান্নাত তৃতীয় হন।
এ ছাড়া ছিল পোস্টার প্রেজেন্টেশন, যেখানে নিজেদের ভাবনা তুলে ধরেছেন শিক্ষার্থীরা। ইংরেজিবিষয়ক পোস্টার প্রদর্শনীতে প্রথম হন আয়েশা তাবাসসুম ও রুশাবা ফাতেমা, দ্বিতীয় মানসী ব্যানার্জি ও মো. হাফিজুর রহমান এবং তৃতীয় নুসরাত জাহান ও ফারিসা হোসাইন। এ ছাড়া ‘রাজনৈতিক ব্যবস্থা হিসেবে গণতন্ত্র’বিষয়ক প্রবন্ধ রচনায় প্রথম হন সামায়তা রহমান। নাফিসা তাবাসসুম দ্বিতীয় ও আয়েশা তাবাসসুম তৃতীয় হন।
২৪ সেপ্টেম্বর বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান দিয়ে শেষ হয় টানা দুই দিনের আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএপির স্কুল অব হিউম্যানিটিজের ডিন এম এ বাকি খালীলি। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক তাহমিনা আহমেদ। প্রাতিষ্ঠানিক ও পেশাগত জীবনে বিশেষ অর্জনের জন্য অনুষ্ঠানে বিশেষ সম্মাননা জানানো হয় ইংরেজি বিভাগের তিন সাবেক শিক্ষার্থীকে— শেখ রেজা হায়দার, ইমামুল মুত্তাকিন ও রোকসানা ইকবাল।
পুরো আয়োজনজুড়ে ইংরেজি কালচারাল ক্লাবের তত্ত্বাবধানে চলছিল ‘শাপা’(শাড়ি-পাঞ্জাবি) উৎসব। শিক্ষার্থীরা শাড়ি ও পাঞ্জাবি পরে মুখর করে রেখেছিল ক্যাম্পাস। সব শেষে বরণ করে নেওয়া হয় নবীন শিক্ষার্থীদের। সেখানে সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি ছিল শিক্ষার্থীদের পরিবেশিত হরর নাটক দ্য লাস্ট ভিজিটর।