
কোলাহলমুখর জয়পুরহাট স্টেশন। তার মধ্যেই হঠাৎ বেজে ওঠে বাঁশি। পথচলতি মানুষেরা ইতিউতি তাকায়। অপেক্ষমাণ যাত্রীদের কেউ কেউ বংশীবাদকের খোঁজ করেন। ছোট স্টেশন, সহজেই তাঁকে খুঁজে পাওয়া যায়। প্ল্যাটফর্মের এক কোণে নানা রকমের বাঁশির পসরা সাজিয়ে বসে আছেন। সুরসন্ধানীরা একে একে তাঁর পাশে ভিড় করেন! কেউ সুরে আচ্ছন্ন হন, কেউ বাহারি নকশার বাঁশি হাতে তুলে নিয়ে নেড়েচেড়ে দেখেন। উৎসুক মানুষের ভিড় বাড়লে ঠোঁট থেকে বাঁশিটা সরিয়ে নেন। বাঁশি কিনতে আগ্রহীরা দরদাম করলে উত্তর দেন। বিক্রিও হয় দু-একটা—কোনো বাঁশি ৫০ টাকা, কোনোটা ৫০০ টাকা। বংশীবাদক ফেরদৌস সরকারের মুখে তখন হাসি ফোটে।
জয়পুরহাট রেলস্টেশনের পরিচিত মুখ ফেরদৌস সরকার। বাঁশির সুরে ক্রেতাদের আকৃষ্ট করেন। তারপর নিজের হাতে তৈরি বাঁশি বিক্রি করেন। সেদিন কথায় কথায় জানালেন, তাঁর বাড়ি নওগাঁর বদলগাছি। ছোটবেলায় বাবার কাছে বাঁশি তৈরি শেখা। বাঁশি বাজানোর হাতেখড়িও তাঁর বাবার কাছে।
ফেরদৌস বলছিলেন, ‘অভাবী পরিবারে জন্ম। পড়ালেখা করতে পারি নাই। আব্বার সাথেই কাজ করছি। আব্বা বাঁশ কাইটা দিতেন। সেই বাঁশ কাঁধে নিয়ে বাড়িতে আসতাম, বাপ-বেটা মিলে বাঁশি বানাইতাম।’ বাবার পেশাটার মতো উত্তরাধিকার সূত্রে দারিদ্র্যকেও সঙ্গী করেছেন ফেরদৌস। বাঁশি বিক্রির আয়েই চলে ৪৮ বছর বয়সী বাঁশিঅলার সংসার।
জয়পুরহাট স্টেশন ছাড়াও বিভিন্ন জায়গায় বাঁশি বিক্রি করতে যান ফেরদৌস। বিশেষ করে আক্কেলপুর উপজেলার ঐতিহ্যবাহী দোলপূর্ণিমার মেলা কোনো বছর বাদ দেন না। বিভিন্ন পর্যটনস্থানেও বাঁশির পসরা নিয়ে বসেন। তবে তাঁর স্থায়ী ঠিকানা একটাই, জয়পুরহাট রেলস্টেশন।