শাবিপ্রবির নৃত্যসংগঠন—নৃৎ

নাচ তাঁদের এক করেছে

এমনই উৎসবমুখর সময় কাটান ক্লাবের সদস্যরা
ছবি: আনিস মাহমুদ

সংগঠনের নামটা আপনার কাছে একটু অন্য রকম মনে হতে পারে—নৃৎ। তবে হয়তো অনুমান করতে পারছেন, নৃত্য নিয়েই এদের কাজ। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গেলে নৃৎ-এর সদস্যদের সঙ্গে আপনার দেখা হয়ে যাবে।

পড়ালেখার ফাঁকে, অবসরে ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তনের বারান্দার একটা অংশজুড়ে নাচের চর্চায় প্রাণবন্ত সময় কাটান নৃৎ সদস্যরা। ২০১৩ সালের দিকে বিশ্ববিদ্যালয়ের তখনকার শিক্ষার্থী কনকচাঁপা দাশ ও মাহমুদুর রহমান নাচবিষয়ক একটি সংগঠন প্রতিষ্ঠার ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন। তবে নানা কারণে তখন সে ভাবনা আর বাস্তবে রূপ পায়নি। এর বেশ পরে ২০২২ সালের ১৮ এপ্রিল প্রতিষ্ঠিত হয় নৃৎ। এটি শাবিপ্রবির প্রথম ও একমাত্র নাচবিষয়ক সংগঠন। সংগঠনটিতে বর্তমানে সত্তরের বেশি শিক্ষার্থী সম্পৃক্ত আছেন। সংগঠনটি পরিচালনার জন্য ২০ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী পরিষদও আছে।

নৃৎ প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়ের নৃত্যচর্চায় আগ্রহীরা এর সঙ্গে যুক্ত হতে শুরু করেন। সংগঠনের সঙ্গে বিশ্ববিদ্যালয়পড়ুয়া বেশ কয়েকজন অভিজ্ঞ নৃত্যশিল্পী সম্পৃক্ত আছেন, তাঁরা নিয়মিত সংগঠনের অন্যদের প্রশিক্ষণ দেন। এখানে প্রশিক্ষণ পেয়ে অনেক শিক্ষার্থীই দক্ষ নৃত্যশিল্পী হয়ে উঠছেন। আবার এ সংগঠনের সদস্যরা সিলেট ও জাতীয় পর্যায়ে নৃত্যকেন্দ্রিক বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন।

সংগঠনটির সভাপতির দায়িত্বে আছেন আইরিন সরকার। স্থাপত্য বিভাগের পঞ্চম বর্ষের এই ছাত্রী জানান, বিশ্ববিদ্যালয়ে নাচের শিল্পীদের কোনো সংগঠন ছিল না। এখন এর মাধ্যমে সবাই এককাট্টা হয়েছেন। এর মধ্যে একটি উৎসবও করেছেন তাঁরা। ক্রিকেট বিশ্বকাপ সামনে রেখে এ বছর বড় পরিসরে একটা ফ্ল্যাশমব আয়োজনের প্রস্তুতি চলছে। এ ছাড়া সিলেটের সব কটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নৃত্যশিল্পীদের নিয়ে একটি নৃত্য উৎসব আয়োজনের পরিকল্পনাও তাঁরা করছেন।

সংগঠনের সদস্যরা জানালেন, ধ্রুপদি, সেমিক্ল্যাসিক্যাল, ফোক, মণিপুরি, জুম্বাসহ সব ধরনের জাতীয় ও আন্তর্জাতিক নাচ নিয়ে এখানে চর্চা হয়। বিশ্ববিদ্যালয়ের অনেক অনুষ্ঠানেই নৃত্য পরিবেশনার জন্য সংগঠনের সদস্যদের ডাক পড়ে। কোক স্টুডিও বাংলার ‘হেই সামালো’ গণসংগীতের সঙ্গেও সংগঠনের প্রতিনিধিরা নাচে অংশ নিয়েছেন।

নৃৎ-এর সাধারণ সম্পাদক ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী মালিহা জামান। তিনি বলেন, ‘মানসিক অবসাদ দূর করতে নাচ একটা ভালো মাধ্যম। এ শিল্পকে আমরা সবার মধ্যে পৌঁছে দিতে চাই।’ স্কুল অব ড্যান্স চালু করে বিশ্ববিদ্যালয়ের বাইরে যাঁরা আগ্রহী, তাঁদেরও নাচের প্রশিক্ষণ দিতে চায় নৃৎ। এ ছাড়া ভারত বা অন্য কোনো দেশে গিয়ে সংগঠনের সদস্যরা বৃত্তিসহ নাচের প্রশিক্ষণ নিতে পারেন কি না, তা–ও তারা চেষ্টা করে দেখছে।

প্রশিক্ষণ কর্মশালা, সাংগঠনিক সপ্তাহ পালনসহ বেশ কিছু কর্মসূচি করেছে নৃৎ। সংগঠনটি তাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সদস্যদের পরিবেশিত নানা ধরনের নাচের ভিডিও নিয়মিত আপলোড করে। সংগঠনের সহসাধারণ সম্পাদক শ্রেয়সী দাশ পুরকায়স্থ বলেন, ‘নৃত্যচর্চার পুরোনো ধারার পাশাপাশি নতুন রীতিগুলোও আমরা চর্চা করি।’

সংগঠনের প্রকাশনা ও গণসংযোগ সম্পাদকের দায়িত্বে আছেন জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, ‘এখানে জুম্বা নাচেরও চর্চা হয়। এই নাচ মূলত একধরনের শরীরচর্চা। মনন বিকাশের পাশাপাশি শরীরচর্চার বিষয়টিও আমাদের মাথায় থাকে।’

নৃৎ সদস্য জাহিদ হাসান বলেন, ‘স্কুলজীবন থেকেই নাচের প্রতি দুর্বল ছিলাম। তখন নাচতাম। এ কারণে সহপাঠীদের বুলিংয়ের শিকার হয়েছি। তাই কলেজ পর্যায়ে নাচ ছেড়ে দিই। তবে বিশ্ববিদ্যালয়ে এসে এই সংগঠনের মাধ্যমে আবার নাচে সক্রিয় হয়েছি। এখানে সবার সঙ্গে মিশে আবার আত্মবিশ্বাস পেয়েছি। আবার নিজের ভালো লাগার কাজে সম্পৃক্ত হতে পেরেছি, এর চেয়ে আনন্দের কী হতে পারে?’