নিরাপদ মাতৃত্ব দিবস

মায়েদের চাই নিরাপদ প্রসব

আজ ২৮ মে নিরাপদ মাতৃত্ব দিবস। এ উপলক্ষে ইনসেপটা আয়োজন করে একটি অনলাইন আলোচনা অনুষ্ঠানের। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসকেরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক সেহেরিন ফরহাদ সিদ্দিকা। এখানে তাঁদের বক্তব্য তুলে ধরা হলো।

অধ্যাপক ডা. ফেরদৌসি বেগম

সভাপতি, ওজিএসবি

অধ্যাপক ফেরদৌসি বেগম

আমরা আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস নিয়ে আলোচনা করব। আমরা জানি, আমাদের মাতৃস্বাস্থ্যের যে অবস্থা ছিল, সে অবস্থা থেকে অনেক দ্রুত উন্নতি লাভ করতে পেরেছি। অতীতে মাতৃমৃত্যুর হার ছিল প্রতি লাখে ৫০০ জন। এখন তা কমে ১৬৪ জন। এ অবস্থা থেকে ৭০-এর নিচে নামিয়ে আনতে হবে ২০৩০ সালের মধ্যে। তা না হলে আমরা এসডিজি অর্জন করতে পারব না। আমাদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। দেশব্যাপী সেবাব্যবস্থা চালু রাখতে হবে। মানসম্মত সেবা দিতে হবে। মেয়েদের সুস্বাস্থ্যের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মাতৃস্বাস্থ্যের জন্য মায়ের পুষ্টি নিশ্চিত করতে হবে। সচেতন হতে হবে মায়েদের। সম্মিলিতভাবে আমাদের কাজ করতে হবে। গর্ভধারণ করার ক্ষেত্রে নারী অধিকার দিতে হবে। তাহলেই আমরা নারীর নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে পারব।

অধ্যাপক টি এ চৌধুরী

সাবেক সভাপতি, ওজিএসবি

অধ্যাপক টি এ চৌধুরী

মাতৃমৃত্যুর কারণ আমরা জানি। সমাধানও আমরা জানি। কিন্তু এ দুটোর সমন্বয় আমরা এখনো করতে পারিনি। যে কারণে মাতৃমৃত্যু হার আশঙ্কাজনক বেশি। এই মৃত্যুর হার যদি কমিয়ে আনতে হয়, তাহলে একটাই উপায় আর সেটা হলো—প্রাতিষ্ঠানিক ডেলিভারির ব্যবস্থা করা। গ্রামে–গঞ্জে ঘরে ডেলিভারি করাতে গিয়ে অনেক সময় নষ্ট হয়। এ ক্ষেত্রে রোগীর অনেক ক্ষতি হয়ে যায়। আমরা দেখি, যেসব রোগী হাসপাতালে আসেন, তার অধিকাংশ মরণাপন্ন অবস্থায় আসেন। যেখান থেকে রোগীর ফিরে আসার সম্ভাবনা কম থাকে। ডেলিভারিটা যদি হাসপাতাল অথবা কোনো প্রতিষ্ঠানে হয়, তাহলে যেকোনো জটিলতা সহজে সমাধান করা যায়। রোগীর মৃত্যুর আশঙ্কা অনেক কমে যায়। উদাহরণ হিসেবে যদি শ্রীলঙ্কাকে ধরি, তাহলে দেখব সেখানে মাতৃমৃত্যুর হার খুবই কম এবং সেখানে প্রায় শতভাগ ডেলিভারি প্রতিষ্ঠানে হয়। আমাদের দেশে এখন শতকরা ৫০ ভাগ ডেলিভারি প্রতিষ্ঠানে হয়। বাকি ৫০ ভাগ গ্রামে–গঞ্জে ছড়িয়ে–ছিটিয়ে হয়। দ্রুত মাতৃমৃত্যু হার কমিয়ে আনতে হলে প্রতিষ্ঠানে ডেলিভারি বাড়াতে হবে। প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী হতে হবে।

জাতীয় অধ্যাপক শাহ্​লা খাতুন

সাবেক সভাপতি, ওজিএসবি

জাতীয় অধ্যাপক শাহ্​লা খাতুন

১৯৯৭ সালের ২৮ মে এই দিবসকে ‘নিরাপদ মাতৃত্ব দিবস’ কার্যকর করার জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে সই নিয়ে এসেছিলাম। আমাদের সবার চেষ্টায় আজ শিশুমৃত্যুর হার কমেছে। মাতৃমৃত্যুর হার কমেছে। কন্ট্রাসেপ্টিভ ব্যবহারের হার বেড়েছে। স্বাস্থ্য খাতে আমরা বেশ উন্নতি করেছি। তবে করোনাকালে দুই বছরে সে উন্নতি কিছুটা ব্যাহত হয়েছে। আমি বলব, আমরা এখনো অনেক পিছিয়ে আছি। আমাদের আরও বেশি কাজ করতে হবে। শুধু নিরাপদ মাতৃত্ব দিবস পালন করলে হবে না, এটাকে কাজে লাগাতে হবে। সবার কাছে আমার অনুরোধ, তোমরা সবাই দেশের স্বাস্থ্য খাত উন্নয়নে কাজ করে যাও। এ কাজ থেকে কেউ পিছপা হবে না। তাহলে বাংলাদেশের উন্নয়ন সহজতর হবে।

অধ্যাপক এ বি এম খোরশেদ আলম

মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, বাংলাদেশ সরকার

অধ্যাপক এ বি এম খোরশেদ আলম

করোনার সময়ে মাতৃমৃত্যুর হার বেড়ে যাওয়ার কারণ হচ্ছে ওই সময় মায়েদের সেবাটা সম্পূর্ণ দিতে পারিনি। আপনারা জানেন, করোনাকালে আমরা কুড়ি হাজার নতুন বেড তৈরি করেছিলাম। তখন স্বাভাবিক স্বাস্থ্যসেবা যেটা ছিল, সেটাকে সংকুচিত করতে হয়েছিল। সংকুচিত করার জন্য আমরা পূর্ণ সেবাটা দিতে পারিনি। ওই সময় আমাদের অনেক চিকিৎসক করোনা ইউনিটে কাজ করছিল। এখন আমাদের দেশে করোনার অবস্থা অনেকটা ভালো। করোনা মোকাবিলায় আমরা পৃথিবীতে ষষ্ঠ অবস্থানে আছি। দক্ষিণ এশিয়ায় আমরা প্রথম স্থানে আছি। এটা সম্ভব হয়েছে আমাদের প্রধানমন্ত্রীর সঠিক দিকনির্দেশনায়। এ কাজে সব চিকিৎসক, প্যারামেডিক, নার্স সর্বাত্মক সহযোগিতা করেছে। বর্তমানে মাতৃত্বসেবার ক্ষেত্রে মাতৃমৃত্যুর হার কমাতে টি এ চৌধুরী স্যার যে কথা বললেন, আমি এ বিষয়ে এক মত। অবশ্যই প্রাতিষ্ঠানিক ডেলিভারি বাড়াতে হবে, তাহলে মাতৃমৃত্যুর হার কমবে। এ ক্ষেত্রে আপনারা সরকারের সাহায্য নিতে পারেন। ওজিএসবিকে আমরা সহযোগিতা করতে চাই।

ডা. নুরুন নাহার বেগম

লাইন ডিরেক্টর, ক্লিনিক্যাল কন্ট্রাসেপ্টিভ সার্ভিসেস ডেলিভারি

পরিবার পরিকল্পনা অধিদপ্তর, বাংলাদেশ

ডা. নুরুন নাহার বেগম

আমাদের সারা বছর নিরাপদ মাতৃত্ব নিয়ে কাজ করতে হবে। ফ্যামিলি প্ল্যানিং ম্যাথডগুলো সহজলভ্য এবং নিরাপত্তা নিশ্চিত করতে চাই। পরিবার পরিকল্পনা অধিদপ্তর চব্বিশ ঘণ্টা মাতৃত্বসেবা নিশ্চিত করার জন্য ইউনিয়ন পর্যায় প্রায় তিন হাজার স্পটে কাজ করার উদ্যোগ নিয়েছে। তা ছাড়া মা ও শিশুকল্যাণ কেন্দ্রের জন্য ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে কাজ করে যাচ্ছি। প্রতিবছর প্রায় ৪০ থেকে ৪২ লাখ নারী প্রেগনেন্সি নিয়ে থাকেন। এর মধ্যে ৩০ থেকে ৩২ লাখ মা হন। বাকি ১০ থেকে ১১ লাখ প্রেগনেন্সি থাকে অপ্রত্যাশিত, যা অ্যাবোরশন হয়ে যায়। অপ্রত্যাশিত প্রেগনেন্সি আমরা চাই না। আমরা চাই, প্রতিটি প্রেগনেন্সি হবে নিরাপদ ও প্রত্যাশিত। নিরাপদ মাতৃত্বের জন্য আমরা পুরুষের সহযোগিতা চাই।

ডা. মো. শামসুল হক

লাইন ডিরেক্টর, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা

ডা. মো. শামসুল হক

মাতৃমৃত্যুর হার আমরা শতকরা ৭০–এ নামিয়ে আনব, এটা আমাদের লক্ষ্য। কিন্তু আমরা চিন্তা করতে পারি, কোনো একদিন মাতৃমৃত্যুর হার শূন্যতে নামিয়ে আনব। এটা খুব কঠিন কিছু নয়। আমরা কোভিড চলাকালে স্বাস্থ্যসেবার উন্নতি দেখিয়ে দিয়েছি। আমরা প্রমাণ করেছি, আমরা পারি। কাজেই আমাদের সরকারের পক্ষ থেকে প্রস্তুতি অনেক। কোভিড চলাকালে মাতৃসেবা কমে গিয়েছিল। এখন তা আবার বাড়ছে। মাতৃমৃত্যু কমানোর জন্য প্রাতিষ্ঠানিক সেবা বাড়াতে হবে। মাতৃসেবা যাতে প্রান্তিক পর্যায় পর্যন্ত পৌঁছে দিতে পারি, সে প্রচেষ্টায় আমাদের কাজ চলছে।

ডা. মো. আজিজুল আলিম

প্রোগ্রাম ম্যানেজার, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা

ডা. মো. আজিজুল আলিম

বর্তমানে আমরা জেলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে জরুরি প্রসূতিসেবা দিয়ে যাচ্ছি। ১৩২টি কমপ্লেক্স থেকে আমাদের প্রসূতিসেবা চলছে। করোনাকালে আমাদের স্বাস্থ্যসেবায় কিছুটা ছন্দপতন ঘটেছিল। জরুরি লোকবল নেওয়ায়, নতুন বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় প্রসূতিসেবা আবার স্বাভাবিক হয়ে এসেছে। আমরা সাধারণদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কাজ করে যাচ্ছি। দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্যসেবায় বিশেষ কার্যক্রম হাতে নিয়েছি। মাতৃসেবা আমরা সারা দেশে বিস্তৃত করছি।

অধ্যাপক ডা. রওশন আরা বেগম

সাবেক সভাপতি, ওজিএসবি

অধ্যাপক রওশনআরা বেগম

মায়েদের আমরা মাতৃবান্ধব একটা জায়গা করে দিতে চাই। যেখানে মায়েরা নিশ্চিন্তে সেবা গ্রহণ করবেন। মায়ের অধিকার নিশ্চিত করার জন্য একটা লেবার প্রটোকল আমরা সরকারের কাছে দিয়েছিলাম। ২০১৬ সালে সরকার সেটা অনুমোদন করেছে। কমিউনিটি লেভেল পর্যন্ত মা যাতে তাঁর সঠিক সেবা পান, সেটা নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য। আমরা সরকারকে বলেছিলাম, যে ক্লিনিকগুলোতে লেবার রুম নেই, সেগুলোর জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। প্রাতিষ্ঠানিক ডেলিভারি না বাড়াতে পারলে আমরা এসডিজি অর্জন করতে পারব না। আমাদের উপজেলা, জেলা লেভেলসহ সব জায়গায় লেবার রুম এমন ভাবে করতে হবে, যেখানে মা এসে তাঁর পরিপূর্ণ সেবা নিতে পারেন।

অধ্যাপক ডা. সামিনা চৌধুরী

সাবেক সভাপতি, ওজিএসবি

অধ্যাপক সামিনা চৌধুরী

আমাদের দেশের আইনে আছে, আঠারোর আগে বিয়ে নয়, কুড়ির আগে সন্তান নয়। এর মধ্য দিয়ে কিশোরী মাতৃত্বকে মূলত না করা হয়েছে। কারণ, কিশোরী মাতৃত্বের ফলে অনেক ধরনের জটিলতা সৃষ্টি হয়। ডব্লিউএইচওর সংজ্ঞা অনুযায়ী, ১৮ থেকে ১৯ বছর বয়সের মেয়েদের কিশোরী বলে। কিশোরী মাতৃত্ব অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিশোর বয়সী মেয়ে সন্তান ধারণ, সন্তান প্রসব, লালন–পালন করার জন্য শারীরিক ও মানসিক কোনোভাবেই তৈরি থাকে না। এ অবস্থায় মা হলে তারা নানা জটিলতায় ভোগে। ৬০ শতাংশ কিশোরী মা রক্তাল্পতায় ভোগে। তাদের পুষ্টির অভাব থাকে। অ্যানিমিয়া থাকে। কিশোরী অবস্থায় গর্ভবতী হলে অ্যাবোরশন হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকে।

কলামসিয়ার মতো খিঁচুনি রোগ হতে পারে। বাধাগ্রস্ত প্রসব হয়। যার কারণে মা অনেক কষ্ট অনুভব করে। জরায়ুর চাপ বাচ্চা সহ্য করতে পারে না। বাচ্চা মারা যায়। যে কারণে মৃত সন্তান জন্মের সংখ্যা অনেক বেড়ে যায়। মায়ের জরায়ু ও যোনিপথ এক হয়ে অনবরত পেশাব হতে থাকে। মা জীবন্মৃত অবস্থায় বেঁচে থাকে। এর থেকে পরিত্রাণের উপায় হচ্ছে, আঠারোর আগে বিয়ে হলেও সন্তান জন্মের জন্য কুড়ি বছর পর্যন্ত অপেক্ষা করা। পরিবার পরিকল্পনা গ্রহণ করা। মা হওয়ার আগে পরিবার থেকে সব রকম সাপোর্ট দেওয়া। সুষম খাদ্যের ব্যবস্থা করা। গর্ভকালে আটটি চেকআপ করা। পাঁচটি টিকা দেওয়া। হাসপাতালে ডেলিভারি করা।

অধ্যাপক ডা. ফারহানা দেওয়ান

প্রেসিডেন্ট ইলেক্ট, ওজিএসবি

অধ্যাপক ফারহানা দেওয়ান

জন্মনিয়ন্ত্রণ দেশের স্বাস্থ্যসেবায় খুবই গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। এসডিজি লক্ষ্যমাত্রা নির্ধারণের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, একটি দম্পতি গড়ে কয়টি সন্তান জন্ম দিচ্ছেন। সেখানে বলা হচ্ছে, একটি দম্পতি ২ দশমিক ৫টি সন্তান জন্ম দিতে পারবেন, এ ক্ষেত্রে কন্ট্রাসেপ্টিভ ব্যবহার একটি বড় বিষয়। কত শতাংশ দম্পতি কন্ট্রাসেপ্টিভ (গর্ভনিরোধক) ব্যবহার করেন এর ওপর নির্ভর করবে জন্মহার বাড়া বা কমা। বর্তমানে আমাদের দেশে কন্ট্রাসেপ্টিভ ব্যবহার করেন ৬০ শতাংশ। প্রেগনেন্সি নিতে চাইছেন কিংবা নিতে চাইছেন না, এ রকম আছেন ১২ শতাংশ। বর্তমান জন্মহার ২ দশমিক ৩। ২০৩০ সালের মধ্যে তা ২ শতাংশের নিচে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এসডিজি অর্জন করতে পারব। জন্মনিয়ন্ত্রণ রোধে আমাদের দম্পতিরা যে পদ্ধতিগুলো নেন, তা হচ্ছে স্বল্প ও দীর্ঘমেয়াদি। স্বল্প মেয়াদির ক্ষেত্রে নারীরা পিল খেতে পারেন, পুরুষেরা কনডম ব্যবহার করবেন। দীর্ঘমেয়াদির দিকে আমাদের তাকাতে হবে। এ ক্ষেত্রে তিন ধরনের পদ্ধতি আমরা দেখতে পাই, প্রথমত তিন মাস পরপর একটা করে ইনজেকশন দেওয়া হয়। দ্বিতীয়, কপারটি। কপারটি আমরা ডেলিভারির পরই দিয়ে দিতে পারি। তৃতীয়, ইমপ্ল্যান্ট। এটা এক বছর, দুই বছর ও তিন বছর মেয়াদি হতে পারে। এ ক্ষেত্রে হাতের মধ্যে ছোট একটি রড লাগানো হয়। জন্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের যা করতে হবে, কাউন্সিলিং করতে হবে। মাঠকর্মী ও নার্সদের প্রশিক্ষণ দিতে হবে। সেবার ক্ষেত্রে মান নিশ্চিত করতে হবে।

অধ্যাপক ডা. গুলশান আরা

সেক্রেটারি জেনারেল, ওজিএসবি

অধ্যাপক গুলশান আরা

১৯৮৭ সালে নাইরোবিতে দিনটি প্রথম শুরু হয়েছিল। যখন সারা বিশ্বে প্রতিবছর পাঁচ লাখ মা মারা যাচ্ছিলেন, তখন জাতিসংঘসহ বিশ্বনেতারা অনুভব করলেন, মায়েদের জন্য কিছু করার। এরপর মাতৃমৃত্যু কমানোর জন্য কাজ শুরু হয়। বর্তমানে ২০৩০ সালের মধ্যে শিশুমৃত্যুর হার প্রতি হাজারে ১২ জনে নামিয়ে আনতে বলা হয়েছে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এ ক্ষেত্রে গর্ভপূর্ববতী সেবা দিতে হবে মাকে। নিরাপদ প্রসবের ব্যবস্থা করতে হবে। গর্ভপরবর্তী সেবা দিতে হবে। আমরা দেখি, গর্ভপরবর্তী সময়ে মায়েদের অধিক মৃত্যু হয়ে থাকে। তিনটি সেবা নিশ্চিত করতে পারলে আমরা নিরাপদ মা ও শিশু পাব। এ ক্ষেত্রে মায়েদের সচেতন করতে হবে। প্রশিক্ষণ দিতে হবে, পারিবারিক আচরণ সুস্থ হতে হবে, পুষ্টিগুণসম্পন্ন খাবার দিতে হবে। শিশুকে মায়ের দুধ পান করাতে হবে।

মো. মিজানুর রহমান

ডিজিএম, মার্কেটিং, ইনসেপটা ফার্মা

মো. মিজানুর রহমান

নিরাপদ মাতৃত্ব দিবসে আপনাদের পাশে থাকাই আমাদের কাজ। আমরা সব সময় আপনাদের সঙ্গে থেকে কাজ করে যেতে চাই। আমরা চাই, আপনাদের মূল্যবান বক্তব্যগুলো সবার কাছে পৌঁছে দিতে। সাধারণ মানুষকে সচেতন করতে।

গ্রন্থনা: সাইদুল হাসান