শিশুদের প্রায়ই জ্বর-জারি হয়। কিন্তু কোনো কোনো শিশুর বেশি জ্বর হলে খিঁচুনি দেখা দেয়। সাধারণত ছয় মাস থেকে ছয় বছর বয়সের শিশুদের মধ্যে এমনটা হতে দেখা যায়। বেশির ভাগ ক্ষেত্রেই তা ঘটে জ্বরের প্রথম দিনে। প্রচণ্ড জ্বর আর তার সঙ্গে হঠাৎ খিঁচুনির বিষয়টি মা-বাবাকে আতঙ্কগ্রস্ত করে তোলে। তবে সাধারণভাবে এই খিঁচুনি কয়েক মিনিটের মধ্যে আপনাআপনি থেমে যায় এবং অন্য কোনো স্বাস্থ্য সমস্যা তৈরি করে না।
খুব জ্বর হলে খেয়াল করা উচিত শিশুর খিঁচুনি শুরু হলো কি না। কীভাবে তা বুঝবেন? খিঁচুনি হলে শিশুর হাত-পা-মুখ বেঁকে যায়, গোঙাতে থাকে, একদৃষ্টে কোনো দিকে তাকিয়ে থাকে, অনেক সময় শিশু চেতনা হারায়।
এমনটা হলে কী করবেন?
জ্বর হলে শিশুকে প্যারাসিটামল দিয়ে ও স্পঞ্জ করে তাপমাত্রা কমাবেন। যেসব শিশুর জ্বর হলেই খিঁচুনি হয়, তাদের জন্য চিকিৎসকের পরামর্শ নিন। হঠাৎ অনেক জ্বর, খিঁচুনি ও ঘাড় শক্ত হয়ে যাওয়া অনেক সময় মেনিনজাইটিসের লক্ষণও হতে পারে। তাই সতর্ক থাকাই ভালো।
ডা. প্রণব কুমার চৌধুরী
বিভাগীয় প্রধান, শিশুস্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ