পাঠকের প্রশ্ন: ডায়েট

১০ কেজি বাড়তি ওজনে সন্তান ধারণে কী সমস্যা হয়

ডায়েট, ব্যায়াম ও ওজন কমানো–বাড়ানো নিয়ে পাঠকদের নির্বাচিত প্রশ্নের উত্তর দিয়েছেন বারডেম জেনারেল হাসপাতালের প্রধান পুষ্টিবিদ ও বিভাগীয় প্রধান শামছুন্নাহার নাহিদ

শামসুন্নাহার নাহিদ
শামসুন্নাহার নাহিদ

প্রশ্ন: আমার বিয়ে হয়েছে দুই মাস আগে। কিন্তু শ্বশুরবাড়ির সবাই আমাকে বারবার ওজন কমাতে বলছে। আমার উচ্চতার তুলনায় ১০ কেজি ওজন বেশি আছে। বয়স ২৭ বছর। তাঁরা বিভিন্ন কথা প্রসঙ্গে শুধু আমাকে ওজন কমাতে বলে। পোশাক পরলে বলে, আরেকটু ওজন কম হলে এই কাপড়ে তোমাকে মানাত। কখনো বলে, এটা খেয়ো না, ওটা বাদ দাও, না হলে ওজন আরও বাড়বে। এখন আবার বলছে, এত ওজন বেশি থাকলে তোমার তো বাচ্চা হবে না, অসুবিধা হবে।

আমার স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই বেশ স্লিম। আমি নিজে বিয়ের আগে ওজন নিয়ে কখনো মাথা ঘামাইনি। আমার বাড়ি থেকে কেউ কখনো বলেনি, তুমি অনেক মোটা।

এখন আমি কীভাবে ওজন কমাতে পারি? কোন ডায়েট করলে ভালো হবে। আসলেই ১০ কেজি বাড়তি ওজনে সন্তান ধারণে সমস্যা হয়?

নাম প্রকাশে অনিচ্ছুক

উত্তর: ওজন কমানো প্রয়োজন আপনার সুস্থতার জন্য। মাত্র দুই মাস বিয়ে হয়েই বাচ্চা নিতে হবে কি? ১০ কেজি বেশি ওজনে অন্তঃসত্ত্বা হওয়া সমস্যা না, তবে হবু মায়ের বেশি ওজন থাকলে গর্ভকালীন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকি তৈরি হতে পারে। তাই ওজন কমিয়ে বাচ্চা নেওয়া উচিত। ওজন কমাতে আপনার ডায়েট হবে—

১. কম ক্যালরির ব্যালান্সড খাবার।

২. একবারে বেশি না খেয়ে বারে বারে (৩-৪ ঘণ্টা পরপর) খেতে হবে, যাতে শরীরের প্রয়োজনীয় পরিমাণ শক্তি ও পুষ্টি পাওয়া যায়। আবার দীর্ঘক্ষণ না খেয়ে থাকা যাবে না। যাতে পরের বার যেন বেশি ক্ষুধা না লাগে (বেশি ক্ষুধা মেটাতে নিজের অজান্তেই বেশি খাওয়া হয়ে যাবে)।

৩. খাবারের ক্যালরি কমাতে হবে। তার জন্য রান্নায় তেল কম হবে, ডুবো তেলে ভাজা, বাইরের খাবার, কোমল পানীয়, মিষ্টিজাতীয় খাবার ইত্যাদি কিছুদিনের জন্য বাদ দিতে হবে।

৪. সবচেয়ে বেশি প্রয়োজন আপনার বাড়তি ওজন ঝরিয়ে ফেলা। এ জন্য প্রতিদিন ৪০-৬০ মিনিট দ্রুত হাঁটবেন বা পছন্দমতো ব্যায়াম করবেন।

৫. রাতে কমপক্ষে ৬ ঘণ্টা (যেমন রাত ১২টা থেকে সকাল ৬টা) ঘুমাবেন, রাত জাগবেন না, দিনে ঘুমাবেন না।

যদি সম্ভব হয় একজন পুষ্টিবিদের পরামর্শমতো সারা দিনের ডায়েট চার্ট তৈরি করে নিলে ভালো হয়।

পাঠকের প্রশ্ন, বিশেষজ্ঞের উত্তর

পাঠকের প্রশ্ন পাঠানো যাবে ই–মেইলে, ডাকে এবং প্র অধুনার ফেসবুক পেজের ইনবক্সে।

ই–মেইল ঠিকানা: adhuna@prothomalo.com

(সাবজেক্ট হিসেবে লিখুন ‘পাঠকের প্রশ্ন’)

ডাক ঠিকানা: প্র অধুনা,

প্রথম আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। (খামের ওপর লিখুন ‘পাঠকের প্রশ্ন’), ফেসবুক পেজ: fb.com/Adhuna.PA