থ্যালাসেমিয়া, শ্রবণপ্রতিবন্ধিতা আর দারিদ্র্য, কিছুই দমাতে পারেনি নন্দিতাকে

থ্যালাসেমিয়া, শ্রবণপ্রতিবন্ধিতা আর দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেছেন নন্দিতা পাল। বর্তমানে উন্নয়নকর্মী হিসেবে কাজ করছেন বান্দরবানে। শৈশব থেকে অসুস্থতা নিয়েও এগিয়ে চলার গল্প শোনালেন তিনি

জন্মগত থ্যালাসেমিয়ায় আক্রান্ত নন্দিতা পাল
ছবি: নন্দিতা পালের সৌজন্যে

অন্য শিশুরা যখন দৌড়ঝাঁপ আর খেলাধুলায় মেতে থাকত, আমি সামান্য পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়তাম। একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর আসত, সারাক্ষণ দুর্বল থাকত শরীর। এসব উপসর্গ থেকেই মাত্র তিন বছর বয়সে ধরা পড়ে, জন্মগতভাবে আমি থ্যালাসেমিয়ায় আক্রান্ত।

আমার রক্তের লোহিতকণিকা সময়ের আগেই ভেঙে যায়, তাই সারা জীবন আমাকে অন্যের রক্ত নিয়ে বাঁচতে হবে। কিন্তু শুরুতে রক্তশূন্যতা বা জন্ডিস ভেবে কবিরাজিসহ নানা অপচিকিৎসা চলেছে। সঠিক জ্ঞানের অভাব, অসচেতনতা আর অন্ধবিশ্বাসে সাধু, কবিরাজ, পানিপড়া আর তাবিজের পেছনে অনেক সময় ও অর্থ গেছে।

আমরা তখন বাবার সামান্য আয়ে চট্টগ্রামে থাকি। একদিন তিনি জানতে পারলেন কক্সবাজার মেমোরিয়াল হাসপাতালে আমি যে সমস্যায় ভুগছি তার ভালো চিকিৎসা হয়। ৯ বছর বয়সে সেখানে নেওয়ার পর আমার পরিবার প্রথম থ্যালাসেমিয়ার চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে পারে।

কিন্তু জানলেও নিয়মিত চিকিৎসা চালানো সম্ভব হতো না। থ্যালাসেমিয়ায় নিয়মিত বিরতিতে রক্ত নিতে হয়, অথচ আমার ক্ষেত্রে কখনো কখনো মাসের পর মাস রক্ত নেওয়া হয়নি। হিমোগ্লোবিন নেমে যেত চার-পাঁচে। শরীর এত দুর্বল লাগত যে পড়ায় মন বসত না, জ্বর আর নানা সমস্যা লেগেই থাকত।

পঞ্চম শ্রেণিতে পড়ার সময় আমার পিলে (প্লীহা বা স্পিল) বড় হয়ে পেট এত ফুলে গিয়েছিল যে হাঁটতেও কষ্ট হতো। অস্ত্রোপচার করে প্লীহা অপসারণ করতে হয়েছিল। অস্ত্রোপচারের পর দু-তিন মাস স্কুলে যেতে পারিনি।

আমার শারীরিক বৃদ্ধিও ঠিকমতো হয়নি। ষষ্ঠ-সপ্তম শ্রেণিতে পড়ার সময়ও এত ছোটখাটো ছিলাম যে অনেকে আমাকে দ্বিতীয়-তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ভাবত। সহপাঠীরা হাসাহাসি করত। অসুস্থতা কখনো আমাকে থামিয়ে দিয়েছে, কখনো পিছিয়ে দিয়েছে। কিন্তু পড়াশোনা ছেড়ে দেওয়ার কথা আমি কখনো ভাবিনি।

হাল ছাড়িনি

থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়েও পড়াশোনার পাশাপাশি চাকরি ও টিউশনি করে নন্দিতা নিজের খরচ চালাতেন

অষ্টম শ্রেণিতে ওঠার পর আর্থিক অসংগতির কারণে আমাদের ফেনীর ফুলগাজীতে জন্মভিটাতে চলে আসতে হয়। এখান থেকেই এসএসসি ও এইচএসসি পাস করি। ২০১০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাই। টিকে থাকার জন্য টিউশনি শুরু করি। আমার প্রথম টিউশনির বেতন ছিল মাত্র ৭০০ টাকা।

এরপর এক হাজার টাকার আরেকটি টিউশনি পাই। আমরা তিন ভাই–বোন। আমার ছোট ভাইয়েরও থ্যালাসেমিয়া, ছোট বোনটাও পড়াশোনা করছিল। তাদের সহায়তা করতে হতো। তাই দ্বিতীয় বর্ষে উঠে রমজান মাসে আড়ংয়ে সেলসম্যান হিসেবে কাজ শুরু করি।

পড়াশোনা, টিউশনি, চাকরি—সব একসঙ্গে চালাতে হতো। প্রতিদিন ছয় ঘণ্টা দাঁড়িয়ে কাজ করতাম, তারপর ক্লাস আর টিউশনি। শরীরে খুব কষ্ট হতো, অনেক সময় হাঁপিয়ে উঠতাম, তবু হাল ছাড়িনি।

সে সময় আমার শ্রবণশক্তির সমস্যাও বেড়ে যায়। ছোটবেলায় কানে ব্যথা হতো, কমাতে শর্ষের তেল আর রসুন দেওয়া হতো। সময়ের সঙ্গে সমস্যাটা জটিল হয়ে যায়। একসময় আড়ংয়ের চাকরিটাও ছাড়তে হয়।

এখন আমি হিয়ারিং এইড ব্যবহার করি। থ্যালাসেমিয়ার সঙ্গে শ্রবণপ্রতিবন্ধিতা যুক্ত হওয়ায় জীবনের চ্যালেঞ্জ আরও বেড়ে যায়। চিকিৎসার জন্য ভারতেও গিয়েছি। চিকিৎসক একটি অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন, ভারতীয় রুপিতে যার খরচ প্রায় ২০ লাখ। আমার পক্ষে তা সম্ভব হয়নি।

অনার্স চতুর্থ বর্ষে দিনগুলো আরও কঠিন হয়ে ওঠে। সকাল ছয়টায় টিউশনির জন্য বের হতাম, ফিরতে ফিরতে রাত সাড়ে এগারোটা। আর্থিক অসচ্ছলতার কারণে সমাজের নানা শ্রেণির মানুষের কাছ থেকে নানা আচরণের মুখোমুখি হয়েছি, এখনো হই।

অর্থনৈতিক অবস্থান যে মানুষের সামাজিক মর্যাদা আর অন্যদের আচরণকে কতটা প্রভাবিত করে, তার প্রমাণ আমি নিজের জীবনেই পেয়েছি।

অসুস্থতা আর চিকিৎসার খরচে নিজের প্রয়োজনীয় খরচ মেটানোও কঠিন হয়ে পড়ত। বন্ধুদের সঙ্গে কোথাও যাওয়া, পছন্দমতো পোশাক কেনা, কোনো শখ পূরণ করা, অনেক কিছুই সম্ভব হতো না।

তবে বন্ধু, শিক্ষক ও কিছু মানুষের নিঃস্বার্থ সহযোগিতা যে পাইনি, তা বললে ভুল হবে। রক্তের প্রয়োজনে অনেকে পাশে দাঁড়িয়েছেন। চট্টগ্রামের বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়ার সময় একবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে শ্রদ্ধেয় মোমিন স্যার নিজে রক্ত দিতে ছুটে এসেছিলেন।

আমার গৃহশিক্ষকেরা সাহস জুগিয়েছেন। স্কুল-কলেজের অনেক শিক্ষক আমার অসচ্ছলতার কথা জেনে প্রাইভেট পড়ানোর সম্মানী নেননি। চিকিৎসকেরা সবসময় প্রচেষ্টা চালিয়েছেন আমাকে সুস্থ রাখার।

কাজের জীবন

২০১৬ সালে স্নাতকোত্তর শেষ হয়। তার আগেই চাকরির চেষ্টা করি। শুরুতে বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানের ইন্টারভিউতে নেতিবাচক মন্তব্য শুনতে হয়েছে। অপমানজনক কথা শুনে ইন্টারভিউ থেকে বেরিয়ে রাস্তার পাশে বসে কেঁদেছি। একসময় খুব হতাশ হয়ে পড়েছিলাম, তবে শেষ পর্যন্ত সামলে নিয়েছি।

পরে নিজের যোগ্যতায় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। কাজের জায়গায়ও বৈষম্য পেয়েছি। নারী এবং শারীরিকভাবে অসুস্থ বলে যোগ্যতা অনুযায়ী দায়িত্ব বণ্টন কিংবা পদোন্নতিতে আমাকে বঞ্চিত করা হয়েছে। তবু থেমে যাইনি। কক্সবাজারে রোহিঙ্গা জনগোষ্ঠী ও স্থানীয় মানুষের সঙ্গে কাজ করেছি। যে প্রতিবন্ধকতার কারণে একসময় ইন্টারভিউতে অপমানিত হতাম, সেই প্রতিবন্ধকতা নিয়েও একসময় অন্য প্রতিবন্ধী মানুষের কর্মসংস্থান ও স্বাবলম্বিতার জন্য কাজ করেছি।

বর্তমানে সরকারের নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্পে একশনএইড বাংলাদেশের হয়ে নারীসুরক্ষা নিয়ে কাজ করছি। কর্মস্থল বান্দরবান।

নিজের কথা

নন্দিতা বর্তমানে উন্নয়নকর্মী হিসেবে কাজ করছেন বান্দরবানে

থ্যালাসেমিয়ার কারণে আমার শারীরিক গঠন ও চেহারায় পরিবর্তন এসেছে। ছোটবেলা থেকে যথাযথ চিকিৎসা পেলে হয়তো কিছু পরিবর্তন কম হতো। আমার আসল চেহারা কেমন হতে পারত, তা আমি জানি না।

দীর্ঘদিনের চিকিৎসার প্রভাবে চুল পড়ে যাওয়ায় চুল কেটে ফেলতে হয়েছে। এর মধ্যে ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে আমাকে যকৃতের টিউমার, পিত্তথলি, টনসিল ও অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে।

থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের পরিবারগুলো প্রায়ই চিকিৎসার খরচ চালাতে পারে না। অসুস্থ সন্তানকে বোঝা মনে করা হয়, কখনো তার পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়। আবার অনেকে সামর্থ্য থাকলেও সন্তানকে পড়াশোনা করে স্বাবলম্বী হতে উৎসাহ দেন না। এটা ঠিক নয়।

কোনো শিশুকে শুধু অসুস্থ বলে তার ভবিষ্যৎ থেকে বঞ্চিত করা উচিত নয়। আমি মনে করি, বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা বাধ্যতামূলক করার বিষয়ে বাংলাদেশে কার্যকর উদ্যোগ নেওয়া দরকার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত মানুষের নিয়মিত চিকিৎসা, ওষুধ ও রক্ত পাওয়ার সুযোগ আরও সহজ হওয়া উচিত।

আমার গল্প শুধু একজন অসুস্থ বা প্রতিবন্ধী নারীর গল্প হিসেবে পরিচিত না হোক। বরং দীর্ঘমেয়াদি রোগ নিয়েও যে বেঁচে থাকা যায়, প্রতিদিনের জীবন তাঁর জন্য যত কঠিনই হোক, দিন শেষে লড়াই করে বেঁচে থাকা সম্ভব, এটাই আমার গল্পের সারকথা।

সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর অধিকার, মর্যাদা, মানবিকতাসহ নানা বিষয়ে আমি লিখি। শুধু নারীর নয়, পুরুষের অধিকার ও ন্যায্যতার কথাও বলি। আমি মানুষ হিসেবে ন্যায়, সম্মান ও সমতায় বিশ্বাস করি।

কয়েক বছর আগে বাংলাদেশি খাবার ও তাঁতশিল্পের প্রতি ভালোবাসা থেকে ‘বৃহঙ্গনা’ নামে একটি অনলাইন পেজ শুরু করেছিলাম। নিজের একটা ব্যবসা দাঁড় করানোর খুব ইচ্ছা ছিল। কিছু কারণে চালিয়ে যেতে পারিনি, তবে আবার শুরু করার ইচ্ছাটা এখনো আছে।

অবসরে আমার সবচেয়ে ভালো লাগে বই পড়তে আর রান্না করতে। মন ভালো রাখতে সচেতনভাবে চেষ্টা করি। কাজের প্রয়োজনে পরিবার থেকে দূরে একা থাকি, কিন্তু নিজের মতো করে ভালো আছি।