বর্তমানে নারী–পুরুষনির্বিশেষে অনেকেই চুলে রং করে থাকেন বা ডাই ব্যবহার করেন। রং ব্যবহারে অনেকের অ্যালার্জি দেখা দিতে পারে। সাধারণত রং ব্যবহারের এক থেকে দুই দিনের মধ্যে এই অ্যালার্জি দেখা দেয়।
চুলে রং ব্যবহারের পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে যদি মাথার ত্বকে, মুখে বা ঘাড়ে চুলকানি, লাল ভাব, ফুলে যাওয়া বা ফোসকা ইত্যাদি দেখা দেয়, তাহলে বুঝতে হবে অ্যালার্জি হয়েছে। সাধারণত চুলে ব্যবহৃত ডাইয়ে প্যারা ফিনিলিনডাইঅ্যামাইন (পিপিডি) নামক একটি রাসায়নিক থাকে, যা এই অ্যালার্জির জন্য দায়ী। অ্যালার্জির তীব্রতা অনুযায়ী লক্ষণে ভেদাভেদ থাকতে পারে।
মুখ ও মাথা বা ঘাড়ের ত্বকে র্যাশ, চুলকানি, জ্বালাপোড়া, কখনো চোখের পাতা ফুলে যাওয়া।
কপাল, কানের পাশ বা ঘাড়ে ত্বক শুষ্ক হয়ে ফেটে যাওয়া, লাল হওয়া ও চুলকানি।
তীব্র প্রতিক্রিয়া হলে এর সঙ্গে শ্বাসকষ্ট, রক্তচাপ কমে যাওয়া বা হঠাৎ অচেতন হয়ে পড়া।
চুলের ডাইয়ে, বিশেষ করে গাঢ় রঙের স্থায়ী রঙে প্যারা ফিনিলিনডাইঅ্যামাইন বা পিপিডি নামে একধরনের রাসায়নিক থাকে, যা এই অ্যালার্জির জন্য মূলত দায়ী। অস্থায়ী কালো মেহেদিতে এ ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়, যা তীব্র অ্যালার্জি সৃষ্টি করতে পারে। এ ছাড়া অ্যামোনিয়াম থায়োগ্লাইকোলেট, পারঅক্সাইড বা রিসোরসিনল–জাতীয় রাসায়নিকেও প্রতিক্রিয়া দেখা দেয়।
অ্যালার্জি দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে মাথার ত্বক শ্যাম্পু ও পানি দিয়ে দ্রুত ধুয়ে ফেলুন।
স্টেরয়েড মলম লাগাতে পারেন। প্রয়োজনে অ্যান্টিহিস্টামিন–জাতীয় ওষুধ খেয়ে নিন।
মাথার ত্বক জ্বালা করলে অনেক সময় অ্যালোভেরা জেল, নারিকেল তেল বা অলিভ অয়েল লাগালে জ্বালা কমে।
অ্যালার্জির তীব্র লক্ষণ দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
যাদের অ্যালার্জির প্রবণতা আছে, তারা চুলে রং ব্যবহার করার আগে প্যাচ টেস্ট বা সামান্য অংশে একটু লাগিয়ে টেস্ট করে দেখতে পারেন। এ টেস্টে ৪৮ ঘণ্টা অপেক্ষা করে যদি কোনো প্রতিক্রিয়া না হয়, তাহলে পুরো ত্বকে ব্যবহার করা যাবে। কালো মেহেদি ব্যবহার না করা ভালো। সম্ভব হলে অ্যামোনিয়া ও পিপিডিমুক্ত সাময়িক ডাই ব্যবহার করা উচিত।
অধ্যাপক ডা. আসিফুজ্জামান, বিভাগীয় প্রধান, চর্মরোগ বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, ঢাকা