
পরামর্শ দিয়েছেন—ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের নাক কান গলাবিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন অধ্যাপক ডা. এম আর ইসলাম
আমি একজন পুরুষ সংগীতশিল্পী। ছোটবেলা থেকে নজরুলসংগীত গাই। আমার বয়স এখন ৪৭ বছর। দুই বছর ধরে রেওয়াজ করার সময় ও মঞ্চে গাইতে খুব অসুবিধা হচ্ছে। গলা খুসখুস করে, অনেক সময় গলা বসে যায়। জানুয়ারি মাসে পরপর দুটি অনুষ্ঠানে গাইতে পারিনি। এ সমস্যা আমার আগে সেভাবে হয়নি, তাই কী করব বুঝতে পারছি না। পরামর্শ পেলে উপকার হবে, অগ্রিম ধন্যবাদ।
নাম প্রকাশে অনিচ্ছুক
দীর্ঘদিন ধরে কণ্ঠের এমন সমস্যা যেকোনো সংগীতশিল্পীর জন্য সত্যিই উদ্বেগের বিষয়। বর্তমান অবস্থায় আপনার প্রধান কাজ হলো, যত দ্রুত সম্ভব একজন নাক কান গলা বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একটি ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি (এফওএল) পরীক্ষা করিয়ে আপনার কণ্ঠনালি ও ভোকাল কর্ডের প্রকৃত অবস্থা জেনে নিন। কোনো ধরনের সংক্রমণ বা জটিলতা শনাক্ত হলে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করুন।
প্রাথমিক পদক্ষেপ হিসেবে আপাতত গান গাওয়া, রেওয়াজ করা বা উচ্চস্বরে কথা বলা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। কমপক্ষে দুই সপ্তাহ কণ্ঠের পূর্ণ বিশ্রাম (ভয়েস রেস্ট) নিশ্চিত করুন। ধূমপান বা মদ্যপানের অভ্যাস থাকলে সম্পূর্ণ পরিহার করুন। এ ছাড়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাতে একটি করে মন্টেলুকাস্ট ও বিলাস্টিন (১০ মি.গ্রা.) জাতীয় ওষুধ খেতে পারেন। দ্রুত রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা গ্রহণ করলে আশা করি, আপনি আবারও স্বাভাবিকভাবে গান গাইতে পারবেন।
ই–মেইল ঠিকানা: adhuna@prothomalo.com (সাবজেক্ট হিসেবে লিখুন ‘স্বাস্থ্য জিজ্ঞাসা ’)
ডাক ঠিকানা: অধুনা, প্রথম আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। (খামের ওপর লিখুন ‘পাঠকের প্রশ্ন’)
ফেসবুক পেজ: fb.com/Adhuna.PA