বাইরে খেতে গেলে আমরা সাধারণত খাবারের মান, স্বাদ কিংবা পরিবেশ নিয়েই ভাবি
বাইরে খেতে গেলে আমরা সাধারণত খাবারের মান, স্বাদ কিংবা পরিবেশ নিয়েই ভাবি

রেস্তোরাঁর সবচেয়ে বেশি জীবাণুবাহী জিনিসটির নাম জানেন? হয়তো আপনার সন্দেহের তালিকাতেই নেই

বাইরে খেতে গেলে আমরা সাধারণত খাবারের মান, স্বাদ কিংবা পরিবেশ নিয়ে ভাবি। কিন্তু খাওয়ার আগে হাতে নেওয়া একটি জিনিস থেকেই শরীরে প্রবেশ করতে পারে অনেক জীবাণু। গবেষকদের মতে, রেস্তোরাঁর সবচেয়ে জীবাণুযুক্ত বস্তুটি হলো—মেনু।

মেনু কেন সবচেয়ে জীবাণুযুক্ত

বেশির ভাগ রেস্তোরাঁয় একই মেনু প্রতিদিন শত শত মানুষ ব্যবহার করে। একজন গ্রাহক মেনু দেখে ফেরত দেওয়ার পর আরেকজন সেটি হাতে নেয়। অনেক ক্ষেত্রে মেনু পরিষ্কার করা হলেও তা যথাযথভাবে জীবাণুমুক্ত করা হয় না।

কানাডীয় লেখক ও অণুজীববিজ্ঞানী জেসন টেট্রোর গবেষণায় দেখা গেছে, টেবিলে রাখা বিভিন্ন জিনিসের মধ্যে পুনর্ব্যবহারযোগ্য মেনুতেই সবচেয়ে বেশি জীবাণু জমা থাকে। বিশেষ করে প্লাস্টিকে মোড়ানো বা লেমিনেটেড মেনু বারবার স্পর্শের কারণে জীবাণু সহজে ছড়ায়।

শুধু মেনুই নয়

রেস্তোরাঁর টেবিলে থাকা কেচাপের বোতল, লবণদানি, মরিচদানি কিংবা সসের বোতলও জীবাণুর নিরাপদ আশ্রয় হতে পারে। কারণ, এসব জিনিস দিনে অনেক মানুষ স্পর্শ করে।

গবেষকদের মতে, রেস্তোরাঁর সবচেয়ে জীবাণুযুক্ত বস্তুটি হলো—মেনু

শহরের ব্যস্ত রেস্তোরাঁ কিংবা মহাসড়কের পাশের খাবার হোটেল—সব জায়গায়ই একই চিত্র দেখা যায়। কর্মীরা টেবিল পরিষ্কার করলেও অনেক সময় একই কাপড় দিয়ে একাধিক টেবিল, চেয়ার ও বোতল মুছে থাকেন। এতে এক জায়গার জীবাণু অন্য জায়গায় ছড়িয়ে পড়তে পারে।

সংক্রমণ কীভাবে ছড়ায়

ধরা যাক, কোনো ব্যক্তি হাত না ধুয়ে মেনু বা কেচাপের বোতল স্পর্শ করলেন। পরে আপনি সেটি ধরলেন এবং অজান্তে চোখ, নাক বা মুখে হাত দিলেন। তখন জীবাণু আপনার শরীরে প্রবেশের সুযোগ পায়।

বিশেষজ্ঞদের মতে, কিছু ভাইরাস ও ব্যাকটেরিয়া কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাই হাতের পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রেস্তোরাঁয় খেতে গেলে কী করবেন

খাওয়ার আগে হাত ধুয়ে নিন: সাবান ও পানি দিয়ে ভালোভাবে হাত ধোয়া সবচেয়ে কার্যকর উপায়। রেস্তোরাঁয় প্রবেশের পর এবং খাবার শুরু করার আগে হাত ধুয়ে নেওয়া ভালো।

সঙ্গে রাখুন হ্যান্ড স্যানিটাইজার: সব সময় হাত ধোয়ার সুযোগ না–ও থাকতে পারে। সে ক্ষেত্রে অ্যালকোহলভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারেন।

রেস্তোরাঁয় প্রবেশের পর এবং খাবার শুরু করার আগে হাত ধুয়ে নিন

মুখে হাত দেওয়া কমান: মেনু দেখার সময় বা খাবারের অপেক্ষায় থাকতে থাকতে অনেকেই মুখে হাত দেন। এই অভ্যাস সংক্রমণের ঝুঁকি বাড়ায়।

ডিজিটাল মেনু ব্যবহার করুন: বর্তমানে অনেক রেস্তোরাঁয় কিউআর কোড স্ক্যান করে মেনু দেখার ব্যবস্থা আছে। এতে স্পর্শ কম হয়।

শিশুদের বিষয়ে সতর্ক থাকুন: শিশুরা সাধারণত টেবিলের বিভিন্ন জিনিস স্পর্শ করে এবং পরে হাত মুখে দেয়। তাই তাদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন।
আতঙ্কিত হওয়ার কিছু নেই

রেস্তোরাঁর মেনু বা টেবিলে জীবাণু থাকলেই যে সবাই অসুস্থ হয়ে পড়বেন, বিষয়টি এমন নয়। সুস্থ মানুষের রোগ প্রতিরোধক্ষমতা অনেক জীবাণুর বিরুদ্ধে কাজ করে। তবে ব্যক্তিগত পরিচ্ছন্নতার সাধারণ নিয়মগুলো মেনে চললে ঝুঁকি আরও কমানো সম্ভব।

বাইরে খাওয়াদাওয়া সামাজিক জীবনের অংশ। তাই আতঙ্ক নয়, সচেতনতাই হতে পারে নিরাপদ থাকার সবচেয়ে সহজ উপায়।

সূত্র: রিডার্স ডাইজেস্ট