অতি বেগুনি রশ্মি হতে ত্বকের সুরক্ষায় যেসব সামগ্রী ব্যবহার করা হয়, তা সানস্ক্রিন
অতি বেগুনি রশ্মি হতে ত্বকের সুরক্ষায় যেসব সামগ্রী ব্যবহার করা হয়, তা সানস্ক্রিন

সানবার্ন ও সানস্ক্রিন নিয়ে যা জানা থাকা দরকার

সমগ্র বিশ্বে সূর্যকিরণে ত্বকের ক্ষতি থেকে রক্ষায় বিভিন্ন সামগ্রী ও সানস্ক্রিন ব্যবহার করছেন। প্রথমেই সূর্যকিরণ সম্পর্কে কিছু ধারণা দিই। সূর্যকিরণে বিভিন্ন ধরনের রশ্মি থাকে। যেমন অতি বেগুনি রশ্মি বা আলট্রা ভায়োলেট রে। এটা আবার তিন ধরনের আলট্রাভায়োলেট এ, বি ও সি। ভিজিবল লাইট বা ঘরে ব্যবহার্য লাইট। ইনফ্রারেড লাইট, যা এক্স-রেতে ব্যবহৃত হয়।

ত্বকের ক্ষতি করে অতি বেগুনি রশ্মি। আলট্রাভায়োলেট সি ওজোন স্তরে শোষিত হয়। এটা পৃথিবীতে এসে পৌঁছায় না। সুতরাং এটা ক্ষতি করে না। ক্ষতি করে আলট্রাভায়োলেট এ ও বি রশ্মি। সবচেয়ে বেশি ক্ষতিকর আলট্রাভায়োলেট বি।

অতি বেগুনি রশ্মি কী ক্ষতি করে

ত্বক পুড়ে যায় বা সানবার্ন হয়। লালচে বা বাদামি রং ধারণ করে। ফোসকা পড়া, জ্বালাপোড়া করা, বলিরেখা পড়া, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া বেশি ও ত্বকের রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়। বেশি ক্ষতিকর সময় সকাল ৯টা থেকে বেলা ৩টা।
মাঝ দুপুরে ৩-৪ গুণ বেশি ক্ষতিকর। বালু, বরফ, পানি ও পাহাড়ের উঁচুতে আলো বেশি প্রতিফলিত হয় বিধায় বেশি ক্ষতিকর। মাঝদুপুরে সূর্যকিরণ এড়িয়ে চলতে হবে। চেষ্টা করতে হবে ছায়ায় থাকার। ব্যবহার করতে হবে ছাতা। পুরোনো ঢিলেঢালা কাপড়, টুপি ব্যবহার করুন। উপযুক্ত সানস্ক্রিন ব্যবহার করতে হবে।

সানস্ক্রিন নিয়ে যা জানতে হবে

অতি বেগুনি রশ্মি হতে ত্বকের সুরক্ষায় যেসব সামগ্রী ব্যবহার করা হয়, তা সানস্ক্রিন। কেমিক্যাল সানস্ক্রিন অতি বেগুনি রশ্মি শোষণ করে নেয়। আর ফিজিক্যাল সানস্ক্রিন অতি বেগুনি রশ্মি ব্লক করে দেয়। সান স্ক্রিন স্প্রে, ক্রিম, জেল হিসেবে পাওয়া যায়।

যেসব সানস্ক্রিন আলট্রাভায়োলেট এ ও বি—উভয় রশ্মির ক্ষতি কমাতে পারে তা ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন নামে পরিচিত। প্রতিটি সানস্ক্রিনের গায়ে এসপিএফ লেবেল থাকে। এসপিএফ মানে সান প্রটেকটিভ পাওয়ার। অর্থাৎ কোন সানস্ক্রিনের অতি বেগুনি রশ্মি থেকে প্রতিরোধে ক্ষমতা কতটা। ত্বকের ধরন অনুযায়ী এসপিএফ নির্ধারিত হয়। এই উপমহাদেশের মানুষের ত্বকের ধরন টাইপ-৪ ও ৫–এর মধ্যে। আমাদের জন্য এসপিএফ ৩০+ থেকে এসপিএফ ৫০+ ব্যবহার করা উত্তম।

সানস্ক্রিন ব্যবহারের নিয়ম

উত্তম হলো ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন। বাইরে বের হওয়ার ২০-৩০ মিনিট আগে শরীরের উন্মুক্ত স্থানে ব্যবহার করতে হবে। ঘাম বেশি হলে অথবা সানস্ক্রিন লাগানোর পর ধুয়ে ফেলা বা গোসল করলে আবার লাগাতে হবে। যেহেতু ত্বকের ধরন অনুসারে সানস্ক্রিন ব্যবহার করতে হয়, তাই উত্তম হলো চর্মরোগবিশেষজ্ঞের পরামর্শ নেওয়া।

ডা. মো. মোশাররফ হোসেন, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, সিনিয়র কনসালট্যান্ট, চেম্বার: আলোক হেলথকেয়ার, মিরপুর-১০, ঢাকা