অধিকাংশ ক্ষেত্রে আপনিই আপনার ভাগ্যনিয়ন্ত্রক। গ্রহ-নক্ষত্রের প্রভাব জীবনে ভূমিকা রাখলেও আপনার সিদ্ধান্ত ও কর্মই চূড়ান্ত পরিণতি নির্ধারণ করে। সাহস, ধৈর্য ও সঠিক মানসিকতা আপনাকে যেকোনো পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রতি শনিবার ‘এ সপ্তাহের রাশিফল’ লিখছেন জ্যোতিষী চিন্ময় বড়ুয়া
এ সপ্তাহের রাশিফল (১০ অক্টোবর-১৬ অক্টোবর ২০২৬)
এ সপ্তাহে দাম্পত্য জীবন ও ব্যক্তিগত নানা বিষয়কে ঘিরে সাময়িক অস্থিরতা দেখা দিতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে কোনো বিষয় নিয়ে মতের অমিল থেকে উত্তপ্ত কথাবার্তা হলেও তা বেশিক্ষণ স্থায়ী হওয়ার আশঙ্কা নেই। কিছুটা দূরত্ব তৈরি হলেও পরে আবার স্বাভাবিক সম্পর্ক ফিরে আসতে পারে। তাই আবেগের মুহূর্তে সম্পর্ক নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়াই ভালো।
জীবনসঙ্গীর স্বাস্থ্য কিংবা হঠাৎ বাড়তি কোনো ব্যয় নিয়ে দুশ্চিন্তা তৈরি হতে পারে। তবে অর্থনৈতিক ক্ষেত্রে অন্য একটি দিক থেকে স্বস্তির খবর আসার সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ, সঞ্চয় কিংবা ভবিষ্যৎ পরিকল্পনার কোনো উদ্যোগ প্রত্যাশার চেয়ে ভালো ফল দিতে পারে।
কর্মক্ষেত্রে সহকর্মী বা কাছের কারও সমস্যা সমাধানের দায়িত্ব নিতে গিয়ে নিজের ওপর অতিরিক্ত চাপ নেবেন না। সবকিছুর মধ্যে নিজেকে জড়িয়ে ফেলার প্রয়োজন নেই। এই সপ্তাহের সাময়িক বিরোধগুলোকে স্থায়ী সমস্যা হিসেবে দেখারও দরকার নেই। সম্পর্ককে স্থিতিশীল রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে ধৈর্য, সংযত আচরণ এবং একে অপরের অবস্থান বোঝার চেষ্টা।
মন যখন ভালোবাসা, সৌন্দর্য ও সৃষ্টিশীলতায় ভরে উঠবে, তখন কৌতূহলও আপনাকে নানা নতুন অভিজ্ঞতার দিকে টানতে পারে। সম্পর্কের ক্ষেত্রে আবেগ বাড়বে এবং কারও প্রতি আকর্ষণও তৈরি হতে পারে। শিল্প, লেখালেখি কিংবা সৃজনশীল কাজের সঙ্গে যুক্তদের জন্য সময়টি অনুপ্রেরণাদায়ক। তবে সব আকর্ষণ নিরাপদ নয়—এই কথাটি মনে রাখা জরুরি। অন্যের ব্যক্তিগত বিষয়ে অতিরিক্ত আগ্রহ, গোপন তথ্য জানার চেষ্টা বা অপ্রয়োজনীয় সম্পর্কে জড়িয়ে পড়া পরবর্তী সময়ে বিরোধ তৈরি করতে পারে।
কর্মক্ষেত্রেও সহকর্মীর ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকুন। প্রেমের ক্ষেত্রে আবেগকে যুক্তির সঙ্গে মিলিয়ে দেখা প্রয়োজন। সন্তানদের নিয়ে আনন্দের পাশাপাশি কিছু দায়িত্বও বাড়তে পারে। নিজের প্রতিভাকে সঠিক জায়গায় ব্যবহার করতে পারলে সপ্তাহটি বেশ ফলপ্রসূ হবে। কৌতূহল যেন অযথা জটিলতার কারণ না হয়—এই সতর্কতাটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বাড়ি ও পরিবারকে ঘিরে বেশ কিছু ইতিবাচক পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসতে পারে। নতুন করে ঘর সাজানো, সংস্কার করা কিংবা সম্পত্তিসংক্রান্ত কোনো উদ্যোগ নেওয়ার জন্য সময়টি উৎসাহব্যঞ্জক। পরিবারের পরিবেশে আনন্দের কোনো খবরও আসতে পারে। যাঁরা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য মানসিকভাবে আশাব্যঞ্জক সময় হতে পারে। সন্তানদের পড়াশোনা বা প্রতিভা নিয়েও ভালো কিছু ঘটতে পারে। তবে যানবাহন কেনার ক্ষেত্রে একটু অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ। নতুন গাড়ি বা বাইক কিনলে পরবর্তী সময়ে মেরামত বা অতিরিক্ত রক্ষণাবেক্ষণের খরচ তৈরি হতে পারে।
পরিবারের সঙ্গে সময় কাটানো এবং ব্যক্তিগত পরিসরকে সুন্দর করে তোলার ইচ্ছা বাড়বে। পুরোনো কোনো পারিবারিক পরিকল্পনা আবার সামনে আসতে পারে। বাড়িসংক্রান্ত সিদ্ধান্তে পরিবারের সবার মতামত নেওয়া ভালো। আনন্দের বিষয়গুলো উপভোগ করুন, কিন্তু বড় কেনাকাটায় কিছুটা সংযম রাখুন।
দূরে কোথাও যাওয়ার প্রয়োজন না থাকলেও ছোটখাটো ভ্রমণ বা পরিচিত পরিবেশের বাইরে কিছু সময় কাটানো আপনার মনকে অনেকটাই হালকা করে দিতে পারে। কাছাকাছি কোথাও ঘুরে আসা, প্রিয়জনের সঙ্গে সময় কাটানো কিংবা নিরিবিলি কোনো জায়গায় বসে কথা বলা মানসিক প্রশান্তি এনে দেবে। বাড়ির ব্যক্তিগত পরিবেশে বসে কারও সঙ্গে গুরুত্বপূর্ণ যোগাযোগ করার ইচ্ছা বাড়তে পারে। অনেক কথা বাইরে প্রকাশ করার বদলে নিজের নিরাপদ পরিসরে কাউকে মনের কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন।
পরিবারের কোনো সদস্যের সঙ্গে দীর্ঘদিনের দূরত্ব কমানোর সুযোগও আসতে পারে। ছোট ভ্রমণ কর্মক্ষেত্রের একঘেয়েমি কাটাতে সাহায্য করবে। লেখালেখি, পড়াশোনা বা অনলাইনে যোগাযোগের ক্ষেত্রেও মনোযোগ বাড়তে পারে। তবে আবেগের মুহূর্তে পরিবারের কোনো ব্যক্তিগত বিষয় বাইরের মানুষের সঙ্গে আলোচনা করবেন না। শান্ত পরিবেশ এবং কাছের মানুষের সঙ্গ—এ দুই বিষয়ই এবার আপনার মানসিক শক্তি ফিরিয়ে দিতে পারে।
ভাইবোন বা কাছের আত্মীয়কে দেওয়া কোনো অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে মজার বিষয় হলো, টাকা হাতে আসার কিছুদিনের মধ্যেই সেই একই ব্যক্তি আবার সাহায্যের আবেদন করতে পারেন। তাই এবার অর্থের বিষয়ে সীমারেখা নির্ধারণ করা প্রয়োজন। কাছাকাছি কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকলে তা থেকে আনন্দের পাশাপাশি উপহার বা পছন্দের কোনো মূল্যবান সামগ্রী পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
ব্যক্তিগত ব্যবহার্য সুন্দর জিনিস কেনার সুযোগ তৈরি হতে পারে। যোগাযোগের মাধ্যমে পুরোনো কোনো সম্পর্ক আবার সক্রিয় হতে পারে। ভাইবোনের সঙ্গে কোনো ভুল–বোঝাবুঝি থাকলে তা মিটিয়ে নেওয়ার সুযোগ আসবে। তবে আর্থিক সহযোগিতা করতে গিয়ে নিজের বাজেট যেন নষ্ট না হয়, সেদিকে নজর রাখুন। ভ্রমণ বা বাইরে যাওয়ার ছোটখাটো পরিকল্পনা মানসিকভাবে আপনাকে সতেজ করবে। নিজের উদারতা বজায় রাখুন, কিন্তু একই সঙ্গে নিজের আর্থিক নিরাপত্তার কথাও ভুলে যাবেন না।
নিজের মূল্য, আয় এবং কর্মক্ষেত্রে প্রাপ্যতার বিষয়টি নিয়ে এবার আপনি বেশ সচেতন হয়ে উঠতে পারেন। বেতন, পাওনা, ব্যাংকিং বা আর্থিক সুবিধা নিয়ে কর্মক্ষেত্রে কারও সঙ্গে মতবিরোধ তৈরি হওয়ার আশঙ্কা আছে। এমন পরিস্থিতি আপনাকে বর্তমান চাকরি বা কর্মপরিবেশ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করতে পারে। কেউ কেউ চাকরি পরিবর্তন, কর্মস্থল বদল কিংবা অন্য শহরে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন। তবে রাগের মুহূর্তে পদত্যাগ বা বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। নিজের প্রাপ্য নিয়ে কথা বলুন, কিন্তু তথ্য ও প্রমাণ হাতে রেখে।
পরিবারের আর্থিক দায়িত্বও কিছুটা বাড়তে পারে। নিজের দক্ষতার মূল্যায়ন করার জন্য সময়টি গুরুত্বপূর্ণ। আপনি যদি মনে করেন, বর্তমান জায়গায় আপনার যোগ্যতার যথাযথ মূল্য দেওয়া হচ্ছে না, তাহলে বিকল্প সুযোগ খোঁজা শুরু করতে পারেন। পরিবর্তনের ইচ্ছা এবার শুধু আবেগ নয়, বাস্তব প্রয়োজন থেকেও আসতে পারে।
নিজেকে খুশি করার ইচ্ছা এবার বেশ প্রবল হতে পারে। পোশাক, সৌন্দর্যচর্চা, ভ্রমণ, শখ কিংবা নিজের জন্য কোনো দামি জিনিস কেনার প্রবণতা বাড়বে। সমস্যা হবে তখনই, যখন প্রয়োজনের চেয়ে ইচ্ছার জায়গাটি বড় হয়ে যাবে। অপ্রয়োজনীয় খরচ জমতে জমতে বাজেটে চাপ তৈরি করতে পারে। তাই নিজের জন্য খরচ করার আগে কিছুটা অংশ সঞ্চয় বা বিনিয়োগের জন্য আলাদা করে রাখুন।
কাউকে সাহায্য করা কিংবা কোনো সামাজিক বা মানবিক কাজে অর্থ ব্যয় করাও মানসিক তৃপ্তি দিতে পারে। ব্যক্তিগত জীবনে নিজের প্রতি যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে, তবে আত্মতুষ্টি যেন অপচয়ে পরিণত না হয়। হঠাৎ কোনো ভ্রমণের পরিকল্পনা তৈরি হতে পারে। নিজের চেহারা, পোশাক বা জীবনযাপনে পরিবর্তন আনার ইচ্ছাও বাড়বে। অর্থের ক্ষেত্রে ‘আমি এটা চাই’ এবং ‘আমার এটা প্রয়োজন’—এই দুইয়ের পার্থক্য মনে রাখলেই সপ্তাহটি অনেক বেশি স্বস্তিদায়ক হবে।
অর্থের ওঠানামা এই সপ্তাহের অন্যতম উল্লেখযোগ্য বিষয় হতে পারে। একদিকে কোনো অর্থ চলে যাওয়ার পরিস্থিতি তৈরি হবে, অন্যদিকে আবার অন্য কোনো উৎস থেকে অর্থ পাওয়ার সম্ভাবনাও দেখা দেবে। ফলে হিসাবের খাতায় স্থিরতা না থাকলেও পুরো পরিস্থিতিকে নেতিবাচক বলা যাবে না। বিদেশি প্রতিষ্ঠান, দূরের কোনো সংস্থা বা আন্তর্জাতিক কাজের সঙ্গে যুক্ত পেশাগত সুযোগ সামনে আসতে পারে। তবে আলোচনায় বারবার পরিবর্তন, দেরি বা শর্ত নিয়ে টানাপোড়েন থাকতে পারে। আজ যে সিদ্ধান্ত এগোল, কাল সেটিই আবার নতুন আলোচনায় যেতে পারে। তাই ধৈর্য হারাবেন না।
চাকরি বা ব্যবসার ক্ষেত্রে বিদেশসংক্রান্ত সুযোগ থাকলে যোগাযোগ চালিয়ে যান। দৈনন্দিন কাজের চাপের কারণে মানসিক ক্লান্তি বাড়তে পারে, তাই বিশ্রামকেও গুরুত্ব দিন। অর্থ হাতে এলেই পুরোটা খরচ না করে কিছু অংশ নিরাপদে রাখুন। এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো—দেরি মানেই সুযোগ শেষ হয়ে যাওয়া নয়।
কর্মক্ষেত্রে আপনার পরিচিতি ও গ্রহণযোগ্যতা বাড়ানোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। পদোন্নতি, নতুন দায়িত্ব কিংবা কাঙ্ক্ষিত কোনো সুযোগের সম্ভাবনা রয়েছে। তবে ফলটি একবারের চেষ্টাতেই আসবে—এমন নিশ্চয়তা নেই। একই বিষয়ে একাধিকবার চেষ্টা করতে হতে পারে, আবেদন সংশোধন করতে হতে পারে কিংবা কর্তৃপক্ষের সঙ্গে পুনরায় আলোচনা করতে হতে পারে। হতাশ না হয়ে যোগাযোগ ধরে রাখুন। সহকর্মীদের সঙ্গে সম্পর্কও বেশ উষ্ণ হতে পারে। কাজের বাইরে একসঙ্গে সময় কাটানো, আলোচনা বা সহযোগিতার মাধ্যমে নতুন বন্ধুত্ব তৈরি হতে পারে।
অফিসে আপনার জনপ্রিয়তা বাড়ার সম্ভাবনা রয়েছে। কোনো সিনিয়র সহকর্মীর সমর্থনও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যাঁরা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় আছেন, তাঁরা এবার কিছুটা অগ্রগতির ইঙ্গিত পেতে পারেন। শুধু নিজের কাজ করলেই হবে না, নিজের অবদান যথাযথভাবে তুলে ধরাও জরুরি। ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে গেলে কাঙ্ক্ষিত ফল পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল।
পেশাগত জীবনে ভাগ্যের সহায়তা পাওয়ার মতো সময় এটি। দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবে পদোন্নতি, নতুন দায়িত্ব কিংবা গুরুত্বপূর্ণ কোনো সুযোগ সামনে আসতে পারে। বিশেষ করে নিজের যোগ্যতা প্রকাশের সঙ্গে ভাগ্যের সহায়তা যুক্ত হবে। উচ্চশিক্ষা, দূরযাত্রা বা ধর্মীয় কোনো ভ্রমণের পরিকল্পনাও তৈরি হতে পারে। বাবার কোনো ভ্রমণ বা দূরের যাত্রার সঙ্গে আপনার জন্য অপ্রত্যাশিতভাবে ভালো কোনো সুযোগের যোগ তৈরি হতে পারে।
কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের আস্থা বাড়বে। দীর্ঘদিন আটকে থাকা কোনো সিদ্ধান্তও এগোতে পারে। যাঁরা সরকারি, প্রশাসনিক বা বড় প্রতিষ্ঠানে কাজ করেন, তাঁদের জন্য সময়টি বিশেষ তাৎপর্যপূর্ণ হতে পারে। তবে সাফল্য আসছে বলে আত্মতুষ্টিতে ভুগবেন না। নতুন দায়িত্ব গ্রহণের সঙ্গে পরিশ্রমও বাড়বে। নিজের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে এগোলে এই সময়টি পেশাগত জীবনে একটি গুরুত্বপূর্ণ বাঁক তৈরি করতে পারে।
ভাগ্য, উচ্চশিক্ষা বা দূরের কোনো পরিকল্পনা নিয়ে হঠাৎ কিছু বাধা তৈরি হতে পারে। যে কাজ সহজে এগিয়ে যাওয়ার কথা ছিল, সেখানে অপ্রত্যাশিত বিলম্ব দেখা দিতে পারে। পরীক্ষার ফল, ভর্তি, ভিসা, উচ্চশিক্ষা কিংবা দীর্ঘমেয়াদি ভ্রমণের পরিকল্পনায় অপেক্ষার পরিস্থিতি তৈরি হলে হতাশ হবেন না। একটি বিষয় আটকে গিয়ে পরে আবার এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরোনো কোনো পরিকল্পনা নতুনভাবে সাজাতে হতে পারে। অর্থাৎ পথ বন্ধ হওয়ার চেয়ে পথ পরিবর্তনের প্রয়োজন বেশি হতে পারে।
দূরের কারও সঙ্গে যোগাযোগে ভুল–বোঝাবুঝি থাকলে লিখিত তথ্য ভালোভাবে যাচাই করুন। ভাগ্যের ওপর সম্পূর্ণ নির্ভর না করে নিজের প্রস্তুতি চালিয়ে যান। গবেষণা, উচ্চশিক্ষা বা নতুন কোনো জ্ঞান অর্জনের ক্ষেত্রে সাময়িক বাধা এলেও অভিজ্ঞতাটি ভবিষ্যতে কাজে লাগবে। এ সময় আপনাকে ধৈর্য শেখাবে—একটি দরজা সাময়িকভাবে বন্ধ হলেই যে সব পথ বন্ধ হয়ে গেছে, তা নয়।
দাম্পত্য ও শ্বশুরবাড়ির সম্পর্ক নিয়ে কিছু ওঠানামা দেখা দিতে পারে। ছোট কোনো বিষয় থেকেও ভুল–বোঝাবুঝি তৈরি হওয়ার আশঙ্কা আছে, তাই ব্যক্তিগত কথাবার্তায় সংযত থাকা প্রয়োজন। জীবনসঙ্গীর পরিবারের কোনো বিষয় আপনার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে পারে। বিবাহিতদের ক্ষেত্রে দুই পরিবারের মধ্যে ভারসাম্য রাখার দায়িত্ব কিছুটা বাড়তে পারে। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের প্রস্তাব বা পরিচয় এলেও এখনই বড় প্রতিশ্রুতিতে যাওয়ার আগে সময় নেওয়া ভালো। প্রথম আকর্ষণ সব সময় দীর্ঘমেয়াদি সম্পর্কের নিশ্চয়তা দেয় না। পুরোনো কোনো সম্পর্কও নতুন করে আলোচনায় আসতে পারে।
আর্থিক বিষয়ে জীবনসঙ্গীর সঙ্গে স্বচ্ছতা বজায় রাখুন। আবেগের মুহূর্তে বিয়ের মতো বড় সিদ্ধান্ত না নিয়ে পরিস্থিতিকে কিছুটা সময় দিন। যাঁরা সম্পর্কে যাওয়ার কথা ভাবছেন, তাঁরা ব্যক্তিটিকে বোঝার জন্য পর্যাপ্ত সময় নিন। ধৈর্য ধরলে অপ্রয়োজনীয় জটিলতা এড়িয়ে ভবিষ্যতের জন্য আরও স্থিতিশীল সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।