জ্যোতিষী চিন্ময় বড়ুয়া
জ্যোতিষী চিন্ময় বড়ুয়া

রাশিফল

ভবিষ্যৎ নিয়ে বড় কোনো লক্ষ্য নির্ধারণে সময়টি কোন রাশির জন্য অনুকূল

অধিকাংশ ক্ষেত্রে আপনিই আপনার ভাগ্যনিয়ন্ত্রক। গ্রহ-নক্ষত্রের প্রভাব জীবনে ভূমিকা রাখলেও আপনার সিদ্ধান্ত ও কর্মই চূড়ান্ত পরিণতি নির্ধারণ করে। সাহস, ধৈর্য ও সঠিক মানসিকতা আপনাকে যেকোনো পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রতি শনিবার ‘এ সপ্তাহের রাশিফল’ লিখছেন জ্যোতিষী চিন্ময় বড়ুয়া

  • এ সপ্তাহের রাশিফল (৫–১১ সেপ্টেম্বর ২০২৬)

মেষ রাশি

মেষ রাশি

এই সপ্তাহে সামাজিক ও জনসম্পৃক্ত নানা কর্মকাণ্ড ও যোগাযোগ আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ব্যক্তিগত বিষয়ের তুলনায় সার্বজনীন বিষয়গুলোই এ সময় বেশি গুরুত্ব পাবে। যাঁরা মিডিয়াসহ সৃজনশীল অঙ্গন, রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে।

যাঁরা সম্পর্কে আছেন, তাঁরা প্রিয় মানুষের কাছ থেকে বাড়তি মনোযোগ পেতে পারেন। সিঙ্গেলদের জীবনে নতুন কারও আগমন ঘটতে পারে। তবে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। কর্মক্ষেত্রে অন্যদের সঙ্গে মিলেমিশে কাজ করলে সুবিধা পাবেন। নিজের মতামত প্রকাশের সুযোগও আসতে পারে।

ছোট কোনো ভ্রমণ, নতুন কিছু শেখা কিংবা পুরোনো কোনো পরিচিতের সঙ্গে যোগাযোগ আপনার মনে আনন্দ আনতে পারে। অর্থের দিক থেকে পরিস্থিতি মোটামুটি ভালো থাকলেও অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। সপ্তাহের শেষ দিকে ভবিষ্যৎ নিয়ে নতুন কোনো পরিকল্পনা মাথায় আসতে পারে।

বৃষ রাশি

বৃষ রাশি

জীবনে শৃঙ্খলা ফিরিয়ে এনে নতুনভাবে শুরু করার সময় এখন। শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সৌন্দর্য—এই তিন বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে চলতি সপ্তাহে; অর্থাৎ আপনি যেমন দায়িত্বশীল থাকবেন, অন্যদিকে আপনার সৃজনশীলতাও প্রকাশ পাবে।

কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। তবে ধৈর্য ধরে নিজের সৃজনশীলতা ও দায়িত্ববোধ কাজে লাগিয়ে সেই চাপ সামলে উঠতে হবে। প্রতিযোগিতা থাকলেও আপনি সহজে পিছিয়ে যাবেন না। পুরোনো কোনো কাজ কিংবা দীর্ঘদিনের কোনো সমস্যার সমাধান করার সুযোগও আসতে পারে। অর্থের ক্ষেত্রে নতুন করে পরিকল্পনা করার সময় এসেছে। আয়-ব্যয়ের হিসাব একটু ভালোভাবে রাখলে ভবিষ্যতে তা আপনার জন্য সুবিধাজনক হবে।

পরিবারের কারও সঙ্গে অর্থ কিংবা গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। ব্যক্তিগত জীবনে কিছুটা ব্যস্ততা থাকলেও কাছের মানুষদের সময় দেওয়ার চেষ্টা করুন। নতুন কোনো দায়িত্ব প্রথমে কঠিন মনে হলেও পরবর্তী সময়ে সেটিই আপনার জন্য ভালো একটি সুযোগ হয়ে উঠতে পারে। দৈনন্দিন জীবনযাপন ও সময় ব্যবস্থাপনাতেও কিছুটা শৃঙ্খলা আনার চেষ্টা করুন।

যাঁরা গত এক মাসে বিভিন্ন স্বাস্থ্যসমস্যায় ভুগেছেন, বিশেষ করে পেট, লিভার কিংবা কিডনিসংক্রান্ত, তাঁরা স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি লক্ষ করতে পারেন।

মিথুন রাশি

মিথুন রাশি

আপনার মধ্যে নতুন উদ্যম ও আত্মবিশ্বাস দেখা যেতে পারে। নিজের যোগ্যতা নিয়ে আগের চেয়ে বেশি বিশ্বাস তৈরি হবে, আর সেই আত্মবিশ্বাসই আপনাকে নানা কাজে এগিয়ে দেবে। পড়াশোনা, লেখালেখি, সৃজনশীলতা কিংবা নিজের কোনো বিশেষ প্রতিভাকে সামনে আনার ক্ষেত্রে ভালো সুযোগ পেতে পারেন। আপনার কোনো ভাবনা বা কাজ অন্যদের প্রশংসাও কুড়াতে পারে।

ব্যক্তিগত জীবনে সম্পর্কের উষ্ণতা বাড়বে। নতুন কারও সঙ্গে যোগাযোগ তৈরি হলে ধীরে ধীরে সেই পরিচয় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

যাঁরা সম্পর্কে আছেন, তাঁদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানকে ঘিরে আনন্দের কোনো খবরও পেতে পারেন।

কর্মক্ষেত্রেও স্বীকৃতি মিলবে। তবে একসঙ্গে অনেক দিকে ছুটে না গিয়ে যে কাজটি সবচেয়ে জরুরি, সেটিতেই মনোযোগ দিন। অর্থের ক্ষেত্রে নিজের পছন্দ ও আনন্দের জন্য কিছুটা বাড়তি খরচ হতে পারে। বন্ধুদের সঙ্গে আড্ডা, নতুন মানুষের সঙ্গে পরিচয় কিংবা সামাজিকভাবে সক্রিয় থাকা—সব মিলিয়ে সপ্তাহটি বেশ উপভোগ্য হতে পারে। তবে মনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।

কর্কট রাশি

কর্কট রাশি

এই সপ্তাহে জীবনের কেন্দ্রবিন্দুতে চলে আসতে পারে পরিবার ও একান্ত ব্যক্তিগত বিষয়। ঘরকে আরও সুন্দর, আরামদায়ক করে তোলার ইচ্ছা জাগতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে একসঙ্গে সময় কাটানোর সুযোগও তৈরি হবে। বাড়ি বদল, ঘর সাজানো কিংবা কোনো সম্পত্তি নিয়ে নতুন পরিকল্পনার কথাও উঠতে পারে।

তবে বাইরের ব্যস্ততার আড়ালে নিজের ভবিষ্যৎ নিয়েও ভাবনাচিন্তা বাড়বে। অতীতের কোনো ঘটনা বা পুরোনো কোনো বিষয় হঠাৎ মনে পড়ে মনকে অস্থির করে তুলতে পারে। একই চিন্তার মধ্যে ঘুরপাক না খেয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন।

কর্মক্ষেত্রে পরিস্থিতি আপাতদৃষ্টিতে স্বাভাবিক থাকলেও নিজের পরবর্তী পদক্ষেপ নিয়ে মনে মনে প্রস্তুতি নিতে পারেন। অর্থের জায়গায় কিছুটা বাড়তি চাপ আসতে পারে। বিশেষ করে পরিবার কিংবা ঘরসংক্রান্ত প্রয়োজনেই হঠাৎ অতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে।

সম্পর্কের ক্ষেত্রেও নীরবতা সব সময় সমাধান নয়। নিজের মনের কথাগুলো জমিয়ে না রেখে কাছের মানুষটির সঙ্গে ভাগ করে নিন। আন্তরিক আলাপ অনেক অস্বস্তি দূর করে মনকে স্বস্তি দিতে পারে।

শরীর ও মনের পাশাপাশি বিশ্রামকেও গুরুত্ব দিন। পর্যাপ্ত ঘুমের অভ্যাস ধরে রাখার চেষ্টা করুন।

সিংহ রাশি

সিংহ রাশি

এই সপ্তাহে আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে কণ্ঠ ও যোগাযোগের দক্ষতা। মানুষের সঙ্গে আপনি যতটা মিষ্টি ও আন্তরিকভাবে কথা বলবেন, ততই নিজের জন্য ইতিবাচক পরিস্থিতি তৈরি করতে পারবেন। আপনার বলা কিছু কথা কিংবা দেখানো সামান্য সৌজন্যও কারও মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।

নতুন কোনো মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, যার গুরুত্ব হয়তো এখনই বোঝা যাবে না; তবে সময়ের সঙ্গে সেই যোগাযোগ আপনার জীবনে মূল্যবান হয়ে উঠতে পারে। কর্মক্ষেত্রে নিজের ভাবনা ও মতামত আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরার সুযোগ পাবেন। ব্যবসা, প্রচার, লেখালেখি কিংবা মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগনির্ভর কাজে যুক্ত থাকলে অগ্রগতির সম্ভাবনা আরও উজ্জ্বল।

ভাই–বোন, বন্ধু কিংবা পরিচিত মহলের সঙ্গে দূরত্ব কমিয়ে সম্পর্কগুলোকে আরও দৃঢ় করার দিকে নজর দিন। অর্থের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার ইঙ্গিত রয়েছে। তবে আকর্ষণীয় কোনো সুযোগ সামনে এলেই হুট করে বড় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন।

ছোটখাটো ভ্রমণ, হঠাৎ কোথাও যাওয়ার পরিকল্পনা কিংবা ব্যস্ততার মধ্যে নতুন কোনো অভিজ্ঞতাও যুক্ত হতে পারে। নিজের প্রতিভা ও সক্ষমতার ওপর আস্থা রাখুন, পাশাপাশি অন্যের পরামর্শকেও একেবারে উপেক্ষা করবেন না।

কন্যা রাশি

কন্যা রাশি

লোকমুখে প্রচলিত—অর্থই অনর্থের মূল। তবে অর্থের সঠিক ব্যবহার জীবনে আনতে পারে স্বস্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি। এই সপ্তাহে তাই আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আর্থিক ব্যবস্থাপনা। আয় বাড়ানোর নতুন পথ খোঁজার পাশাপাশি সঞ্চয়কে আরও গোছানোর পরিকল্পনাও করতে পারেন।

কথাবার্তা ও মতপ্রকাশের ক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে। ফলে গুরুত্বপূর্ণ আলোচনা, চুক্তি কিংবা দর-কষাকষিতে নিজের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরার সুযোগ পাবেন। পরিবারকে ঘিরে এমন কোনো বিষয় সামনে আসতে পারে, যেখানে আপনাকেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। ব্যক্তিগত সম্পর্কেও আপনার কথার প্রভাব বেশি থাকবে। তাই কঠিন পরিস্থিতিতে উত্তেজিত না হয়ে শান্তভাবে নিজের বক্তব্য তুলে ধরুন।

অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকলেও ব্যয়ের চাপ বাড়তে পারে। বিশেষ করে প্রয়োজনের বাইরে পছন্দের কিছু কেনার ইচ্ছা জাগতে পারে। তাই ভবিষ্যতের কথা ভেবে আয়ের একটি অংশ সঞ্চয়ের জন্য আলাদা রাখুন।

তুলা রাশি

তুলা রাশি

নিজের প্রতি আস্থা ও আত্মবিশ্বাস—দুটিই বাড়তে পারে। আপনার ব্যক্তিত্ব, রুচি ও উপস্থিতি অন্যদের সহজেই আকৃষ্ট করবে; অর্থাৎ এই সময়ে আপনার ব্যক্তিগত ক্যারিশমাই সাফল্যের অন্যতম চাবিকাঠি হয়ে উঠতে পারে। আপনি যেভাবে কথা বলবেন, নিজেকে উপস্থাপন করবেন কিংবা মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করবেন—তার ইতিবাচক প্রভাব পড়বে নানা ক্ষেত্রে।

নতুন মানুষের সঙ্গে পরিচয় তৈরি হতে পারে এবং সামাজিকভাবে সক্রিয় হওয়ার সুযোগও বাড়বে। সম্পর্কের ক্ষেত্রে সুন্দর পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সম্পর্কে থাকলে বোঝাপড়া আরও গভীর হতে পারে, আর অবিবাহিতদের জন্য নতুন কোনো পরিচয় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

কর্মক্ষেত্রে নিজের দক্ষতার পাশাপাশি ব্যক্তিত্বের আকর্ষণও কাজে লাগবে। দীর্ঘদিন ধরে শুরু করতে চাওয়া কোনো কাজ এবার বাস্তবে এগিয়ে নেওয়ার সুযোগ পাবেন। দূরে কোথাও যাওয়া, নতুন কিছু শেখা কিংবা ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনার সম্ভাবনাও রয়েছে। তবে আনন্দের পেছনে অতিরিক্ত সময় না দিয়ে গুরুত্বপূর্ণ কাজকে অগ্রাধিকার দিন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

আপনার জীবনের কিছু বিষয় যতটা আড়ালে রাখবেন, ততটাই নিরাপদ থাকবেন। বিশেষ করে গোপন সম্পর্ক, ব্যক্তিগত রোমান্স কিংবা এমন কোনো আবেগের বিষয়, যা এখনো সবার সামনে প্রকাশ করতে চান না—সেগুলো নিয়ে অতিরিক্ত আলোচনা না করাই ভালো। হিডেন রিলেশনশিপ থাকলে সেটিকে নিয়ে তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে কথা বলা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ইঙ্গিত দেওয়া থেকেও বিরত থাকুন। কারণ, আপনার ব্যক্তিগত জীবনের ছোট কোনো তথ্যও অপ্রয়োজনীয় জটিলতা তৈরি করতে পারে।

কর্মক্ষেত্রেও নিজের পরিকল্পনা বা পরবর্তী পদক্ষেপ আগেভাগে সবার কাছে প্রকাশ করার প্রয়োজন নেই। সময়কে আপনার হয়ে কাজ করতে দিন। দূরে কোথাও যাওয়া কিংবা বিদেশসংক্রান্ত কোনো পরিকল্পনা সামনে আসতে পারে। এর সঙ্গে হঠাৎ কিছু বাড়তি খরচও হতে পারে, তাই অর্থের বিষয়ে সতর্ক থাকুন।

আবেগ গভীর হলেও অতিরিক্ত সন্দেহ বা দুশ্চিন্তা সম্পর্ককে ভারী করে তুলতে পারে। সব কথা সবাইকে বলার প্রয়োজন নেই—কিছু সম্পর্ক, কিছু পরিকল্পনা এবং কিছু অনুভূতি নিজের কাছেই রাখাই এই সপ্তাহে আপনার সবচেয়ে বড় বুদ্ধিমত্তা।

ধনু রাশি

ধনু রাশি

আপনার ছোট-বড় কিছু স্বপ্নপূরণের সম্ভাবনা তৈরি হতে পারে। দীর্ঘদিনের কোনো আকাঙ্ক্ষা হঠাৎ বাস্তবতার রূপ নিতে পারে, যা আপনাকে নতুন করে আশাবাদী করে তুলবে। ছোট কোনো অর্জনও এ সময় আপনার মনে বড় স্বপ্ন পূরণের সাহস জোগাতে পারে।

আর্থিক দিক থেকেও সপ্তাহটি সম্ভাবনাময়। আয় বা লাভের নতুন সুযোগ আসতে পারে, এমনকি পুরোনো কোনো পরিকল্পনা থেকেও অর্থপ্রাপ্তির পথ খুলে যেতে পারে। দীর্ঘমেয়াদি সঞ্চয় কিংবা বিনিয়োগের পরিকল্পনা করার জন্য সময়টি ভালো। তবে কোনো বিনিয়োগে যাওয়ার আগে আবেগ নয়, নিজের বিচারবুদ্ধি ও বাস্তব পরিস্থিতিকে গুরুত্ব দিন।

ব্যক্তিগত জীবনে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো জরুরি। পরিচিতজন, বন্ধু কিংবা সহকর্মীর মাধ্যমেই এমন কোনো সুযোগ আসতে পারে, যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কর্মক্ষেত্রে দলবদ্ধভাবে কাজ করলে ভালো ফল পাবেন। ভবিষ্যৎ নিয়ে বড় কোনো লক্ষ্য নির্ধারণের জন্যও সময়টি অনুকূল।

মকর রাশি

মকর রাশি

কর্মজীবনের দিক থেকে সপ্তাহটি আপনার জন্য বেশ ইতিবাচক হতে পারে। কর্মপরিবেশ আগের তুলনায় স্বস্তিদায়ক হবে এবং সহকর্মী ও ঊর্ধ্বতনদের কাছ থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কাজের প্রশংসা হতে পারে, এমনকি প্রকাশ্যে স্বীকৃতি বা প্রশংসাও পেতে পারেন। দীর্ঘদিনের পরিশ্রম এবার অন্যদের নজরে আসবে এবং নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন। সহকর্মীদের সঙ্গে সম্পর্কও সুন্দরভাবে এগোবে, ফলে দলবদ্ধভাবে কাজ করা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।

সৃজনশীল ও নান্দনিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি বিশেষভাবে অনুকূল। ডিজাইন, সৌন্দর্য, শিল্প, বিনোদন, ফ্যাশন বা বিলাসপণ্যের ক্ষেত্রে নতুন সুযোগ কিংবা কাজের স্বীকৃতি মিলতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব এলেও সেটি ভবিষ্যতে আপনার অবস্থান শক্ত করতে পারে।

ব্যক্তিগত জীবনে কাজের ব্যস্ততার কারণে কাছের মানুষকে সময় কম দেওয়া হতে পারে। তাই পরিবার ও প্রিয়জনের জন্য কিছুটা সময় রাখুন। এই সপ্তাহে পরিশ্রমের সঙ্গে সুন্দর ব্যবহার ও সহযোগিতার মানসিকতাই আপনাকে সাফল্য ও সম্মানের দিকে এগিয়ে দেবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

পরিচিত গণ্ডির বাইরে বেরিয়ে নতুন কিছু আবিষ্কারের সময় এসেছে। দূরে কোথাও ভ্রমণ, বিদেশযাত্রা কিংবা তীর্থভ্রমণের পরিকল্পনা সামনে আসতে পারে। এমন কোনো যাত্রা শুধু আনন্দই দেবে না, নতুন মানুষ, সংস্কৃতি বা অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও এনে দিতে পারে। কারও ক্ষেত্রে এই ভ্রমণ থেকেই তৈরি হতে পারে সুন্দর কোনো সম্পর্কের সূচনা।

ভাগ্যের দিক থেকেও সময়টি আশাব্যঞ্জক। হঠাৎ কোনো সহায়তা, আর্থিক সুবিধা বা প্রত্যাশার বাইরে পাওয়া কোনো সুযোগ আপনাকে স্বস্তি দিতে পারে। উচ্চশিক্ষা, প্রশিক্ষণ কিংবা কোনো গভীর বিষয়ে জ্ঞান অর্জনের আগ্রহ বাড়বে। শিল্প, ইতিহাস, দর্শন বা নতুন কোনো বিষয়ে শেখার মধ্যেও আনন্দ খুঁজে পাবেন।

ব্যক্তিগত সম্পর্কে ভিন্ন পরিবেশ বা সংস্কৃতির কারও সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে। যাঁরা সম্পর্কে আছেন, তাঁরা একসঙ্গে ভবিষ্যৎ ও জীবনদর্শন নিয়ে ভাবার সুযোগ পাবেন।

মীন রাশি

মীন রাশি

সম্পর্কের ক্ষেত্রে এবার হালকা কথাবার্তার চেয়ে গভীর বোঝাপড়া ও মানসিক ঘনিষ্ঠতাই আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারও প্রতি আকর্ষণ তৈরি হলে তাঁর ব্যক্তিত্বের গভীরতা, রহস্যময়তা বা জটিল দিকগুলো আপনাকে বিশেষভাবে টানতে পারে। প্রেমের সম্পর্কেও আবেগ ও ঘনিষ্ঠতা বাড়বে। তবে অতিরিক্ত অধিকারবোধ, সন্দেহ কিংবা কে কাকে কতটা নিয়ন্ত্রণ করছে—এ ধরনের বিষয় সামনে এলে তা এড়িয়ে না গিয়ে খোলামেলা আলোচনার মাধ্যমে সমাধান করুন।

অর্থের ক্ষেত্রেও সময়টি গুরুত্বপূর্ণ। যৌথ অর্থ, সঙ্গীর আয়, বিনিয়োগ, ঋণ, কর বা অন্য কোনো আর্থিক সহযোগিতা নিয়ে সিদ্ধান্ত নিতে হতে পারে। কোনো অপ্রত্যাশিত আর্থিক সুবিধা বা সহযোগিতা পাওয়ার সম্ভাবনাও রয়েছে। বড় লেনদেনের ক্ষেত্রে অবশ্যই কাগজপত্র ভালোভাবে যাচাই করুন।

কর্মক্ষেত্রে কোনো সমস্যার বাহ্যিক দিক নয়, মূল কারণটি বোঝার চেষ্টা করলে সমাধানের পথ খুলবে। সম্পর্ক ও অর্থ—দুই ক্ষেত্রেই গভীরে গিয়ে ভাবার সময় এটি; সঠিকভাবে সামলাতে পারলে পুরোনো জটিলতা কাটিয়ে নতুন ভারসাম্য তৈরি হবে।