চামড়ার ব্যাগের যত্ন নেবেন যেভাবে

প্রাকৃতিক উপাদানে তৈরি হওয়ায় আবহাওয়া ও ব্যবহারের ধরন অনুযায়ী চামড়ার ব্যাগের যত্নেও আছে রকমফের। বিশেষ করে বাংলাদেশের মতো গরম ও আর্দ্র আবহাওয়ায় ধুলা, ময়লা, ঘাম, পানি, অতিরিক্ত তাপ ও আর্দ্রতার প্রভাবে চামড়ার স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হতে পারে। চামড়ার ব্যাগের যত্নে করণীয় দেখিয়েছেন দেশীয় ব্যাগের ব্র্যান্ড কালিন্দীর প্রতিষ্ঠাতা মুনিয়া জামান

প্রতিদিনের ব্যবহারে

নিয়মিত চামড়ার ব্যাগ ব্যবহার করলে তা পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাগে ধুলা, ময়লা বা ঘামের দাগ জমলে নরম সুতি কাপড় দিয়ে আলতো করে মুছে নিতে হবে। খুব জোরে ঘষাঘষি করা যাবে না, এতে চামড়ার ওপরের মসৃণতা বা ফিনিশিং ক্ষতিগ্রস্ত হতে পারে। এ ছাড়া পরিষ্কারের সময় অতিরিক্ত পানি বা অজানা কোনো পরিষ্কারক ব্যবহার না করাই ভালো। কারণ, সব ধরনের চামড়ার জন্য একই ধরনের পরিষ্কারপদ্ধতি প্রযোজ্য নয়। প্রস্তুতকারকের দেওয়া যত্নের নির্দেশনা থাকলে সেটিকেই অগ্রাধিকার দেওয়া উচিত।

নিয়মিত চামড়ার ব্যাগ ব্যবহার করলে তা পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ

গরমের সময়

গরমে ঘাম, ধুলা ও অতিরিক্ত তাপ চামড়ার ওপর প্রভাব ফেলতে পারে। তাই ব্যবহারের পর নরম, পরিষ্কার সুতি কাপড় দিয়ে ব্যাগ আলতো করে মুছে রাখা ভালো। দীর্ঘ সময় সরাসরি রোদে বা গরম জায়গায় ব্যাগ রাখা ঠিক নয়। বিশেষ করে গাড়ির ভেতরে বা বদ্ধ অবস্থায়, অতিরিক্ত গরম জায়গায় ব্যাগ না রাখাই ভালো। এতে চামড়া শুকিয়ে যাওয়া, শক্ত হয়ে যাওয়া বা ব্যাগের রং পরিবর্তনের ঝুঁকি কমে।

বর্ষার বৃষ্টিতে

টিস্যু বা নরম সুতি কাপড় দিয়ে পানি মুছে নিতে হবে

বৃষ্টিতে চামড়ার ব্যাগ ভিজে গেলে প্রথম কাজ হলো দ্রুত পানি সরিয়ে নেওয়া। টিস্যু বা নরম, তাড়াতাড়ি পানি শোষণ করতে পারে, এমন সুতি কাপড় দিয়ে আলতো করে পানি মুছে নিতে হবে। তবে ঘষে ঘষে পানি মোছা যাবে না। এরপর ব্যাগটি বাতাসে শুকাতে হবে। রোদ, হেয়ার ড্রায়ার, হিটার কিংবা অন্য কোনো সরাসরি তাপ ব্যবহার করা যাবে না। অতিরিক্ত তাপে চামড়া খুব দ্রুত শুকিয়ে শক্ত হয়ে যেতে পারে এবং এর স্বাভাবিক মসৃণ ভাব ও গঠনে পরিবর্তন আসতে পারে।

বর্ষায় শুধু বৃষ্টির পানিই নয়, বাতাসের অতিরিক্ত আর্দ্রতাও চামড়ার ব্যাগের জন্য সমস্যা তৈরি করতে পারে। চামড়া বাতাসের আর্দ্রতা শোষণ করতে সক্ষম। ফলে দীর্ঘ সময় বদ্ধ ও স্যাঁতসেঁতে জায়গায় থাকলে ব্যাগে দুর্গন্ধ, স্যাঁতসেঁতে ভাব কিংবা ছত্রাকের মতো সমস্যা দেখা দিতে পারে। তাই ব্যবহারের পর ব্যাগ এমন জায়গায় রাখতে হবে, যেখানে বাতাস চলাচল করে এবং অতিরিক্ত আর্দ্রতা জমে থাকে না।

শুষ্ক আবহাওয়ায়

প্রয়োজন অনুযায়ী চামড়ার ক্রিম বা কন্ডিশনার ব্যবহার করতে হবে

শীতের শুষ্ক আবহাওয়ায় চামড়া তার স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে ধীরে ধীরে শুষ্ক, শক্ত বা মলিন হয়ে যেতে পারে। চামড়া শুষ্ক হয়ে গেলে বা স্বাভাবিক উজ্জ্বলতা কমে গেলে প্রয়োজন অনুযায়ী উপযুক্ত চামড়ার ক্রিম বা কন্ডিশনার ব্যবহার করতে হয়। তবে নির্দিষ্ট সময় পরপর ব্যবহার করতেই হবে, বিষয়টি এমন নয়। ব্যাগের অবস্থা বুঝে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করাই ভালো। নতুন কোনো ক্রিম বা কন্ডিশনার ব্যবহারের আগে ব্যাগের এমন কোনো অংশে

অল্প পরিমাণ লাগিয়ে পরীক্ষা করে নিতে হবে, যা সহজে চোখে পড়ে না। এতে ব্যাগের রং বা গঠনে কোনো পরিবর্তন হচ্ছে কি না, বোঝা যাবে। সরাসরি হাত দিয়ে না লাগিয়ে নরম কাপড় বা ফোমের মাধ্যমে পুরো ব্যাগে ব্যবহার করলে আবার আগের মতো চকচক করবে।

দীর্ঘদিন ব্যবহার না করলে

আকৃতি ঠিক রাখতে ব্যাগের ভেতরে টিস্যু বা কাগজ রাখুন

কোনো ব্যাগ দীর্ঘদিন ব্যবহার না করলে সেটি খালি করে পরিষ্কার এবং সম্পূর্ণ শুকনা অবস্থায় সংরক্ষণ করতে হবে। আকৃতি ঠিক রাখতে ব্যাগের ভেতরে টিস্যু বা কাগজ দিতে হবে। এতে ব্যাগে ভাঁজ পড়ে যাওয়ার ঝুঁকিও কমবে।

ব্রিদেবল ডাস্ট ব্যাগে এমন ব্যাগ সংরক্ষণ করা ভালো

দীর্ঘদিনের জন্য প্লাস্টিকের বদ্ধ ব্যাগে চামড়া সংরক্ষণ করা উচিত নয়। এতে ছত্রাকের সংক্রমণ হতে পারে। তাই ব্রিদেবল ডাস্ট ব্যাগ, অর্থাৎ বাতাস চলাচল করতে পারে, এমন ব্যাগে সংরক্ষণ করা ভালো। এরপর শুষ্ক ও বাতাস চলাচল করে, এমন জায়গায় ব্যাগটি রাখতে হবে। দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করলেও ব্যাগে আর্দ্রতা, দাগ বা ছত্রাকের কোনো লক্ষণ আছে কি না, সেই দিকে নজর রাখা ভালো।