রণবীর কাপুরের মোট সম্পদ কত

রণবীর রাজ কাপুরের জন্ম ১৯৮২ সালের ২৮ সেপ্টেম্বর, ভারতের মুম্বাইয়ে। তাঁর বাবা প্রয়াত অভিনেতা ঋষি কাপুর, মা অভিনেত্রী নিতু সিং। অর্থাৎ, তিনি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বিখ্যাত কাপুর পরিবারের তৃতীয় প্রজন্মের অভিনেতা। তাঁর দাদা কিংবদন্তি বলিউড তারকা রাজ কাপুর।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
রণবীর কাপুর সঞ্জয় লীলা বানসালির সঙ্গে ‘ব্ল্যাক’ (২০০৫) সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন।
শুধু অভিনয় নয়, জ্যাজ, ব্যালে নাচ ও ঘোড়ায় চড়ার প্রশিক্ষণও নিয়েছেন রণবীর।
‘রকস্টার’ সিনেমার জন্য গিটার শেখেন রণবীর। এমনকি দুই বছর তবলা আর গানও শিখেছেন।
অবসর সময়ে রণবীরের সবচেয়ে বড় শখগুলোর একটি গ্যালারিতে বসে ফুটবল দেখা ও ফুটবল খেলা। ভারতীয় ফুটবলের সঙ্গেও ব্যবসায়িকভাবে যুক্ত হয়েছেন। ২০১৪ সালে তিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিমল পারেখের সঙ্গে মুম্বাই সিটি এফসির মালিকানায় অংশ নেন। তিনি সেলিব্রিটি ফুটবল টিম অল স্টারস ফুটবল ক্লাবের সহ–অধিনায়কও ছিলেন। এই দল বিভিন্ন দাতব্য কর্মকাণ্ডের জন্য ম্যাচ আয়োজন করে।
রণবীর কাপুরের মোট সম্পদ নিয়ে একেক গণমাধ্যম একেক রকম তথ্য দিয়েছে। ফলে এটা বলা নিরাপদ যে তিনি কয়েক শ কোটি রুপির সম্পদ এবং বিপুল ব্র্যান্ড ভ্যালুর অধিকারী।
রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে হয় মুম্বাইয়ের বাস্তু আবাসনে, যেটি রণবীরের মালিকানাধীন। ২০২২ সালের প্রতিবেদনে এর আনুমানিক মূল্য ৩৫ কোটি রুপি হিসেবে উল্লেখ করা হয়েছিল।
বিয়ের আগে রণবীর ও আলিয়া চার বছর এক ছাদের নিচে থাকার পর রণবীরের সেই বাড়িতেই ঘনিষ্ঠ পারিবারিক পরিসরে বিয়ে করেন।
গাড়ির প্রতি বেশ দুর্বলতা আছে রণবীরের। তাঁর গাড়ির গ্যারেজে আছে অডি আর৮, মার্সিডিজ-বেঞ্জ জি৬৩ এএমজি, রেঞ্জ রোভার, বিএমডব্লিউ এক্স৬, লেক্সাস, মার্সিডিজ-বেঞ্জ জিএল-ক্লাস ইত্যাদি।
রণবীর ও আলিয়া ভাট প্রথমে বন্ধু ও সহকর্মী ছিলেন। তাঁদের সম্পর্কের মোড় ঘুরে যায় ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার শুটিংয়ের সময়। ২০১৮ সালে রণবীর ও আলিয়া দুজনেই প্রকাশ্যে তাঁদের প্রেমের কথা স্বীকার করেন।
কেনিয়ার মাসাই মারা পার্কে রণবীর হাঁটু গেড়ে বসর আলিয়াকে বিয়ের প্রস্তাব দেন।
২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ের পর একই বছরের ৬ নভেম্বর জন্ম নেয় রণবীর ও আলিয়ার মেয়ে রাহা কাপুর।
মেয়ে রাহার জন্মের পর থেকে রণবীর কাপুর নিজের শরীর, শৃঙ্খলাবদ্ধ জীবনের প্রতি আরও বেশি ঝুঁকেছেন। নিখিল কামাথের পডকাস্টে রণবীর বলেন, ‘আমি এখন সুস্থভাবে অনেক দিন বেঁচে থাকতে চাই। তাই যেদিন থেকে আমার মেয়ে জন্মেছে, সেদিন থেকে সিগারেট ছেড়েছি। ঠিকমতো খাই, ঘুমাই, জিমে যাই।’
আলিয়ার আগে রণবীর কাপুর বলিউডের দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ এবং পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের সঙ্গে প্রেম করেছেন।
রণবীর দীর্ঘদিন নিজের ব্যক্তিজীবন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রেখেছেন। তাঁর স্ত্রী আলিয়া যেখানে নিয়মিত ইনস্টাগ্রামে সক্রিয়, সেখানে রণবীরের কোনো প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট নেই।
তবে নিখিল কামাথের ওই পডকাস্টেই রণবীর স্বীকার করেছেন যে তাঁর ‘ফেক ইনস্টা অ্যাকাউন্ট’ আছে। সেখান থেকে কে কী করে, পোস্ট করে এসবই লক্ষ্য করেন তিনি।
‘মাম্মাস বয়’ হিসেবে রণবীরের সুনাম আর দুর্নাম দুটোই আছে।
তবে এ কথা অস্বীকারের উপায় নেই যে রণবীর কাপুর এই মুহূর্তে বলিউডের সেরা অভিনেতাদের একজন।

সূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভি