প্রাণীদের ছবিগুলো দেখলে হাসি চেপে রাখা কঠিন

বন্য প্রাণীদের এমন কিছু মুহূর্ত ক্যামেরায় ধরা পড়েছে, যা দেখে হাসি চেপে রাখা কঠিন। কখনো মনে হচ্ছে জিরাফের মাথায় গাছের মুকুট, কখনো হাতি বন্ধুর সঙ্গে দুষ্টামি করছে, আবার কোনো পাখি যেন ক্যামেরার দিকে তাকিয়ে রীতিমতো রাগ দেখাচ্ছে। ২০২৬ সালের নিকন কমেডি ওয়াইল্ডলাইফ অ্যাওয়ার্ডের ফাইনালিস্ট ছবিগুলোয় এমনই মজার মুহূর্ত উঠে এসেছে। এ বছর ১১২টি দেশ থেকে ১০ হাজারের বেশি ছবি জমা পড়েছিল। সেখান থেকে বাছাই করা হয়েছে সেরা ছবিগুলো। তবে এই প্রতিযোগিতার উদ্দেশ্য শুধু হাসানো নয়; প্রাণীদের প্রতি মানুষের মমতা ও সংরক্ষণের গুরুত্ব তুলে ধরাও এর লক্ষ্য।

দ্য ডিফরেন্ট ওয়ান: তিনটি জিরাফ পাশাপাশি দাঁড়িয়ে। মাঝের জিরাফটির মাথায় যেন সবুজ চুল বা গাছের মুকুট। স্থান: মাসাই মারা, কেনিয়া
ছবি: ডার্ক কস্টার, নেদারল্যান্ডস
নেচারস উইন্ডো: পাতার ছোট্ট ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে একটি নীল ফড়িং। মনে হচ্ছে, প্রকৃতিই তার জন্য জানালা বানিয়ে দিয়েছে। স্থান: স্টোক-অন-ট্রেন্ট, যুক্তরাজ্য
চিকি লিটল এলিফ্যান্ট: ছোট্ট হাতিটি যেন পায়ের ওপর পা তুলে বসে কথা বলছে। স্থান: দক্ষিণ আফ্রিকা
সি গ্যাংস্টার্স: সমুদ্র থেকে একসঙ্গে মাথা তুলেছে একদল ওয়ালরাস। দৃশ্যটি দেখে আলোকচিত্রীর মনে হয়েছিল, যেন একদল ‘সমুদ্র-গ্যাংস্টার’ তাঁকে দেখতে এসেছে। স্থান: মফেন দ্বীপ, সোয়ালবার
জঙ্কলিং: গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে কয়েকটি ধূসর রাজহাঁসের ছানা। এতটাই নিশ্চিন্ত ঘুম যে ছবিটির নাম দেওয়া হয়েছে ‘জঙ্কলিং’—ঘুমে কাদা ছোট্ট হাঁসের ছানা। স্থান: ফিনামোর হ্রদ, আয়ারল্যান্ড
রেস্টিং আউল ফেস: একটি পাহাড়ি স্কপস পেঁচা, যেন ছবি তুলতে এসে কেউ তার ঘুম নষ্ট করেছে! স্থান: নানলিং ন্যাশনাল ফরেস্ট পার্ক, চীন
সেক্সি ম্যান্টিস: পাতার আড়াল থেকে উঁকি দিচ্ছে একটি সবুজ প্রেয়িং ম্যান্টিস। ভঙ্গি দেখে মনে হচ্ছে, ক্যামেরার সামনে মডেলের মতো পোজ দিয়েছে। স্থান: কুসকো, পেরু
ব্যালে ড্যান্সার: দেখে মনে হচ্ছে, প্রকৃতির মঞ্চে ব্যালে নাচছে কোনো প্রাণী। স্থান: ডামফ্রিশায়ার, স্কটল্যান্ড
অ্যাংরি বার্ড: ছোট্ট গোল্ডক্রেস্ট পাখিটি এমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে, যেন ভীষণ রেগে আছে। সেই কারণেই ছবিটির নাম ‘অ্যাংরি বার্ড’। স্থান: হেলগোল্যান্ড দ্বীপ, জার্মানি
এলভিস: পানিতে মাথা ভাসিয়েছে একটি কেইম্যান। মাথায় আটকে থাকা জলজ উদ্ভিদ দিয়েছে পঞ্চাশের দশকের রক তারকা এলভিস প্রিসলির মতো চুলের সাজ। স্থান: প্যান্টানাল, ব্রাজিল
দ্য হ্যান্ডস্ট্যান্ড: চিতাবাঘটিকে দেখে মনে হচ্ছে, গাছের ওপর দাঁড়িয়ে হাতের ওপর ভর করে ‘হ্যান্ডস্ট্যান্ড’ করছে। আসলে সে গাছের উঁচু জায়গা থেকে নিজের শাবককে খুঁজছিল। স্থান: সামবুরু ন্যাশনাল রিজার্ভ, কেনিয়া
আউট অব ওয়াটার: ছোট সানবার্ড পাখিটি মনের সুখে কলার ফুলে জমে থাকা পানিতে গোসল করছিল। পরে আবার গোসল করতে ফিরে এসে দেখে, পানি আর এক ফোঁটাও নেই! সেই হতভম্ব মুহূর্তটি ক্যামেরায় ধরেছেন আলোকচিত্রী। স্থান: ভিয়েতনাম

সূত্র: দ্য গার্ডিয়ান