যে ৯টি জিনিস কখনোই রান্নাঘরের সিঙ্কে ফেলবেন না

প্লেট ধুতে গিয়ে খাবারের উচ্ছিষ্ট সিঙ্কে ফেলে দেওয়া, কফির মেশিন ধুয়ে নেওয়া বা রান্নার পর গরম তেল ঢেলে দেওয়া—এমন কাজ আমরা অনেকেই করি। কিন্তু শুধু পানি ঢাললেই সবকিছু সিঙ্ক দিয়ে নিরাপদে চলে যাবে, এমন ভাবা ভুল। সিঙ্ক ব্লক হলে মেরামতের খরচ কয়েক হাজার টাকা ছাড়িয়ে যেতে পারে। শুধু আপনার বাসায়ই নয়, পয়োনিষ্কাশনব্যবস্থার ওপরও এর বড় চাপ পড়ে। বিশেষজ্ঞদের মতে, বেশির ভাগ ড্রেন ব্লক হওয়ার কারণ আমাদের এমন অসতর্ক অভ্যাস। তাই জেনে রাখুন, সিঙ্কে যে ৯টি জিনিস কখনোই ফেলা উচিত নয়।

শুধু পানি ঢাললেই সবকিছু সিঙ্ক দিয়ে নিরাপদে চলে যাবে, এমন ভাবা ভুল
যে ৯টি জিনিস কখনোই রান্নাঘরের সিঙ্কে ফেলবেন না

১. শুকনা ভাত, নুডলস ও পাস্তা

পানি পেলে এসব ফুলে ওঠে। পাইপের ভেতরে আটকে গিয়ে সহজেই ব্লক তৈরি করে।

২. ময়দা

পানির সঙ্গে মিশে ময়দা আঠালো হয়ে যায়। ধীরে ধীরে পাইপের ভেতরে আস্তরণ তৈরি করে।

৩. মধু

অত্যন্ত আঠালো হওয়ায় মধু অন্য ময়লা আটকে দেয়। অনেক সময় এটি জমেও যায়।

৪. তেল, চর্বি ও গ্রিজ

রান্নার তেল, মাখন, ক্রিম—এসব জমে শক্ত হয়ে পাইপ বন্ধ করে দেয়। এসবই প্লাম্বারদের সবচেয়ে বড় মাথাব্যথা।

৫. ফল ও সবজির স্টিকার

ছোট হলেও এসব পানিতে গলে না। আঠা পাইপের গায়ে লেগে ব্লক তৈরি করে।

৬. কাস্টার্ড

তরল মনে হলেও কাস্টার্ড পাইপের ভেতরে প্রলেপ তৈরি করতে পারে।

রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে একটু অসতর্ক হলেই বড় ঝামেলা তৈরি হতে পারে

৭. বিষাক্ত রাসায়নিক

রং, থিনার, তেল, শক্ত ক্লিনার—এসব পানি শোধনাগারে ঠিকমতো পরিষ্কার হয় না। পরিবেশেরও ক্ষতি করে।

৮. কফির গুঁড়া

পানিতে গেলেও পরে একসঙ্গে জমে পাইপের বাঁকে আটকে যায়।

৯. ডিমের খোসা

খোসার ধারালো টুকরা অন্য ময়লা জড়ো করে ড্রেন আটকে দেয়।

ভুল করে তেল–চর্বি ফেললে কী করবেন

  • সঙ্গে সঙ্গে গরম পানি ছেড়ে দিন

  • সামান্য ডিশওয়াশ লিকুইড ব্যবহার করতে পারেন

  • ঠান্ডা পানি দেবেন না, এতে তেল দ্রুত জমে যায়

  • শক্ত রাসায়নিক ক্লিনার ব্যবহার না করাই ভালো

সহজ অভ্যাসে ড্রেন পরিষ্কার রাখুন

  • সপ্তাহে একবার সাদা ভিনেগার ১ কাপ ঢেলে ৩০ মিনিট রেখে গরম পানি দিন

  • চাইলে বেকিং সোডা ও ভিনেগার একসঙ্গে ব্যবহার করতে পারেন

  • গরম পানি ঢালার আগে পাইপের ধরন (প্লাস্টিক/ধাতব) মাথায় রাখুন

সিঙ্গে ভুল করে তেল–চর্বি ফেললে সামান্য ডিশওয়াশ লিকুইড ব্যবহার করতে পারেন

টয়লেটেও সাবধান

অনেকে ভাবেন, সিঙ্কে না ফেললে টয়লেটে ফেলা যায়। কিন্তু খাবারের উচ্ছিষ্ট, ওয়েট ওয়াইপ, স্যানিটারি পণ্য, তুলা—এসব টয়লেটেও ভয়ংকর ব্লক তৈরি করে।

শেষ কথা

রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে একটু অসতর্ক হলেই বড় ঝামেলা তৈরি হতে পারে। সিঙ্ক বা টয়লেট ব্যবহার করার আগে একবার ভাবুন, এটা কি সত্যিই সেখানে যাওয়ার জিনিস? এই ছোট সচেতনতা আপনাকে বাঁচাতে পারে বড় খরচ আর অযথা ভোগান্তি থেকে।

সূত্র: সাগা