শেষ বলে ৬ মেরে সেঞ্চুরি করেছি

ফারহিন তামান্না
ছবি: সংগৃহীত

‘খেলা ছিল ঢাকার সেন্ট্রাল মাঠে। বিপক্ষ দল শেরেবাংলা কৃষি বিশ্বিবদ্যালয়। টি-টোয়েন্টিতেই সেঞ্চুরি করা কঠিন, সেখানে এটি ছিল টি-টেন লিগ, অর্থাৎ ১০ ওভারের খেলা। ফলে সেঞ্চুরি করা আরও কঠিন। আমার যখন ৯৭ রান, তখন হাতে ছিল মাত্র ৩ বল। পরের দুই বলে যখন রান নিতে পারলাম না, মনে হচ্ছিল, এত কাছে এসেও যদি না পারি, তাহলে অনেক বড় একটা স্বপ্ন অধরা থেকে যাবে। কিন্তু শেষ বলে ৬ মেরে সেঞ্চুরি করতে পেরেছি। মুহূর্তটা আসলে বলে বোঝানো সম্ভব নয়,’ বলছিলেন আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে সেঞ্চুরি হাঁকানো ফারহিন তামান্না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে পড়ছেন তিনি। পাশাপাশি ক্যাম্পাসের প্রায় সব ধরনের খেলাধুলায় রয়েছে তাঁর বিচরণ।

বগুড়া জেলার আদমদিঘী থানার প্রত্যন্ত এক গ্রামে কেটেছে ফারহিনের ডানপিটে শৈশব। গাছে চড়া, পুকুরে সাঁতার কাটা, খেলাধুলা, আর ‘সময় পেলে’ টুকটাক পড়ালেখা—এই ছিল তাঁর রুটিন। আশপাশের বন্ধুদের দেখতেন, কেউ ডাক্তার, কেউ বা প্রকৌশলী হতে চায়। ফারহীন স্বপ্ন দেখতেন, বড় হয়ে ক্রিকেট খেলবেন। গ্রামের রক্ষণশীল পরিবেশে এমন স্বপ্ন বাস্তবায়ন করা সহজ নয়। তবে পরিবার থেকে পূর্ণ সমর্থনই পেয়েছেন তিনি। জেলা পর্যায়ের খেলোয়াড়েরাও যখন কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ‘আনাড়ি’ ফারহিনের কাছে হার মানতে শুরু করলেন, তখন আরও সাহস পেয়েছেন তিনি। বিভাগের শিক্ষক, বন্ধুরাও পাশে থেকেছেন সব সময়। কখনো ফারহিনের জন্যই পিছিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার তারিখ, কখনো বা তাঁর অর্জন উদযাপন করেছেন ক্লাসের সবাই।

ফারহিন তামান্না

ক্রিকেটের পাশাপাশি তিনি ব্যাডমিন্টন, টেবিল টেনিস, সাঁতারেও পারদর্শী। অন্যরা যখন ক্লাস শেষে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠে, ঘোরাঘুরি করেন, ফারহিন সোজা চলে যান স্টেডিয়ামে। তাঁর ব্যাগে বইপুস্তকের পাশাপাশি সব সময় থাকে জার্সি, কেডস, খেলার সরঞ্জাম। স্টেডিয়ামে গিয়ে জামাকাপড় বদলে শুরু হয়ে যায় অনুশীলন। কখনো দৌড়, কখনো ব্যাটিং, কখনো বা ব্যাডমিন্টন। ফারহিন মনে করেন, খেলাধুলায় তাঁর পারদর্শিতার পেছনে ফিটনেসই আসল কারণ। তিনি যেহেতু নিয়মিত অনুশীলন করেন, তাই তাঁর মধ্যে একটা লড়াকু মনোভাব আছে। খুব দ্রুত শিখে নিতে পারেন। ফলে আত্মবিশ্বাসও থাকে তুঙ্গে।

বিজ্ঞান অনুষদের ছাত্রী তিনি। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্লাস, ল্যাবের ব্যস্ততা থাকে। তবু সারা দিনের ক্লাসের ক্লান্তি নিয়ে আবার অনুশীলনে সময় দেওয়ার কষ্টটা বৃথা যায়নি। রাবির প্রথম নারী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়ার পাশাপাশি আন্তবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২০-এও চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ঢাকায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রানার্সআপ, আন্তবিভাগ টেবিল টেনিসে চ্যাম্পিয়নের স্বীকৃতি ছাড়া সাঁতারেও জাতীয় পর্যায়ে আছে ব্রোঞ্জ পদক। খেলাধুলা যে তাঁর পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলছে, তা নয়। এখন পর্যন্ত একাডেমিক ফলাফলে পঞ্চম অবস্থান ধরে রেখেছেন তিনি।

ফারহিন বলেন, ‘আমাদের প্রথম ম্যাচ ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে। আমি যখন প্রথমে বোলিংয়ে যাই, প্রথম বল করার পর আম্পায়ার বলছিলেন, “তুমি কি জাতীয় দলে খেলো?” আমার অ্যাকশন দেখে যে এমনটা মনে হয়েছে, এটাও একটা বড় পাওয়া।’

খেলাধুলা আগ্রহের জায়গা হলেও পড়ালেখায় ভালো ফল নিয়ে ভবিষ্যতে গবেষক হিসেবে জীবন গড়তে চান ফারহিন তামান্না। খেলাধুলাকে রাখতে চান শখের জায়গায়। পেশা হিসেবে ‘গবেষক’ পরিচয়টাই তাঁর পছন্দ।