একসময় বৃহত্তর সিলেটজুড়ে ছিল শব্দকরদের বাস। বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বাদ্য বাজাতেন তাঁরা। পেশাটি এখন নাই হতে বসেছে। প্রতিকূল পরিবেশেও পেশাটিকে ধরে রেখেছেন কিছু মানুষ। নিরেশচন্দ্র কর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শব্দকর সম্প্রদায়ের বয়োজ্যেষ্ঠ মানুষ। তাঁর গল্প শুনলেন অমিত দেব
আমার বাবা কিতুরাম কর খুব ভালো বাঁশি বাজাতেন। তাঁর বাঁশিবাদনের প্রশংসা করত সবাই। তাঁর কাছে আমার বাঁশিতে হাতেখড়ি। শুধু বাঁশিই নয়, বংশপরম্পরায় নানা ধরনের বাদ্যযন্ত্রই বাজাতে শিখেছিলাম। তার মধ্যে সবচেয়ে ভালো বাজাতে পারতাম ঢাক।
আমার দাদা জীবনরাম কর নানা ধরনের বাদ্যযন্ত্র বাজাতে শিখেছিলেন। দাদার রেখে যাওয়া ঢাক, ঢোল, খাইশা, সানাই, কালা বাঁশি, কাইশা বাঁশি, মন্দিরা, করতালসহ কমপক্ষে ২০ ধরনের বাদ্যযন্ত্র ছিল। বাবার মৃত্যুর পর এসবই চুরি হয়ে যায়।
আমাদের ছিল লক্ষ্মীনারায়ণ ব্যান্ড পার্টি। খুব নামডাক ছিল। উপজেলার গণ্ডি ছাড়িয়ে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার থেকেও ডাক পড়ত। দেশ স্বাধীনের আগে একবার সুনামগঞ্জে গানের আসরের এক প্রতিযোগিতায় আমরা অংশ নিয়ে পুরস্কার পাই। কত টাকা আজ আর মনে নেই। তবে দিনটার কথা ভাবলে আজও আনন্দ পাই।
একসময় মুসলিম বিয়েতেও ধামাইলের আসর বসত, তাতে আমাদের ডাক পড়ত। ধামাইল প্রাচীন ধারার লোকসংগীত। হাওর অঞ্চলেই এ গানের উৎপত্তি। আমরা সারারাত বাজনা বাজাতাম। লোকজন খুশি হয়ে বকশিশ দিত।
আমাদের জগন্নাথপুর উপজেলায় পাঁচ শতাধিক শব্দকর পরিবার ছিল। এখনো দুই শতাধিক আছে। তার মধ্যে মাত্র ২০ থেকে ২৫টি পরিবার এখনো বাদ্যবাজনায় যুক্ত। বাকিরা অন্য নানা পেশায় জড়িয়ে পড়েছে। শব্দকর পরিবারের সন্তান হিসেবে আমি নিজে গর্ববোধ করি। আমি বিশ্বাস করি, আমাদের একেকটি বাজনা একেকটি শিক্ষা।
আমাদের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় ঢাক বাজানো হয়। ধামাইল গানের স্রষ্টা রাধারমণ দত্ত এ উপজেলার কৃতী সন্তান। তাই আমাদের অঞ্চলে ধামাইল গানের আসর বসত, প্রতিযোগিতা হতো। এসব আসরে আমরা বাজাতাম। ভালো লাগত।
ছোটবেলা থেকে আমার মধ্যে অপমানবোধটা প্রবল। একসময় দেখলাম নিম্নবর্ণের মানুষ বিবেচনা করে আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। অনেক বাড়িতে বাজনা বাজাতে গেলে খাওয়াদাওয়ার সময় অতিথিদের সঙ্গে খেতে দেওয়াও হতো না। আলাদা খাবার খাওয়ানো হতো। এসব অবহেলা খুব কষ্ট দিত। দিনে দিনে কাজও কমে যাচ্ছিল। তার মধ্যে আবার অপমান। তাই আমি নিজেই বাপ–দাদার এ পেশা থেকে সরে যাই। চাকরি নিই একটি করাতকলে।
আমি অবহেলা থেকে সরে এলেও অনেকে বাধ্য হয়েই ছেড়ে দিয়েছেন। বিয়েশাদিতে আমাদের বাজনা না এনে এখন শিল্পীসহ ব্যান্ড আনা হয়। ধামাইলের পরিবর্তে রাতভর চলে গানবাজনার আয়োজন।
আমার দুই ছেলে এ পেশা ছেড়ে দিয়েছে। একজন সেলুনের কাজ করছে, আরেকজন ঢাকায় পোশাককর্মী হিসেবে কাজ করছে। সেলুনে কাজ করা ছেলে গৌরাঙ্গ শব্দকরের আয় দিয়ে কোনোরকম খেয়ে না খেয়ে চলে আমাদের সংসার।
আমি পৌর শহরের হবিবনগর এলাকায় এক প্রবাসীর জায়গায় বাড়ি করে বসবাস করছি। জন্মসনদ অনুযায়ী বয়স আমার ৮৪, আদতে আরও বেশি। কালে কালে কত বন্যা দেখেছি। কিন্তু এবারের মতো ভয়াবহ বন্যা আগে দেখিনি। ঘরে পানি ঢুকে পড়েছিল। স্ত্রীসহ আরও অনেকের সঙ্গে পৌর ভবনে আশ্রয় নিয়েছিলাম। কী যে কষ্টে কাটল কয়টা দিন। বয়স্ক মানুষ, কারও কাছে হাতও পাততে পারি না।
এখন আশ্রয়কেন্দ্র থেকে বাসায় ফিরে এসেছি। কিন্তু আমার ঘরের টিনের চাল ও বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। কীভাবে মেরামত করব ভেবে পাই না।