
স্কুলে পড়ার সময় পাড়ায় আমাদের ১০ থেকে ১২ জনের একটা দল ছিল। কার গাছে আম-কাঁঠাল পেকেছে, কার গাছের ডাবটা সহজে পেড়ে খাওয়া যায়—এসবই ছিল দলটার প্রধান কাজ। এর বাইরে আরেকটা বিশেষ কাজও ছিল: ‘বিয়ে খাওয়া’। আক্ষরিক অর্থেই আমরা বিয়ে খেয়ে বেড়াতাম! কারণ, বিয়ের ভোজপর্বে আমরা হাজির হতাম দাওয়াত ছাড়াই। একে মুখরোচক পদ চেখে দেখার লোভ, অন্যদিকে সবাই একসঙ্গে মজা করতে পারা—এ দুই কারণে এলাকায় কারও বিয়ে হলেই কমিউনিটি সেন্টারে উপস্থিত হয়ে যেতাম আমরা।
শীতে একবার এলাকায় বিয়ের ধুম পড়ে গেল। একদিন কাকুর বিয়ে তো, অন্যদিন দাদার বিয়ে। আর বিয়ের খবর এলেই বরযাত্রী হিসেবে যাওয়ার জন্য দলবলসহ হাজির হয়ে যেতাম। এভাবে আমাদের বেশ ভালোই চলছিল। বিয়ে খাওয়াটা আমাদের কাছে রীতিমতো একটা নেশা হয়ে দাঁড়াল। কিন্তু বিয়ের খাবার তো এক বেলাই খাওয়া যায়। অন্য বেলা খেতে হয় ডাল-ভাত!
পরের বেলাতেও কীভাবে ভালো খাওয়া যায়, তা নিয়ে অনেক চিন্তাভাবনা করে একটা সুরাহা বের করা হলো। খেতে যাওয়ার সময় সবাই পলিথিন নিয়ে যেতাম। খাবার টেবিলে বসার সময় পকেট থেকে পলিথিনটা নিয়ে কায়দা করে টেবিলের নিচে দুই হাঁটুর মাঝখানে ধরে রাখতাম। তারপর খাওয়ার ফাঁকে সুযোগ বুঝে টুক করে কয়েক টুকরা করে মাংস পলিথিনে ভরে রাখতাম। মাংস রাখার সময় খেয়াল করতাম যেন কেউ না দেখে। একবার যদি কেউ বিষয়টি জেনে যায়, তাহলে ব্যাপারটা কেমন বিশ্রী হয়ে যাবে না!
বেশির ভাগ বিয়েরই আয়োজন হতো রাতে। তাই খাওয়া শেষে নিরাপদ কোনো জায়গায় যত্ন করে পলিথিন রেখে দিতাম। বিয়ের আয়োজন শেষে বাসায় ফিরে চেক করে দেখতাম, পলিথিন ঠিকঠাক আছে কি না। পরদিন সকালবেলা বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে তেল-চিটচিটে সেই পলিথিন খুলতাম। তারপর মাংসগুলো বের করে একটু গরম করে তৃপ্তিসহ খেতাম!
ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়লে এখন কী যে হাসি পায়!