>বাক্স ভরে কিংবা ঠেলাগাড়িতে করে কুলফি বিক্রেতার দেখা পাওয়া এখন দুষ্কর। তাই বলে কি কুলফি খাব না! বাড়িতেই বানিয়ে নিন। আতিয়া আমজাদ দিয়েছেন নানারকম কুলফি তৈরির রেসিপি।
ওটস কুলফি

উপকরণ: ঘন দুধ ১ কাপ, মধু ২ টেবিল চামচ, গুড় আধা কাপ, ওটস আধা কাপ, কর্ন ফ্লাওয়ার ২ চা-চামচ, বাদাম কুচি আধা কাপ, জাফরান ১ চা-চামচ (দুধে গুলে নেওয়া)।
প্রণালি: চুলায় দুধ গরম করে সব উপকরণ দিয়ে ঘন ঘন নাড়ুন। থকথকে হয়ে এলে নামিয়ে কুলফির ছাঁচে ঢেলে ঠান্ডা করে নিন। ডিপ ফ্রিজে রাখুন ১২ ঘণ্টা। বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
ফলের কুলফি
উপকরণ: ঘন দুধ ১ কাপ, হুইপড ক্রিম আধা কাপ, কর্ন ফ্লাওয়ার ২ চা-চামচ, চিনি ৪ টেবিল চামচ বা স্বাদমতো। আম, তরমুজ কিংবা বাঙ্গির পাল্প (বিচি ছাড়ানো) ১ কাপ, পাউরুটি ২ টুকরা (ধারের অংশ কেটে নেওয়া), পেস্তা ও কাঠবাদাম ২ টেবিল চামচ, কেওড়া আধা চা-চামচ, জাফরান ১ চা-চামচ।
প্রণালি: দুধ জ্বাল দিয়ে ঘন করে তাতে ক্রিম, বাদাম ও পাউরুটি ছাড়া বাকি সব উপকরণ মিশিয়ে নিন। এটি ঠান্ডা করে নিন। পাউরুটির সাদা অংশ পানিতে ভিজিয়ে চিপে নিয়ে দুধের মিশ্রণে দিয়ে দিন। ছোট ছোট টুকরা করে দিন। যতটা সম্ভব মিশিয়ে নিন চামচ দিয়ে।
এবার ক্রিম, বাদামসহ মিশ্রণটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ছাঁচে দিয়ে ১২ ঘণ্টা ডিপ ফ্রিজে রাখুন। বের করে পরিবেশন করুন।
পাউরুটির কুলফি
উপকরণ: দুধ ১ কাপ, হুইপড ক্রিম আধা কাপ, পাউরুটি ৫টি (ধার কেটে নেওয়া), চিনি ৪ টেবিল চামচ, পেস্তা বাদাম কুচি আধা কাপ, কেওড়া আধা চা-চামচ, কর্ন ফ্লাওয়ার ১ চা-চামচ।
প্রণালি: দুধে কর্ন ফ্লাওয়ার গুলে জ্বাল দিন। পাউরুটি পানিতে ভিজিয়ে চিপে দুধে টুকরা টুকরা করে দিয়ে দিন। ভালোমতো মিশিয়ে নিন। ক্রিম ছাড়া বাকি সব উপকরণ দিয়ে মিশিয়ে নিন। ঠান্ডা হলে ক্রিম দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার ছাঁচে ঢেলে ১২ ঘণ্টা ডিপ ফ্রিজে রাখুন। বের করে ঠান্ডা পরিবেশন করুন।
চকলেট কুলফি
উপকরণ: ঘন দুধ ১ কাপ, কুকিং চকলেট সাদা ও কালো আধা কাপ, ক্রিম আধা কাপ, চিনি ২ টেবিল চামচ বা স্বাদমতো, কর্ন ফ্লাওয়ার ১ চা-চামচ, পাউরুটি ২ টুকরা ( ধার কেটে নেওয়া), চকলেট সস সাজানোর জন্য।
প্রণালি: কর্ন ফ্লাওয়ার গুলে দুধ গরম করে চকলেট দিয়ে মিশিয়ে নিন। পাউরুটি পানিতে ভিজিয়ে চিপে নিয়ে টুকরা টুকরা করে দুধ দিয়ে নেড়ে নিন। এই মিশ্রণটি ঠান্ডা করে ক্রিম ও বাদাম দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ছাঁচে এই মিশ্রণ ঢেলে ১২ ঘণ্টা ডিপ ফ্রিজে রাখুন। বের করে চকলেট সস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
কফি কুলফি
উপকরণ: ঘন দুধ ১ কাপ, ক্রিম আধা কাপ, কোকো পাউডার ২ চা-চামচ, কফি ১ চা-চামচ, পাউরুটি ২ টুকরা (ধার কেটে নেওয়া), চিনি ৪ টেবিল চামচ, কর্ন ফ্লাওয়ার ১ চা-চামচ, কাজুবাদাম আধা কাপ।
প্রণালি: দুধে ক্রিম ছাড়া সব উপকরণ মিশিয়ে জ্বাল দিয়ে ঠান্ডা করে নিন। এবার ক্রিম দিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিন। ছাঁচে ঠেলে ১২ ঘণ্টা ডিপ ফ্রিজে রাখুন। বের করে ঠান্ডা পরিবেশন করুন।
পেস্তা কুলফি
উপকরণ: ঘন দুধ ৩ কাপ, পাউডার দুধ আধা কাপ, কনডেন্সড মিল্ক আধা কাপ, হেভি ক্রিম ১ কাপের ৩ ভাগের ১ ভাগ, চিনির শিরা ১ কাপের ৩ ভাগের ১ ভাগ, পেস্তাবাদাম ১ কাপ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, গোলাপজল আধা চা-চামচ, সবুজ ফুড কালার আধা চা-চামচ (ইচ্ছামতো) ও পানি আধা কাপ।
প্রণালি: পেস্তাবাদাম গরম পানিতে ভিজিয়ে নরম হলে ছিলে কুচি করে রাখুন। পানিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখুন। হাঁড়িতে দুধের সঙ্গে শিরা, পাউডার দুধ ও কনডেন্সড মিল্ক মিশিয়ে জ্বাল দিন। বলক এলে কর্নফ্লাওয়ার ছাড়া বাকি সব উপাদান মিশিয়ে আরও ২ মিনিট জ্বাল দিন। এবার কর্নফ্লাওয়ার দিয়ে ১ মিনিট পর নামিয়ে নিন। হ্যান্ড বিটারের সাহায্যে মিশ্রণটি ভালোমতো বিট করে নিন। এবার ছাঁচে ঢেলে সারা রাত ডিপ ফ্রিজে রেখে দিন।
কুলফিতে কাঠি দিতে চাইলে ডিপ ফ্রিজে রাখার ৪ ঘণ্টা পর কুলফি কিছুটা জমে এলে তখন কাঠি দিতে হবে। একটা গ্লাসে কুসুম গরম পানি নিয়ে তাতে কুলফির ছাঁচ রেখে আলতো করে টান দিলেই কাঠিসহ কুলফি বেরিয়ে আসবে।