রেসিপি

শাকের ৪টি পদ

বাজারে এখন নানা রকম শাক। শাক দিয়েই বানাতে পারেন নিমকি, বড়াসহ বিভিন্ন ধরনের পদ। রেসিপি দিয়েছেন অসিত কর্মকার

পালংশাক ও ডালের বড়ার মাখানি

ছবি: সাবিনা ইয়াসমিন

উপকরণ: পালংশাককুচি ৪০০ গ্রাম, মুগ ডালবাটা ৪০০ গ্রাম, ধনেপাতাকুচি ১ কাপ, পেঁয়াজকুচি ১ কাপ, কাঁচা মরিচকুচি ২ চা-চামচ, ময়দা ২ চা-চামচ, পেঁয়াজবাটা আধা কাপ, রসুনবাটা ১ চা-চামচ, মরিচগুঁড়া ২ চা-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, শর্ষে তেল ১ কাপ।

প্রণালি: একটি পাত্রে পালংশাককুচি ও ডাল বাটার সঙ্গে ধনেপাতা, পেঁয়াজকুচি, কাঁচা মরিচকুচি, লবণ ও ময়দা মেখে বড়া আকারে বানিয়ে নিন। ডুবোতেলে ভেজে তুলে রাখুন। অন্য প্যানে তেল দিন। এতে বাটা ও গুঁড়ামসলা দিয়ে কষিয়ে স্বাদমতো লবণ দিয়ে দিন। নেড়ে প্রয়োজনমতো পানি দিন। ফুটে এলে ভেজে রাখা বড়াগুলো দিয়ে ঢেকে রাখুন। কিছু সময় পর নামিয়ে পরিবেশন করুন।

মেথি নিমকি

উপকরণ: মেথি শাককুচি ২৫০ গ্রাম, ময়দা ৩০০ গ্রাম, কালোজিরা ১ চা-চামচ, তেল ভাজার জন্য পরিমাণমতো, লবণ স্বাদমতো, পানি সামান্য।

প্রণালি: একটি পাত্রে মেথি শাককুচি, ময়দা, কালিজিরা, লবণ ও পরিমাণমতো তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিন। অল্প করে পানি দিয়ে ভালো করে মাখাতে থাকুন। ময়দা মাখা হয়ে গেলে আধা ঘণ্টার জন্য একটি পাত্রে ঢাকনা দিয়ে রেখে দিন। ময়দার মণ্ড থেকে ছোট করে লেচি কেটে নিতে হবে। বেলে ফেলুন। এর ওপর সামান্য শুকনা ময়দা ছড়িয়ে দিন। আবার পরোটার মতো করে ভাঁজ করে বেলতে হবে। নিমকি আকারে গড়ে ডুবোতেলে অল্প আঁচে ভেজে নিন। তুলে একটি পাত্রে রাখুন। নিমকি কয়েক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে।

থানকুনিপাতা বাটায় মুরগি

উপকরণ: থানকুনিপাতা ৩০০ গ্রাম, মুরগির মাংস ৫০০ গ্রাম, পেঁয়াজকুচি ১ কাপ, রসুনকুচি আধা কাপ, হলুদগুঁড়া ২ চা-চামচ, মরিচগুঁড়া ২ চা-চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, জিরাবাটা ২ চা-চামচ, কাঁচা মরিচ ৫টি ফালি করে কাটা, গরমমসলাবাটা ১ চা-চামচ, তেজপাতা ২টি, লবণ স্বাদমতো, তেল আধা কাপ।

প্রণালি: থানকুনিপাতা সামান্য পানি দিয়ে মিক্সিতে পেস্ট করে নিন। মুরগি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। হলুদগুঁড়া, মরিচগুঁড়া, ধনেগুঁড়া, জিরাবাটা, গরমমসলাবাটা, লবণ ও ১ টেবিল চামচ তেল দিয়ে মাখিয়ে রাখুন ৩০ মিনিট। একটি প্যানে বা কড়াইতে তেল গরম করে পেঁয়াজকুচি, রসুনকুচি, তেজপাতা দিয়ে নাড়ুন। পেঁয়াজ ও রসুন বাদামি রঙের হয়ে এলে মাখানো মাংস দিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে ঢেকে দিন। মাংস সেদ্ধ হয়ে এলে থানকুনিপাতা পেস্ট দিয়ে দিন। নেড়ে ঢেকে চুলা বন্ধ করে দিন। ১০ মিনিট পর নামিয়ে পরিবেশন করুন।

চিংড়ি পুরে লাউপাতায় পুটুলি

উপকরণ: লাউপাতা ৭-৮টি ( কুসুম গরম পানিতে সামান্য লবণ দিয়ে ভাপিয়ে নিতে হবে)।

ক) চাল ও মসলার মিশ্রণ: চালের গুঁড়া ১ কাপ, বেসন ১ টেবিল চামচ, ময়দা ১ টেবিল চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, কালিজিরা সামান্য, পানি প্রয়োজনমতো।

খ) পুরের জন্য: চিংড়ি মাছ পেস্ট ২ কাপ, নারকেলবাটা আধা কাপ, কাঁচা মরিচকুচি আধা চা-চামচ, ধনেপাতাকুচি সামান্য, তেল ৩ কাপ, লবণ স্বাদমতো।

প্রণালি: একটি বাটিতে ক বিভাগের উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে আলাদা করে রাখুন। অন্য একটি বাটিতে খ বিভাগের তেল বাদে বাকি সব উপকরণ ভালোভাবে মেখে পুর তৈরি করুন। লাউপাতায় মেখে রাখা পুর দিয়ে দিন। চারপাশ থেকে পাতা মুড়িয়ে পুটুলির মতো করে মুখ বন্ধ করে নিন। তেল গরম করে নিন। পুর ভরা লাউপাতা চাল ও মসলার মিশ্রণে ডুবিয়ে নিতে হবে। এবার গরম তেলে ভেজে তুলে চাটনির সঙ্গে পরিবেশন করুন।