বুটের ডালে বিফ তেহারি
বুটের ডালে বিফ তেহারি

বুটের ডালে বিফ তেহারির রেসিপি

রেসিপি দিয়েছেন তানিয়া শারমিন

উপকরণ

  • গরুর মাংস ১ কেজি (ছোট ছোট টুকরা)

  • আদাবাটা ২ টেবিল চামচ

  • রসুনবাটা ১ টেবিল চামচ

  • টক দই আধা কাপ

  • লবণ ২ টেবিল চামচ

  • কাঁচা মরিচ ২০টি

  • তেহারি মসলা ৩ টেবিল চামচ (দারুচিনি ৫ গ্রাম, এলাচি ৫ গ্রাম, লবঙ্গ ৮-১০টি, সাদা ও কালো গোলমরিচ ২ চা-চামচ, জায়ফল আধা টুকরা, জয়ত্রী আধা টুকরা, শাহি জিরা ১ চা-চামচ একসঙ্গে গুঁড়া করা)

  • বুটের ডাল ২০০ গ্রাম

  • পোলাওয়ের চাল ৭৫০ গ্রাম, শর্ষের তেল ১ কাপ

  • বেরেস্তা ভাজার তেল ১ কাপ

  • তেজপাতা ২-৩টি

  • এলাচি ২-৩টি

  • দারুচিনি ২-৩টি

  • লবঙ্গ ২-৩টি

  • পানি প্রয়োজনমতো

  • চিনি ১ টেবিল চামচ

  • ঘি সিকি কাপ

  • গুঁড়া দুধ ২ টেবিল চামচ

  • পেঁয়াজ বেরেস্তা ২ কাপ

  • গোলাপজল ১ টেবিল চামচ

প্রণালি

  • গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে আদা-রসুনবাটা, টক দই, লবণ, কাঁচা মরিচ ও ১ টেবিল চামচ তেহারি মসলা দিয়ে ভালোভাবে মেখে আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা রেখে দিন।

  • বুটের ডাল ভিজিয়ে রেখে সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন।

  • পোলাওয়ের চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন।

  • এবার হাঁড়িতে শর্ষের তেল ও বেরেস্তা ভাজার তেল গরম করে তেজপাতা, ‌এলাচি, দারুচিনি, লবঙ্গ দিন।

  • মেরিনেট করা মাংস দিয়ে ভালোভাবে কষান।

  • কিছুক্ষণ পর ঢেকে মাঝারি আঁচে কষাতে থাকুন।

  • প্রায় ১০ মিনিট পর প্রয়োজনমতো গরম পানি দিয়ে ঢেকে রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে মাংস তুলে আলাদা করে রাখুন।

  • একই হাঁড়িতে চাল দিয়ে ৪ থেকে ৫ মিনিট নেড়ে ভেজে নিন। চালের দ্বিগুণ ফুটন্ত পানি দিন।

  • এরপর স্বাদমতো লবণ, চিনি, কাঁচা মরিচ, ২ টেবিল চামচ ঘি, গুঁড়া দুধ, তেহারি মসলা ২ টেবিল চামচ, অর্ধেক বেরেস্তা, রান্না করা মাংস, সেদ্ধ বুটের ডাল ও গোলাপজল দিন।

  • সবকিছু আলতো করে নেড়ে দিন। পানি শুকিয়ে এলে ঢেকে কম আঁচে ২০ মিনিট দমে রাখুন।

  • সময় শেষে ঢাকনা খুলে বাকি বেরেস্তা ও বাকি ঘি ছড়িয়ে দিন। আবার ঢেকে ১০ মিনিট রেখে চুলা বন্ধ করুন।

  • পরিবেশনের আগে বড় হাতা দিয়ে ওপর-নিচ করে আলতোভাবে নেড়ে নিন।