গ্রিল ফিশ উইথ ফ্রুট সালসা
গ্রিল ফিশ উইথ ফ্রুট সালসা

মাংস আর কত খাবেন! আজ বানাতে পারেন ‘গ্রিল ফিশ উইথ ফ্রুট সালসা’

ফল তো আমরা এমনি এমনিই খাই। চাইলে কিছু ফলকে রান্নায় সবজি হিসেবেও ব্যবহার করা যায়। এখানে ‘গ্রিল ফিশ উইথ ফ্রুট সালসা’র রেসিপি দিয়েছেন সেলিনা আক্তার

ড্রেসিংয়ের উপকরণ: বড় মাছের ফিলে ৫ টুকরা, অলিভ অয়েল সিকি কাপ, লেবুর রস ২ টেবিল চামচ, রসুন মিহি কুচি ১ টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া ১ চা–চামচ, পার্সলেকুচি, ইতালিয়ান হার্বস ও লবণ স্বাদমতো।

সালসার উপকরণ: পাকা আম আধা কাপ (ছোট কিউব কাট), ক্যাপসিকাম ২ টেবিল চামচ (কিউব কাট), পেঁয়াজ ১টি (কিউব কাট) ও ধনেপাতাকুচি পছন্দমতো।

গ্রিল করা মাছের পাশে সালসা রেখে একসঙ্গে পরিবেশন করুন

প্রণালি: মাছের ফিলে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিচেন টাওয়েল দিয়ে অতিরিক্ত পানি মুছে রাখুন। এবার ড্রেসিংয়ের সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে সেখান থেকে অর্ধেকটা দিয়ে মাছ ম্যারিনেট করুন ১ ঘণ্টা। চুলায় ছড়ানো প্যান দিয়ে সামান্য অয়েল স্প্রে করুন। তাতে ম্যারিনেট করা মাছগুলো ৫ মিনিট মাঝারি আঁচে এপিঠ–ওপিঠ করে গ্রিল করুন।

সালসার সব উপকরণ বাকি অর্ধেক ড্রেসিং দিয়ে মেখে নিন। গ্রিল করা মাছের পাশে সালসা রেখে একসঙ্গে পরিবেশন করুন।