ছেলেকে পাঁচ বছর টিভি-মোবাইল থেকে দূরে রেখেছিলেন অমৃতা, কী করতেন বিকল্প হিসেবে?

প্রথম পাঁচ বছর সন্তানের হাতে মুঠোফোন তুলে না দিয়ে তাকে ব্যস্ত রাখা কি সম্ভব? বলিউড অভিনেত্রী অমৃতা রাও ও তাঁর স্বামী আর জে আনমল কিন্তু তেমনটাই করেছেন। কেমন ছিল তাঁদের অভিজ্ঞতা, চলুন জেনে নিই।

অমৃতা রাও ও তাঁর স্বামী আর জে আনমল ছেলে বীরের জীবনের প্রথম পাঁচ বছর তাকে টেলিভিশন, মুঠোফোনসহ কোনো ধরনের ডিজিটাল স্ক্রিনের সংস্পর্শে আনেননি
ছবি: ইনস্টাগ্রাম থেকে

শিশুর হাতে মুঠোফোন তুলে না দিয়ে তাকে ব্যস্ত রাখা কি সম্ভব? বলিউড অভিনেত্রী অমৃতা রাও ও তাঁর স্বামী আর জে আনমল ছেলের জীবনের প্রথম পাঁচ বছর চেষ্টা করেছেন তেমনই এক জীবনযাপন গড়ে তুলতে। টেলিভিশন, মুঠোফোন বা অন্য কোনো পর্দা ছাড়াই কীভাবে বড় করেছেন ছেলেকে, জানালেন সেই অভিজ্ঞতা।

ডিজিটাল স্ক্রিনের বিকল্প

শিশুকে খাওয়ানোর সময় কিংবা কিছুক্ষণ ব্যস্ত রাখার জন্য অনেক অভিভাবকই মুঠোফোন বা টেলিভিশনের সাহায্য নেন। কিন্তু অমৃতা রাও ও তাঁর স্বামী আর জে আনমল ছেলের ক্ষেত্রে শুরু থেকেই ভিন্ন পথ বেছে নিয়েছিলেন। ছেলে বীরের জীবনের প্রথম পাঁচ বছর তাঁরা তাকে টেলিভিশন, মুঠোফোনসহ কোনো ধরনের ডিজিটাল স্ক্রিনের সংস্পর্শে আনেননি।

ওই সময় তাঁদের বাড়িতে টেলিভিশনও ছিল না। সম্প্রতি রাজন নাভানির সঞ্চালনায় ‘থিঙ্করাইট’ পডকাস্টে মাতৃত্ব নিয়ে কথা বলতে গিয়ে অমৃতা বলেন, ‘মাতৃত্বের সবচেয়ে ভালো দিক ছিল, জীবনের অন্তত পাঁচ বছর আমি আমার সন্তানকে গ্যাজেটমুক্ত রাখতে পেরেছি।’
এ সিদ্ধান্তের পেছনে ছিল সচেতন ভাবনা। ২০২৪ সালের ডিসেম্বরে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অমৃতা জানিয়েছিলেন, বীরের জীবনে টেলিভিশন বা মুঠোফোনের জায়গা নেই। পুরো গর্ভাবস্থায় মুঠোফোন থেকে দূরে থাকার চেষ্টা করেছিলেন।

অমৃতার এক চিকিৎসক কাজিন যুক্তরাষ্ট্রে নিজের সন্তানদের ছোটবেলা থেকে স্ক্রিনের বাইরে রেখেছিলেন। তাদের বেড়ে ওঠার অভিজ্ঞতা শুনে অমৃতার মনে হয়েছিল, ছেলের ক্ষেত্রেও এমনটা চেষ্টা করা যায়। স্বামী আনমলও তাঁকে সমর্থন করেন। আনমল বলেছিলেন, মা-বাবা হিসেবে তাঁরা বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাঁদের মনে হয়েছে, এই ব্যবস্থা তাঁদের সন্তান ও পরিবারের জন্য ভালো কাজ করছে।

ব্যস্ত রাখতেন যেভাবে

শিশুর হাতে মুঠোফোন না দিলে তাকে ব্যস্ত রাখার বিকল্পও তৈরি করতে হয়। অমৃতা জানান, গর্ভে থাকার সময় থেকেই তিনি বীরের সঙ্গে কথা বলতেন। জন্মের পরও সেই অভ্যাস চালিয়ে যান। তাঁর বিশ্বাস, বড়রা যতটা ভাবেন, শিশুরা তার চেয়ে বেশি শুনতে ও বুঝতে পারে।

ভিডিও দেখানোর বদলে জন্মের পর থেকেই বীরকে হিন্দি ও ইংরেজি ভাষার অডিও গল্প ও ছড়াগান শোনাতেন তাঁরা। ব্যস্ত থাকলে তাঁরা অডিও গল্প বা ছড়া চালিয়ে দিতেন। আনমলের মতে, এভাবে শোনার অভ্যাস বীরের শব্দভান্ডার সমৃদ্ধ করতে সাহায্য করেছে।

তবে এর জন্য অমৃতা ও আনমলকে সময় দিতে হয়েছে অনেক। অমৃতা বলেছিলেন, তাঁরা যেহেতু আয়া রাখেননি এবং ছেলেকে স্ক্রিন টাইমও দেননি, তাই তার সঙ্গে সময় কাটানোর দায়িত্ব তাঁদেরই নিতে হয়েছে। দুজন মিলে সন্তানের দেখাশোনার কাজ ভাগ করে নিতেন। অমৃতার ভাষ্য অনুযায়ী, সন্তানের দেখাশোনার দায়িত্ব দুজন সমানভাবে ভাগ করে নিয়েছিলেন। আনমল অবশ্য মজা করে বলেছিলেন, কখনো কখনো তিনি স্ত্রীর চেয়েও বেশি কাজ করেন।

পরিবারের সবাইকে একমত করানো

শুধু মা-বাবা নিয়ম মানলেই হয় না, পরিবারের অন্য সদস্যদেরও বিষয়টি বুঝতে হয়। অমৃতা জানান, তাঁদের সিদ্ধান্তের সঙ্গে সবাইকে একমত করাতে সময় লেগেছিল। সন্তানের লালন-পালন নিয়ে মা-বাবার মতের অমিলও হতে পারে। আনমলের মতে, দুজনই সন্তানের ভালোর কথা ভেবে আলাদা সিদ্ধান্তে পৌঁছাতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত একমত হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তাঁদের সচেতনতা শুধু পর্দা ব্যবহারে সীমাবদ্ধ ছিল না, খাবারের ক্ষেত্রেও ছিল। বীরকে সাত্ত্বিক খাবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। ভারতীয় খাদ্যদর্শনে সাত্ত্বিক খাবার বলতে সাধারণত তাজা, সহজপাচ্য ও নিরামিষ খাবার বোঝায়। প্যাকেটজাত নাশতা এড়িয়ে চলতেন।

অমৃতা বলেন, অনেক সময় মানুষ মা-বাবার অনুমতি না নিয়েই শিশুদের চকলেট বা বিস্কুট দিয়ে দেয়। একবার এক দোকানদার বীরকে চকলেট দিতে চাইলে সে নাকি বলেছিল, ‘আমি চকলেট খাই না, আপনারও খাওয়া উচিত নয়।’ তবে জন্মদিনের অনুষ্ঠান বা সামাজিক আয়োজনে খাবারের নিয়ম মেনে চলা যে সব সময় সহজ নয়, তা-ও স্বীকার করেছেন তাঁরা।

অমৃতা রাও সন্তান বীরকে সাত্ত্বিক খাবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন

মাতৃত্বের পাশাপাশি নিজের পরিচয়

সাম্প্রতিক পডকাস্টে অমৃতা মাতৃত্বের প্রস্তুতি নিয়েও কথা বলেছেন। কোভিড-১৯ মহামারি তাঁকে সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবিয়েছিল। তিনি বলেন, অন্তঃসত্ত্বা হওয়ার আগে যদি মহামারি শুরু হতো, তাহলে হয়তো পৃথিবীতে সন্তান আনার সিদ্ধান্ত নিতেন না। তবে কথাটি সন্তান জন্ম দেওয়ার জন্য অনুশোচনা থেকে বলেননি। বরং অনিশ্চিত পৃথিবীতে সন্তান বড় করার দায়িত্ব কতটা গভীর, সেটিই বোঝাতে চেয়েছেন।

মা হওয়ার পর নিজের পরিচয় হারিয়ে না ফেলার বিষয়েও কথা বলেছেন অমৃতা। তাঁর মতে, পেশাগত কাজ নারীদের আর্থিক স্বাধীনতার পাশাপাশি মানসিক তৃপ্তি ও চিন্তার খোরাকও জোগায়। অন্যের সাফল্যের সংজ্ঞা পূরণ করতে গিয়ে নিজের ইচ্ছা ও পরিচয় হারিয়ে ফেলা উচিত নয়।

পর্দার বিকল্পও তৈরি করতে হয়

অমৃতা ও আনমলের অভিজ্ঞতা থেকে একটি বিষয় স্পষ্ট, শিশুকে পর্দা থেকে দূরে রাখতে চাইলে শুধু ফোন বা টেলিভিশন সরিয়ে রাখলেই হয় না। তার বদলে কথা বলা, গল্প শোনানো, ছড়া গাওয়া কিংবা একসঙ্গে সময় কাটানোর মতো বিকল্পও তৈরি করতে হয়।

অবশ্য প্রতিটি পরিবারের বাস্তবতা আলাদা। তাঁদের পদ্ধতি সবার পক্ষে অনুসরণ করা সম্ভব না-ও হতে পারে। তবে শিশুদের স্ক্রিন ব্যবহারের অভ্যাস নিয়ে ভাবছেন, এমন অভিভাবকদের জন্য এই অভিজ্ঞতা নতুন করে ভাবার সুযোগ তৈরি করে।

সূত্র: থিঙ্করাইট পডকাস্ট