মিসেস বিস্টকে পেয়ে গেছেন মিস্টার বিস্ট, ভক্তদের দেওয়া কথাও রাখলেন

ইউটিউব সেনসেশন মিস্টার বিস্ট জানিয়েছিলেন, জীবনের নানা কিছু নিয়ে কনটেন্ট বানালেও তাঁর বিয়ে ইউটিউবের কনটেন্ট হবে না। কথা রেখেছেন মিস্টার বিস্ট হিসেবে পরিচিত ২৮ বছর বয়সী জিমি ডোনাল্ডসন। দীর্ঘদিনের প্রেমিকা থিয়া বুয়সেনের সঙ্গে বিয়ের ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আমি আমার মিসেস বিস্টকে পেয়ে গেছি। আর এটাই আমার জীবনের সেরা দিন।’

ইউটিউবে মিস্টার বিস্টের ৫০ কোটি ৯ লাখ আর ইনস্টাগ্রামে ৮ কোটি ৮০ লাখ ফলোয়ার থাকলে কি হবে, থিয়া বুয়সেনের সঙ্গে বিয়ের অনুষ্ঠান ছিল একেবারেই ব্যক্তিগত। ইতিমধ্যে থিয়া ইনস্টাগ্রামে নিজের নাম ‘থিয়া ডোনাল্ডসন ’–এ বদলে দিয়েছেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
ক্যারিবিয়ান সাগরের রিচার্ড ব্র্যানসনের মালিকানাধীন নেকার আইল্যান্ডে হয় বিয়ের আনুষ্ঠানিকতা। সব মিলিয়ে কেবল পরিবারের হাতে গোনা সদস্য ও ঘনিষ্ঠ বন্ধু মিলিয়ে ৭০ জনের উপস্থিতিতে সম্পন্ন হয় এই ডেস্টিনেশন ওয়েডিং।
এক সপ্তাহ ধরে চলা বিয়ের উদ্‌যাপনে ছিল স্নরকেলিং, কাইটসার্ফিংসহ বিনোদনের নানা আয়োজন।
জিমি ও থিয়ার প্রথম পরিচয় ২০২২ সালে দক্ষিণ আফ্রিকায়, এক ডিনারে, কমন ফ্রেন্ডের মাধ্যমে। সেটি নাকি দুজনের জন্যই ছিল ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’। এরপর তাঁদের সম্পর্ক ধীরে ধীরে গভীর হয়।
২০২৪ সালের বড়দিনে মিস্টার বিস্ট তাঁদের বাড়িতে থিয়া ও তাঁর পরিবারকে বড়দিন উদ্‌যাপনের দাওয়াত দেন। সেই ঘরোয়া আয়োজনে থিয়াকে বিয়ের প্রস্তাবও দেন। তবে সারপ্রাইজ দেওয়ার জন্য থিয়াকে না জানিয়ে জিমি তাঁর পরিবারের কাছ থেকে অনুমতি নিতে ভোলেননি।
২০২২ সাল থেকেই এই জুটি বিশ্বের নানা প্রান্তে একসঙ্গে ঘুরে বেড়িয়েছেন।
অবশেষে ২০২৬ সালের জুলাইয়ে বিয়ে করলেন ২৮ বছর বয়সী জিমি ডোনাল্ডসন ও ২৯ বছরের থিয়া বুয়সেন।
থিয়া বুয়সেন দক্ষিণ আফ্রিকান লেখক, গেমার, ই-স্পোর্টস ধারাভাষ্যকার এবং কনটেন্ট নির্মাতা। তিনি আইন, মনোবিজ্ঞান এবং নিউরোসাইকোলজি বিষয়ে পড়াশোনা করেছেন। নিজের সাহিত্যকর্ম ও অনলাইন উপস্থিতির জন্যও পরিচিত।
এদিকে মিস্টার বিস্টের নামের সঙ্গে জুড়ে গেছে ‘ইতিহাসের সেরা ইউটিউবার’–এর তকমা। তরুণ বিলিয়নিয়ার হিসেবেও নামডাক আছে তাঁর। ব্যক্তিগত জীবনের গোপনীয়তা রক্ষায়, স্ত্রী থিয়ার সঙ্গে ছুটিতে একান্তে সময় কাটানোর জন্য কয়েকটা দ্বীপও কিনেছেন। শোনা যাচ্ছে, এর মধ্যে একটি নাকি বিয়েতে স্ত্রীকে উপহার দিয়েছেন তিনি।
বিয়েতে জিমি আর থিয়া দুজনেই ক্ল্যাসিক ও পরিমিত সৌন্দর্যের পোশাক বেছে নিয়েছিলেন।
বিয়েতে থিয়া স্ট্র্যাপলেস (কাঁধখোলা) সাদা লেসের ওয়েডিং গাউন পরেছিলেন, গাউনের নিচের দিকটায় লম্বা, ট্রেন। মাথায় ছিল সাদা স্বচ্ছ ঘোমটা। গয়না আর মেকআপ ছিল মিনিমাল।
অন্যদিকে মিস্টারবিস্টের পরনে ছিল সাদা শার্টের ওপর ক্ল্যাসিক কালো টাক্সেডো আর বো-টাই। এভাবেই দুজনে দেখা দিয়েছেন ক্ল্যাসিক, পরিশীলিত, মিনিমাল এলিগ্যান্ট লুকে।
জীবনের নতুন অধ্যায়ে পা রেখে অনলাইন দুনিয়ায় মিস্টার অ্যান্ড মিসেস বিস্ট ভেসে যাচ্ছেন শুককামনায়।

সূত্র: পিপল